হোম > বিশ্ব > ইউরোপ

প্রাণশঙ্কার চার দিন পর ঠান্ডা মাথায় খুন হলেন বিশ্বখ্যাত সার্জন

আজকের পত্রিকা ডেস্ক­

স্ত্রী জেনিনের সঙ্গে প্লাস্টিক সার্জন ডা. আলেকজান্ডার আসলানি। ছবি: ডেইলি মেইল

বিলাসবহুল জীবন, তারকাদের আনাগোনা, দামি ফেরারি গাড়ি আর ভূমধ্যসাগরের তীরে প্রাসাদোপম বাড়ি—সবই ছিল তাঁর। কিন্তু প্রাণনাশের আশঙ্কার কথা সহকর্মীদের জানানোর কয়েক দিন পর স্পেনের মারবেলায় নিজ ক্লিনিকেই আততায়ীর গুলিতে প্রাণ হারালেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্লাস্টিক সার্জন ডা. আলেকজান্ডার আসলানি। এই হত্যাকাণ্ডের ঘটনায় ১৮ বছর বয়সী এক সুইডিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এবং সম্ভাব্য নেপথ্য ও উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে।

রোববার (১৮ অক্টোবর) ডেইলি মেইল জানায়, ৫৭ বছর বয়সী আসলানি গত ৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে স্পেনের কোস্টা দেল সোল অঞ্চলের মারবেলায় তাঁর সার্কুমেড ক্লিনিকে খুন হন। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, কালো পোশাক ও হেলমেট পরা এক বন্দুকধারী ক্লিনিকে ঢুকে সরাসরি তাঁর কক্ষে গিয়ে গুলি চালায়। এ সময় সেখানে রোগী, কর্মী ও তাঁর স্ত্রী জেনিন সেখানে উপস্থিত ছিলেন। পুলিশের সূত্রের দাবি, আসলানির শরীরে চারটি গুলি লাগে। শেষ গুলিটি খুব কাছ থেকে তাঁর মুখে করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হত্যাকাণ্ডের পর তাঁর স্ত্রীকে ক্লিনিক থেকে চিৎকার করতে করতে বেরিয়ে আসতে দেখা যায়। তিনি বলছিলেন, ‘ওরা আমার স্বামীকে মেরে ফেলেছে।’

হত্যার আগে প্রাণনাশের আশঙ্কা

জার্মানিতে জন্ম নেওয়া আসলানি ৩০ বছরের বেশি কর্মজীবনে সাত হাজারেরও বেশি অস্ত্রোপচার করেছিলেন। শরীরের গঠন পরিবর্তন ও মুখমণ্ডলের অস্ত্রোপচারে বিশেষজ্ঞ এই চিকিৎসকের রোগী ছিলেন ৪০ টিরও বেশি দেশের মানুষ। তাঁর পরিচিত রোগীদের মধ্যে ছিলেন রিয়্যালিটি টিভি তারকা ক্লোয়ি সিমস ও হান্না এলিজাবেথ। কাতারের রাজপরিবারের সদস্যরাও তাঁর ক্লায়েন্ট ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

হত্যার মাত্র তিন দিন আগে বেলজিয়ামের ব্রাসেলসে একটি প্লাস্টিক সার্জারি সম্মেলনে অংশ নিয়েছিলেন আসলানি। সেখানে এক সহকর্মীর কাছে তিনি ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর বাড়ি ও ক্লিনিকে নিরাপত্তাব্যবস্থা এবং নজরদারি ক্যামেরাও ছিল।

পাকিস্তানভিত্তিক প্লাস্টিক সার্জন ফাহাদ মির্জা জানান, হত্যার কয়েক ঘণ্টা আগেও আসলানির সঙ্গে তাঁর কথা হয়েছিল। করাচিতে অনুষ্ঠেয় একটি সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনাও ছিল তাঁদের। সহকর্মীদের কাছে ‘দ্য মাস্টার’ নামে পরিচিত আসলানির মৃত্যুতে আন্তর্জাতিক প্লাস্টিক সার্জারি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সন্দেহভাজন গ্রেপ্তার, উদ্দেশ্য নিয়ে রহস্য

