হোম > বিশ্ব > ইউরোপ

হ্যাকারদের কবলে ফ্রিজ, ফ্রান্সের শতাধিক সুপারমার্কেটে বিপুল খাবার নষ্ট-অগ্নিকাণ্ড

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

ফ্রান্সের কয়েক শ সুপারমার্কেটে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। মার্কেটগুলোতে থাকা ফ্রিজগুলোতে এই হামলা চালানো হয়েছিল বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা গেছে। রাতারাতি অনেক ফ্রিজের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়িয়ে দেওয়ায় কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বিপুল পরিমাণ খাবার নষ্ট হয়েছে।

সোমবার প্যারিসের সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, এই সাইবার হামলায় ফ্রান্সের বেশ কয়েকটি বড় খাদ্যপণ্য বিক্রেতা প্রতিষ্ঠানের ফ্রিজ আক্রান্ত হয়েছে। এতে খাবার নষ্ট হওয়া ও অগ্নিকাণ্ডের মতো ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে বলেও জানানো হয়।

ইন্টারমার্শে সুপারমার্কেটের মালিক প্রতিষ্ঠান লে মুস্কেতের জানিয়েছে, তাদের প্রায় ১৫০টি দোকান এই হামলার শিকার হয়েছে। এসব দোকানের ফ্রিজের তাপমাত্রা ছয় ঘণ্টা ধরে বাড়িয়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত করা হয়েছিল। স্বাস্থ্যঝুঁকি এড়াতে সব খাবার ফেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র।

সুপারমার্কেট পরিচালনাকারী প্রতিষ্ঠান কো-অপারেটিভ ইউর প্রধান নির্বাহী কর্মকর্তা দমিনিক শেলশের জানিয়েছেন, তাঁদের প্রতিষ্ঠানও এই হামলার শিকার হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘তাজা পণ্য সংরক্ষণ এবং ফরাসি জনগণের খাদ্য সরবরাহের জন্য অত্যাবশ্যকীয় যন্ত্রপাতিকে লক্ষ্যবস্তু করা অত্যন্ত গুরুতর ঘটনা এবং এমন ঘটনা নজিরবিহীন।’

ক্যারেফুর, মোনোপ্রি ও অশঁসহ আরও কয়েকটি সুপারমার্কেট চেইন এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভির খবরে বলা হয়েছে, দেশটির বৃহত্তম সুপারমার্কেট চেইন ই লেক্লেরও এই হামলায় আক্রান্ত হয়েছে। হ্যাকাররা দূর থেকে বেশ কয়েকটি দোকানের শীতলীকরণ ব্যবস্থায় জোর করে বরফ গলানোর প্রক্রিয়া চালু করতে সক্ষম হয়েছিলেন। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ই লেক্লের।

হামলা শুধু ফ্রান্সেই সীমাবদ্ধ ছিল কি না, তা স্পষ্ট নয়। নেদারল্যান্ডসভিত্তিক সুপারমার্কেট প্রতিষ্ঠান আহোল্ড ডেলহেইজ জানিয়েছে, তাদের নেটওয়ার্কেও একটি ‘নিরাপত্তাজনিত সমস্যা’ দেখা দিয়েছে। সুরক্ষার স্বার্থে তারা কয়েকটি সিস্টেম বন্ধ করে দিয়েছে।

নেদারল্যান্ডসের বৃহত্তম সুপারমার্কেট চেইন আলবার্ট হেইনের দোকানগুলো নেদারল্যান্ডস ও বেলজিয়ামে খোলা ছিল। তবে প্রতিষ্ঠানটির অনলাইন অ্যাপ ও পণ্য সরবরাহব্যবস্থা অচল হয়ে পড়ে। পাশাপাশি, ইলেকট্রনিক মূল্যতালিকায় প্রায়ই ভুল তথ্য দেখানো হচ্ছিল।

ফ্রান্সের সুপারমার্কেটগুলোতে চালানো সাইবার হামলার সঙ্গে আহোল্ড ডেলহেইজের নেটওয়ার্কে দেখা দেওয়া সমস্যার কোনো যোগসূত্র আছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বেলজিয়ামের সংবাদমাধ্যম জানিয়েছে, আহোল্ড ডেলহেইজের আরেকটি ব্র্যান্ড ডেলহেইজের সুপারমার্কেটগুলোও নিরাপত্তাজনিত সমস্যায় আক্রান্ত হয়েছে। ব্র্যান্ডটি বেলজিয়াম ও লুক্সেমবার্গে কার্যক্রম পরিচালনা করে।

ফ্রান্সের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা এএনএসএসআইকে (আনসি) হামলার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

ওই কর্মকর্তা আরও বলেন, ফ্রান্স ইউরোপের অন্য দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। কারণ, অন্য দেশগুলোও এই হামলায় আক্রান্ত হয়ে থাকতে পারে। এ ছাড়া ফ্রান্সের অন্য কোনো প্রতিষ্ঠান ঝুঁকির মুখে রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

প্রধানমন্ত্রী লেকর্নুর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ডেনমার্কের প্রতিষ্ঠান ড্যানফসের সরবরাহ করা একটি সফটওয়্যারে দুর্বলতা শনাক্ত করেছে এএনএসএসআই।

ড্যানফস জানিয়েছে, ফ্রান্সে তাদের শীতলীকরণ ব্যবস্থা পরিচালনার সফটওয়্যারে কিছু ঘটনা ঘটেছে, যা সীমিতসংখ্যক ব্যবস্থাকে প্রভাবিত করেছে। আক্রান্ত যন্ত্রগুলোতে সফটওয়্যারের পুরোনো ফার্মওয়্যার সংস্করণ ব্যবহার করা হচ্ছিল বলে জানায় প্রতিষ্ঠানটি।

ড্যানফসের ভাষ্য, সমর্থন পাওয়া যায় এমন সিস্টেমগুলোতে সর্বশেষ ফার্মওয়্যার হালনাগাদ করার এবং পুরোনো সিস্টেমের বদলে বর্তমান প্রজন্মের সমাধান ব্যবহারের পরামর্শ তারা দীর্ঘদিন ধরেই গ্রাহকদের দিয়ে আসছে।

ইউরোপের বিভিন্ন খাতে সাইবার হামলার মাধ্যমে ক্ষতিকর ব্যক্তি বা গোষ্ঠীগুলোর ব্যাপক বিপর্যয় সৃষ্টির সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে জোরালো সমর্থন দিয়ে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। গত মাসে তিনি রাশিয়ার ‘হাইব্রিড হামলা’ থেকে ফ্রান্সের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।