হোম > বিশ্ব > ইউরোপ

ইসরায়েল নিয়ে অবস্থানের কারণে জার্মান রাজনীতিককে বহিষ্কার করল দল

আজকের পত্রিকা ডেস্ক­

ভেনেসা এমডে। ছবি: এএফপি

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে কঠোর ইসরায়েলবিরোধী অবস্থানের কারণে জার্মানির বামপন্থী রাজনৈতিক দল ডি লিংকে থেকে বহিষ্কৃত হয়েছেন রাজনীতিক ভেনেসা এমডে। বার্লিনে স্থানীয় সরকার গঠনের জন্য অন্য দলগুলোর সঙ্গে জোট আলোচনা চলার মধ্যে তাঁর অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বুধবার (২৫ নভেম্বর) মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানায়, ভেনেসা এমডে বার্লিনের নইক্যোলন এলাকার ডি লিংকের স্থানীয় প্রতিনিধি ছিলেন। গত সেপ্টেম্বরে বার্লিনের স্থানীয় নির্বাচনে সবচেয়ে বেশি আসন পায় দলটি। এরপর মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি) ও গ্রিন পার্টির সঙ্গে জোট সরকার গঠনের আলোচনা শুরু করে তারা। দলের সহসভাপতি এলিফ এরাল্প বার্লিনের গভর্নিং মেয়র পদে প্রার্থী হয়েছেন।

দলটির এক প্রতিনিধির বরাতে জানা গেছে, এমডেকে বহিষ্কারের পক্ষে ভোট দিয়েছেন পার্লামেন্টারি গ্রুপের দুই-তৃতীয়াংশের বেশি সদস্য। দলের নেতৃত্বই বহিষ্কারের প্রস্তাব উত্থাপন করেছিল।

ডি লিংকের নেতা টোবিয়াস শুলৎসে বলেন, এমডের সঙ্গে দলের মতপার্থক্য এমন পর্যায়ে পৌঁছেছে, যা আর সমাধান করা সম্ভব নয়। তিনি বলেন, ‘আমরা হালকাভাবে এই সিদ্ধান্ত নিইনি। অনেক সদস্যের কাছেই পদক্ষেপটি কঠিন মনে হয়েছে, তবে তাঁরা এটিকে প্রয়োজনীয় বলেও মনে করেছেন।’

এমডে এর আগে ইহুদিবিদ্বেষবিরোধী অবস্থান এবং ইহুদি সম্প্রদায়ের সুরক্ষা নিয়ে দলের সংসদীয় গ্রুপের একটি বিবৃতিতে স্বাক্ষর করেছিলেন। তবে কিছুদিন পরই তিনি সেই অবস্থান থেকে নিজেকে দূরে সরিয়ে নেন।

তাঁর বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বার্লিনে এসপিডির দুই নেতা স্টেফেন ক্রাখ ও বেটিনা কনিগ। তাঁরা বলেছেন, এমডের অবস্থান জোটের আলোচনা জটিল করে তুলেছিল। জোট চুক্তিতে ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়াই এবং ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার অন্তর্ভুক্ত করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এমডে বলেছিলেন, জায়নবাদবিরোধিতা একটি বৈধ রাজনৈতিক দাবি এবং একে অপরাধ হিসেবে গণ্য করা উচিত নয়। তাঁর মতে, রাষ্ট্রের অস্তিত্বের অধিকার নেই, মানুষের অস্তিত্বের অধিকার রয়েছে। জাতিগত বা ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করে একটি গণতান্ত্রিক এক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিও বৈধ।

এ ছাড়া ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে গণহত্যায় জার্মানির সম্পৃক্ততার অভিযোগ এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ওপর পুলিশি দমন-পীড়নের সমালোচনা করেছিলেন তিনি।

এমডেকে বহিষ্কারের দাবিতে অন্য দলগুলোর চাপের মুখে ডি লিংকের অভ্যন্তরে প্রকাশ্য বিতর্ক শুরু হয়। তবে স্থানীয় সমাজতান্ত্রিক সংগঠনগুলোর একটি অংশ তাঁর পক্ষে অবস্থান নেয়।