হোম > বিশ্ব > ইউরোপ

স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩

আজকের পত্রিকা ডেস্ক­

স্পেনের ইতিহাসে এবারের দাবানলকে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বর্ণনা করা হচ্ছে। ছবি: এএফপি

তীব্র দাবদাহ আর শুষ্ক আবহাওয়ার মধ্যে স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া প্রদেশে এক প্রলয়ংকরী দাবানলের সৃষ্টি হয়েছে। দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে নারী-শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। স্পেনের ইতিহাসে এটিকে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে বর্ণনা করা হচ্ছে।

আজ শুক্রবার আন্দালুসিয়া আঞ্চলিক সরকারের প্রধান হুয়ানমা মোরেনো আনুষ্ঠানিকভাবে এই প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এখনো অন্তত ২৩ জন মানুষ নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সামরিক বাহিনীর বিশেষ দল একযোগে অভিযান চালাচ্ছে।

স্পেনের জরুরি ব্যবস্থাপনা বিভাগ ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, আন্দালুসিয়া প্রদেশের আলমেরিয়া অঞ্চলের জনপ্রিয় পর্যটন এলাকা লস গ্যালার্দোস ও বেদার-সংলগ্ন বনাঞ্চলে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে এই আগুনের সূত্রপাত হয়।

আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগের প্রধান আন্তোনিও সাঞ্জ জানিয়েছেন, নিহত ১২ জনের মধ্যে কেবল একজন স্পেনের নাগরিক, অন্য সবাই বিদেশি পর্যটক। দাবানলটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে ঘর থেকে বের না হয়ে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু ওই নির্দেশনা উপেক্ষা করে তীব্র আতঙ্কে অনেকে নিজেদের ব্যক্তিগত গাড়ি নিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন এবং দুর্ভাগ্যবশত বনের ভেতরের সরু পথগুলোতে আগুনের মুখে আটকা পড়েন।

আন্তোনিও সাঞ্জ আরও জানান, উদ্ধারকর্মীরা বনের ভেতরের একটি পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে একই পরিবারের চারজন ব্রিটিশ নাগরিকের আগুনে পোড়া লাশ উদ্ধার করেছেন। গাড়িটির স্টিয়ারিং হুইল ডান দিকে থাকায় তাঁরা যুক্তরাজ্যের বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া অন্য আটজন গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করলে বনের ভেতর দিগ্ভ্রান্ত হয়ে আগুনে পুড়ে মারা যান। মরদেহগুলো এতটাই পুড়ে গেছে যে, ডিএনএ পরীক্ষা ছাড়া তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

আন্দালুসিয়ার আঞ্চলিক প্রধান হুয়ানমা মোরেনো সাংবাদিকদের বলেন, ‘এই আগুন বারুদের মতো অত্যন্ত দ্রুতগতিতে চারপাশে ছড়িয়ে পড়েছে। আমাদের দেখা সবচেয়ে দ্রুতগামী ও জটিল দাবানলগুলোর মধ্যে এটি অন্যতম।’ তিনি জানান, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে আগুন ৩ হাজার ২০০ হেক্টরের (৭ হাজার ৯০০ একর) বেশি বনভূমি ও ফসলি জমি সম্পূর্ণ গ্রাস করে নিয়েছে। আজ সকাল থেকে বাতাসের গতিবেগ আরও বেড়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। নিখোঁজ ২৩ জনের মধ্যে বেশির ভাগই পাহাড়ি বনাঞ্চলে ঘুরতে যাওয়া হাইকার বা পর্যটক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কারণ, উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি হাইকিং স্টিক উদ্ধার করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, এই পরিস্থিতি ২০১৭ সালের জুনে পর্তুগালের ভয়াবহ দাবানলের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে, যেখানে হিটওয়েভের সময় গাড়ির ভেতরেই পুড়ে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শোক প্রকাশ করে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের তথ্যমতে, জলবায়ু পরিবর্তনের কারণে এ বছর স্পেনে স্বাভাবিক সময়ের অনেক আগেই, অর্থাৎ জুনের শেষভাগ থেকেই দাবানল শুরু হয়ে গেছে। এ পর্যন্ত দেশটিতে প্রায় ৫৭ হাজার হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে, যা সমগ্র ইউরোপীয় ইউনিয়নের মোট পুড়ে যাওয়া এলাকার ৪০ শতাংশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটি ভেঙে হাই-ভোল্টেজ তার ঝোপঝাড়ের ওপর পড়ার কারণেই এই আগুনের সূত্রপাত। পরে তা দুই ঘণ্টার মধ্যে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। বর্তমানে ১৫০ জন ফায়ার ফাইটার ও সামরিক বাহিনীর ২২০ জন বিশেষ সেনা অগ্নিনির্বাপণের কাজে নিয়োজিত রয়েছেন।

যুক্তরাজ্যে ইরান-সংশ্লিষ্ট হত্যার ষড়যন্ত্র, নরওয়ের কিশোরের ২০ বছরের সাজা

বিপজ্জনক দিকে মোড় নিয়েছে আলবেনিয়ার ছাত্র আন্দোলন

যুক্তরাজ্যে কোকেন সেবনের পর অচেতন, দুবাইয়ের রাজবধূ কে এই মাহরাহ

কবুতরের সঙ্গে অভিনয়ে রাজি না হওয়ায় টাইসনের বিরুদ্ধে ১৫ লাখ পাউন্ডের মামলা

ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগে নারাজ প্রধানমন্ত্রী

ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে জেলেনস্কির, রুশ তেল শোধনাগারে আবারও হামলার ঘোষণা

রাতভর রাশিয়ার হামলায় কিয়েভে ৩ জনের মৃত্যু, ৬ লাখ মানুষ বিদ্যুৎহীন

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় জাপানি সাংবাদিক গ্রেপ্তার

ইসরায়েলের কথায় সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স

ড্রোন হামলায় জাহাজডুবির ঘটনায় রাশিয়াকে দায়ী করছে বুলগেরিয়া, রাষ্ট্রদূতকে তলব