হোম > বিশ্ব > ইউরোপ

ফ্রান্সে সংগীত প্রযোজককে মারধর, ছয় বছর পর তিন পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

আজকের পত্রিকা ডেস্ক­

আদালতে বিচার চলাকালে তিন পুলিশ কর্মকর্তার প্রতীকী ছবি। ছবি: এএফপি

ছয় বছর আগে ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সংগীত প্রযোজককে মারধরের ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। প্রযোজককে গ্রেপ্তারের সময় সহিংসভাবে বাধা দেওয়ার অভিযোগ তুলে মিথ্যা পুলিশ প্রতিবেদন তৈরি করার প্রমাণ মিলেছে ওই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, আদালত ঘটনাটিতে ‘বর্ণবাদী’ উদ্দেশ্যকে গুরুতর অপরাধের একটি বাড়তি কারণ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

৪৭ বছর বয়সী ওই সংগীত প্রযোজকের নাম মিশেল জেকলার। তাঁর রেকর্ডিং স্টুডিওতে থাকা সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনার দৃশ্য ধারণ করা হয়েছিল। সেই ফুটেজেই পুলিশের মিথ্যাচার ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, জেকলার খুব একটা প্রতিরোধ না করলেও তাঁকে প্রায় ৩০ বার ঘুষি, লাথি ও লাঠি দিয়ে আঘাত করা হয়।

দণ্ডপ্রাপ্ত তিন পুলিশ কর্মকর্তা হলেন ২৯ বছর বয়সী অরেলিয়েন লাপেরসন, ৫০ বছর বয়সী ফিলিপ টঁদো ও ৩৭ বছর বয়সী পিয়ের প্লঁতিয়ে। প্রত্যেককে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁরা আর কখনো পুলিশ বাহিনীতে চাকরি করতে পারবেন না বলেও ঘোষণা করা হয়েছে।

তবে তাঁদের সাজার বিভিন্ন মেয়াদ স্থগিত করা হয়েছে। লাপেরসনের তিন বছরের সাজা স্থগিত করা হয়েছে। টঁদোর সাড়ে তিন বছরের সাজা স্থগিত করা হয়েছে। আর প্লঁতিয়ের চার বছরের সাজা স্থগিত হয়েছে। তাঁকে এক বছর গোড়ালিতে নজরদারি যন্ত্র পরে সাজা ভোগ করতে হবে।

এ ঘটনা পুলিশ বাহিনীর মধ্যে প্রাতিষ্ঠানিক বর্ণবাদের বিষয়টি সামনে এনেছে। সাম্প্রতিক বিক্ষোভ দমনের সময় অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে আবারও পুলিশের সমালোচনা হচ্ছে। এ পরিস্থিতিতে আদালতের রায়ের অপেক্ষায় ছিলেন জেকলারের সমর্থকেরা।

দুই সপ্তাহের বিচার চলাকালে জেকলারের নিজের সাক্ষ্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আদালতকে বলেছিলেন, মারধরের সময় পুলিশ কর্মকর্তারা তাঁকে ‘বর্ণবাদী’ গালি দিয়েছিলেন।

তবে তিন পুলিশ কর্মকর্তা এ অভিযোগ অস্বীকার করেন। তবে আদালতে তাঁরা মারধর এবং মিথ্যা প্রতিবেদন তৈরির কথা স্বীকার করেন। কিন্তু তাঁদের দাবি, এ ঘটনার পেছনে বর্ণবাদী কোনো উদ্দেশ্য ছিল না। আদালত অবশ্য জেকলারের বক্তব্যকেই গ্রহণ করেন। কারণ, পুলিশের বিপরীতে তাঁর বক্তব্যের অন্য সব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়েছিল।

পাঁচ বিচারকের আদালত বর্ণবাদী উদ্দেশ্যের বিষয়টি মেনে নেওয়ায় তিন কর্মকর্তার সাজা কঠোর করা হয়েছে।

২০২০ সালে করোনাভাইরাস মহামারির সময় লকডাউন চলাকালে এ ঘটনা ঘটে। তখন বাইরে বের হলে মাস্ক পরা বাধ্যতামূলক ছিল। নিজের স্টুডিওর দিকে হেঁটে যাওয়ার সময় মাস্ক না পরার অভিযোগে পুলিশ কর্মকর্তারা জেকলারকে থামান।

পরে কর্মকর্তারা দাবি করেন, জেকলারের আচরণ তাঁদের সন্দেহের উদ্রেক করেছিল। তাঁরা ভেবেছিলেন, তাঁর কাছে মাদক থাকতে পারে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

জেকলার একটি ভবনের প্রবেশপথে ঢোকার পর পুলিশ কর্মকর্তারা কোনো পরোয়ানা ছাড়াই তাঁর পিছু নেন এবং তাঁকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। জেকলার বাইরে যেতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয়। এ সময় তিনি সাহায্যের জন্য চিৎকার করেন। ভবনের বেসমেন্ট থেকে কয়েকজন বেরিয়ে এসে পুলিশ কর্মকর্তাদের বাইরে ঠেলে দেন।

এরপর পুলিশ সদস্যরা ভবনের একটি কাচের প্যানেল ভেঙে ভেতরে কাঁদানে গ্যাসের গ্রেনেড ছোড়েন। এতে ভেতরে থাকা লোকজন বাইরে বেরিয়ে আসতে বাধ্য হন। বাইরে আসার পর জেকলারকে আবারও মারধর করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিচার চলাকালে জেকলার বলেন, সিসিটিভির ভিডিও না থাকলে আজ তিনি আদালতে ভুক্তভোগী হিসেবে নয়, বরং সম্ভাব্য অপরাধী হিসেবে হাজির হতেন।

আদালতে শেষ বক্তব্য দেওয়ার সময় তিন পুলিশ কর্মকর্তাই তাঁদের কৃতকর্মের জন্য ক্ষমা চান। টঁদো বলেন, ‘পুলিশ সম্পর্কে আমি যে ভাবমূর্তি তৈরি করেছি, তার জন্য আমি দুঃখিত।’