হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের শপিং সেন্টারে রাশিয়ার ড্রোন হামলায় ১৬ জনের মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

ইউক্রেনে দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের ওই শপিং সেন্টারে হামলাটি চালানো হয়। ছবি: সংগৃহীত

ইউক্রেনের একটি শপিং সেন্টারে ‘ডাবল ট্যাপ’ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের ব্যস্ত ওই শপিং সেন্টারে স্থানীয় সময় শুক্রবারে চালানো এ হামলায় ১৬ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছেন। এখনো নয়জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, হামলাটি দুটি ধাপে চালানো হয়েছে। তাঁর ভাষায়, ‘নিন্দনীয় ও ঘৃণ্য’ এ হামলার দ্বিতীয় ধাপে ঘটনাস্থলে থাকা জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করা হয়।

এদিকে শনিবার ভোরে ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার আরও হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। তবে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ইউক্রেনের পরিবহন অবকাঠামো ও গুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে।

শুক্রবার ক্রিভি রিহর শপিং সেন্টারে হামলায় আহতদের মধ্যে ২৩টি শিশু রয়েছে বলে জানিয়েছেন দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেকসান্দর হানঝা। তিনি বলেন, ১৬ জন নিহত হয়েছেন। ২৯ জনের অবস্থা গুরুতর। এতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাতভর ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়েছে উদ্ধারকর্মীরা। জীবিতদের সন্ধানে চার অঞ্চল থেকে জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

একটি ভিডিওতে দেখা গেছে, আগুনে জ্বলতে থাকা শপিং সেন্টারটিতে দ্বিতীয় ড্রোনটি আঘাত হানছে।

এ বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি।

জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহর মেয়র ওলেকসান্দর ভিলকুল বলেন, কয়েকজন নিখোঁজ রয়েছেন, যাঁদের ফোনেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। রুশ ড্রোনগুলো ‘অত্যন্ত কম উচ্চতায়’ উড়ছিল। হামলাকারীদের ‘পশু’ বলে অভিহিত করেন তিনি।

রাতভর উদ্ধার অভিযান চলার সময় ইউক্রেনের রাজধানী কিয়েভের স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতার পর একটি গুদামে আগুন লাগে। এতে একজন নিহত হয়েছেন।

অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝঝিয়ায় রুশ ড্রোন হামলায় অন্তত একজন পুরুষ নিহত ও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ।

শুক্রবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ অঞ্চলে পৃথক রুশ হামলায় তিন শিশুসহ চারজন নিহত হন। এ ছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে আরও দুজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগের দিন বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৭ জন নিহত এবং ৪০ জনের বেশি আহত হন।

শুক্রবারের শুরুতে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, তারা রাশিয়ার অভ্যন্তরে একটি তেল শোধনাগার ও একটি সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার জ্বালানি স্থাপনার পাশাপাশি দেশটির সবচেয়ে বড় অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের গুদামেও হামলা জোরদার করেছে ইউক্রেন। কিয়েভের ভাষ্য, এসব স্থাপনা রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থায়নে সহায়তা করে। তাই এগুলো বৈধ লক্ষ্যবস্তু।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরু করেন। বর্তমানে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে।