হোম > বিশ্ব > ইউরোপ

স্ত্রীকে অচেতন করে অপরিচিতদের নিয়ে ধর্ষণের মহামারি যুক্তরাজ্যে

অনলাইনে ষড়যন্ত্র করে নারীদের ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা এবং যৌন নির্যাতনের একের পর এক ঘটনা সামনে আসছে যুক্তরাজ্যে। এ ধরনের অপরাধ ঠেকাতে জরুরি সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও বিশেষজ্ঞরা।

আজকের পত্রিকা ডেস্ক­

অচেতন অবস্থায় স্বামী ও অপরিচিত পুরুষদের দ্বারা ধর্ষণের শিকার জোয়ান (বাঁয়ে) ও লরা। ছবি: এএফপি

২০২১ সালে লরা বিশপ জানতে পারেন, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে তাঁকে ওষুধ খাইয়ে অচেতন করে ধর্ষণ করছেন। শুধু তা-ই নয়, অচেতন অবস্থায় তাঁকে ধর্ষণের জন্য অপরিচিত পুরুষদেরও বাড়িতে আমন্ত্রণ জানাতেন স্বামী। শুরুতে লরা ভেবেছিলেন, এমন ঘটনা সম্ভবত তাঁর সঙ্গেই ঘটেছে। কারণ, সে সময় এ ধরনের অপরাধ নিয়ে সংবাদমাধ্যমে তেমন কোনো খবর প্রকাশিত হয়নি।

কিন্তু পাঁচ বছর পর যুক্তরাজ্যের আদালতে একই ধরনের একের পর এক ঘটনা সামনে আসায় এবার নিজের ধারণা বদলেছে লরার। এখন তিনি বলছেন, অনলাইনে যোগাযোগ করে নারীদের অচেতন করে যৌন নির্যাতনের ঘটনা দেশটিতে ‘মহামারি’ আকার ধারণ করেছে। এই অপরাধ প্রতিরোধে সরকারের জরুরি পদক্ষেপ দাবি করেছেন তিনি।

ফরাসি নাগরিক ডমিনিক পেলিকটের মামলার সঙ্গে এ ধরনের অপরাধের মিল রয়েছে। ২০২৪ সালে ফ্রান্সের আদালতে প্রমাণিত হয়, পেলিকট নিজের স্ত্রী জিজেলকে অচেতন করে ধর্ষণের জন্য কয়েক ডজন পুরুষকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

যুক্তরাজ্যেও সম্প্রতি এমন কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছে। চলতি মাসেই দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফিলিপ ইয়ংয়ের সঙ্গে তাঁর তৎকালীন স্ত্রী জোয়ানকে সাত বছর ধরে অচেতন অবস্থায় যৌন নির্যাতনে অংশ নেওয়ার দায়ে চারজন পুরুষ দোষী সাব্যস্ত হয়েছেন।

ম্যানচেস্টারে বর্তমানে ৯ জন পুরুষের বিরুদ্ধে আরও এক নারীর ওপর যৌন নির্যাতনের অভিযোগে বিচার চলছে। অভিযোগ, ওই নারীর স্বামী দুই দশকের বেশি সময় ধরে তাঁকে ওষুধ খাইয়ে অচেতন করে ধর্ষণ করতেন এবং অন্যদেরও এতে যুক্ত করতেন। এ বছর লন্ডন ও মধ্য ইংল্যান্ডের নর্দাম্পটনেও একই ধরনের দুটি ঘটনায় অন্য পুরুষেরা অপরাধ স্বীকার করেছেন। নর্দাম্পটনের ঘটনায় গত বৃহস্পতিবার এক ব্যক্তিকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) জানিয়েছে, অনলাইন ফোরামগুলোতে এ ধরনের অপরাধের বিস্তার তদন্তকারীদেরও বিস্মিত করেছে। একটি ফোরাম ঘিরে তদন্তে ২৭০ জনের বেশি ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর সূত্র ধরে যুক্তরাজ্য ও বিদেশে অন্তত ১৪টি পৃথক তদন্ত শুরু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই অপরাধের বড় অংশই অপ্রকাশিত থেকে যাচ্ছে। ইংল্যান্ড ও ওয়েলসের বার্ষিক অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, সর্বশেষ যৌন নির্যাতনের সময় প্রায় চার ভাগের এক ভাগ ভুক্তভোগী অচেতন বা ঘুমন্ত ছিলেন।

এদিকে লরার সাবেক স্বামী ড্যানিয়েলকে ২০২২ সালে ১৪ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়। লরাকে অচেতন করতে তিনি পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ ও জিএইচবি-যুক্ত রাসায়নিক মেশাতেন। কারাগার থেকে ফোনে ড্যানিয়েল স্বীকার করেন, অন্তত সাতজন অপরিচিত পুরুষকে তিনি লরাকে নির্যাতনের জন্য বাড়িতে ডেকেছিলেন। তবে তাঁদের কাউকে এখনো শনাক্ত করা যায়নি।

লরার অভিযোগ, প্রযুক্তির সহায়তায় তাঁর স্বামীর অপরাধ সংঘটন সহজ হয়েছিল। ওষুধ সংগ্রহ, অপরাধের কৌশল শেখা, সহযোগী খুঁজে বের করা ও অনলাইনে নির্যাতনের দৃশ্য সরাসরি সম্প্রচার—সব ক্ষেত্রেই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

এদিকে ভুক্তভোগী জো ওয়াটস ‘#EndEyeCheck’ নামে প্রচারাভিযান শুরু করেছেন। অপরাধীরা অচেতন নারীদের ছবি বা ভিডিও অনলাইনে প্রকাশের সময় তাঁদের সম্পূর্ণ অচেতন থাকার প্রমাণ হিসেবে ‘আইচেক’ শব্দটি ব্যবহার করে।

লরার ভাষায়, এটি এখন আন্তর্জাতিক জরুরি পরিস্থিতি। তাঁর আশঙ্কা, প্রযুক্তির মাধ্যমে ছড়িয়ে পড়া এই অপরাধের প্রকৃত ভয়াবহতা এখনো পুরোপুরি বুঝতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।