পুলিশের বরাতে ডেইলি মেইল জানিয়েছে, হত্যাকাণ্ডের পর মোটরসাইকেলে পালিয়ে যাওয়া সন্দেহভাজন পরে একটি অডি গাড়িতে ওঠেন। সিসিটিভি ও স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ প্রযুক্তির সহায়তায় তদন্তকারীরা গাড়িটির সূত্র ধরে বেনালমাদেনার একটি ‘এয়ারবিএনবি’ আবাসনে পৌঁছান। সেখানে ভুয়া নামে অবস্থানরত ১৮ বছর বয়সী এক সুইডিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। তাঁকে জামিন ছাড়াই হেফাজতে রাখা হয়েছে। তবে হত্যার নির্দেশদাতা এবং অডি গাড়ির চালকের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তদন্তকারীদের তথ্য অনুযায়ী, গত এপ্রিলে এক অসন্তুষ্ট রোগীর কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ পুলিশকে জানিয়েছিলেন আসলানি। স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের এক ধনী নারী ও তাঁর স্বামী অস্ত্রোপচারের প্রস্তুতি বাবদ দেওয়া ১৭ হাজার পাউন্ড ফেরত চেয়ে চিকিৎসককে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে হত্যাকাণ্ডের সঙ্গে তাঁদের সম্পৃক্ততা এখনো প্রমাণিত হয়নি।

বিতর্কও ছিল কর্মজীবনে

আসলানির পেশাগত জীবন বিতর্কমুক্ত ছিল না। ২০১২ সালে যুক্তরাজ্যের জেনারেল মেডিকেল কাউন্সিল তাঁর চিকিৎসাচর্চার কয়েকটি ক্ষেত্রে ঘাটতি চিহ্নিত করে বিধিনিষেধ আরোপ করেছিল। ২০১৬ সালে তিনি যুক্তরাজ্যে চিকিৎসকের নিবন্ধনও ছেড়ে দেন। এ ছাড়া অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যা নিয়ে মামলা এবং এক রোগীর অভিযোগ ঘিরেও বিতর্ক তৈরি হয়েছিল। তবে মানহানির একটি মামলায় আদালত তাঁর পক্ষেই রায় দেন।

মালাগার মাদকবিরোধী বিভাগের কর্মকর্তা ফার্নান্দো বেনতাবোল স্থানীয় রেডিওতে বলেছেন, কোস্টা দেল সোল অঞ্চলে ভাড়াটে খুনিদের তৎপরতা গুরুতর সমস্যা হয়ে উঠেছে। তাঁর দাবি, সেখানে উত্তর ইউরোপ থেকে লোক এনে অর্থের বিনিময়ে হত্যাকাণ্ড ঘটানোর সংগঠিত নেটওয়ার্ক সক্রিয় রয়েছে।

আসলানির হত্যাকাণ্ডের পেছনে প্রকৃত কারণ, নির্দেশদাতা ও সম্ভাব্য সহযোগীদের পরিচয় জানতে তদন্ত চলছে।

প্রথম বিশ্বযুদ্ধে আহত সৈন্যদের বাঁচাতে গিয়ে নিহত যাজককে সন্ত ঘোষণার উদ্যোগ

ঊর্ধ্বমুখী বাজারে নাকাল: বিক্ষোভ-সহিংসতায় উত্তাল ইউরোপের ৪ দেশ

ফ্রান্সজুড়ে মধ্যরাতব্যাপী ব্যাপক সহিংসতা-সংঘর্ষ, গ্রেপ্তার অন্তত ১২০০

যুদ্ধক্ষেত্রে স্টারলিংক ইন্টারনেট সীমিত, তেলে রাশিয়াকে ছাড়—ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ইউক্রেন

লাগামছাড়া দ্রব্যমূল্যের ক্ষোভে উত্তাল ফ্রান্স

রাশিয়ার হামলায় ইউক্রেনে ৮ জনের মৃত্যু, ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন

ইউক্রেনে স্টারলিংকের ইন্টারনেট সীমিত করার নির্দেশ আসে হোয়াইট হাউস থেকে

যুক্তরাজ্যে ইরান-সংশ্লিষ্ট হত্যার ষড়যন্ত্র, নরওয়ের কিশোরের ২০ বছরের সাজা

বিপজ্জনক দিকে মোড় নিয়েছে আলবেনিয়ার ছাত্র আন্দোলন

যুক্তরাজ্যে কোকেন সেবনের পর অচেতন, দুবাইয়ের রাজবধূ কে এই মাহরাহ