জার্মানিতে নিজেদের কারখানায় নতুন করে আর কোনো বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ-বেঞ্জ। একই সঙ্গে ব্যয় সংকোচনের অংশ হিসেবে দেশটিতে কয়েকটি কারখানা বন্ধ এবং কর্মসংস্থান অন্য দেশে সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে প্রতিষ্ঠানটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে গাড়ি বিক্রি ও মুনাফা কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। আজ মঙ্গলবার প্রতিষ্ঠানটির উৎপাদন বিভাগের পরিচালক মাইকেল শিবে কর্মীদের জানান, জার্মানিতে অবস্থিত কোম্পানির কারখানা ও অন্যান্য স্থাপনায় ভবিষ্যতের সব ধরনের বিনিয়োগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাহী বোর্ড।
কোম্পানিটির কর্মী বাহিনীবিষয়ক প্রধান ব্রিটা সিগার বলেন, জার্মানিতে কোন কোন উৎপাদনকেন্দ্র পরিচালনার ব্যয় বহন করা সম্ভব, তা বিস্তারিতভাবে পর্যালোচনা করবে কর্তৃপক্ষ।
ব্যয় সংকোচনের পরিকল্পনা নিয়ে মার্সিডিজের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিক ইউনিয়ন আইজি মেটালের (IG Metall) মধ্যে বিরোধের মধ্যেই এ ঘোষণা এল। কয়েক মাস ধরে কর্মীদের একই বেতনে সপ্তাহে ৩৫ ঘণ্টার পরিবর্তে কমপক্ষে ৩৮ ঘণ্টা কাজ করানোর পরিকল্পনা করছে কোম্পানিটি। তবে এ প্রস্তাবের বিরোধিতা করছে শ্রমিক ইউনিয়ন। ব্রিটা সিগার বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সমঝোতার পথ দেখা যাচ্ছে না। সমঝোতা না হলে কোম্পানিকে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে হবে বলেও সতর্ক করেন তিনি।
জার্মান সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, কর্মসপ্তাহের সময় বাড়ানো এবং ছুটির বোনাস কমানোর মতো পদক্ষেপের মাধ্যমে মোট ৮০ কোটি ইউরো সাশ্রয়ের পরিকল্পনা করছে মার্সিডিজ। জার্মানিতে উৎপাদনশীলতা না বাড়ালে এবং ব্যয় কমাতে না পারলে সেখানে আর বিনিয়োগ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন সিগার।
চীনে গাড়ি বিক্রি কমে যাওয়া, ইউরোপের বাজারে চীনা গাড়ির সঙ্গে প্রতিযোগিতা এবং যুক্তরাষ্ট্রের শুল্কের চাপের কারণে সংকট আরও গভীর হয়েছে মার্সিডিজের। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চীনে কোম্পানিটির গাড়ি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ শতাংশ কমেছে। চীনা ক্রেতাদের একাংশ গাড়ি কেনায় ব্যয় কমিয়েছেন, অন্যদিকে অনেকে তুলনামূলক সস্তা স্থানীয় ব্র্যান্ডের গাড়ির দিকে ঝুঁকছেন।
জার্মানির আরেক দুই বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন (ভিডব্লিউ) ও বিএমডব্লিউও একই ধরনের সংকটের মুখে রয়েছে। ইউরোপের বাজারে কম দামের চীনা গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রে শুল্কের চাপ সামলাতে হচ্ছে জার্মান গাড়ি নির্মাতাদের। গত মাসে ২০২৬ সালের জন্য মুনাফার মার্জিনের পূর্বাভাস দুই শতাংশীয় পয়েন্ট কমিয়ে ২ থেকে ৩ শতাংশে নামিয়েছে মার্সিডিজ। একই সঙ্গে কোম্পানিটি জানিয়েছে, তাদের আয় অপরিবর্তিত থাকতে পারে।
জার্মানিতে মার্সিডিজের কর্মীর সংখ্যা প্রায় ১ লাখ ৮ হাজার, যা কোম্পানিটির বৈশ্বিক মোট কর্মীর প্রায় দুই-তৃতীয়াংশ। দেশটিতে প্রতিষ্ঠানটির ১১টি কারখানা রয়েছে। এ ছাড়া চীন, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, স্পেন ও দক্ষিণ আফ্রিকায়ও তাদের উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম রয়েছে।
জার্মানিতে মার্সিডিজের কয়েকটি কারখানার বয়স ১০০ বছরের বেশি। তবে এসব কারখানা বন্ধ করে উৎপাদন পূর্ব ইউরোপের দেশগুলোতে সরিয়ে নেওয়া হতে পারে বলে আশঙ্কা করছেন কর্মীরা। চলতি বছর হাঙ্গেরির কেচকেমেটে অবস্থিত মার্সিডিজের কারখানাটি প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় উৎপাদনকেন্দ্রে পরিণত হয়েছে।
মাইকেল শিবে বলেন, জার্মানিতে উৎপাদন খাতে প্রতি ঘণ্টার শ্রমব্যয় পূর্ব ইউরোপের উৎপাদনকেন্দ্রগুলোর তুলনায় কখনো কখনো পাঁচ গুণ পর্যন্ত বেশি।
এদিকে, ভক্সওয়াগেন গত সেপ্টেম্বরে তাদের পরিকল্পিত কর্মী ছাঁটাইয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করে ১ লাখে উন্নীত করেছে। পাশাপাশি জার্মানিতে তাদের চারটি কারখানার ভবিষ্যৎ নিয়েও পর্যালোচনা করছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, গত সপ্তাহে বিএমডব্লিউ জানিয়েছে, চলতি প্রান্তিকে তাদের কর-পূর্ব মুনাফা ১১ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটি আট হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনাও জানিয়েছে।