ইউরোপে রাশিয়ার নাশকতামূলক কর্মকাণ্ড ক্রমেই বাড়ছে। দেশটির গোয়েন্দা সংস্থা ও তাদের সহযোগীরা ইউরোপের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। এমনকি কোনো হামলার ভুল হিসাব থেকে ইউরোপ ও রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে। আন্তর্জাতিক কৌশলগত গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস) এক প্রতিবেদনে এ সতর্কবার্তা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রতি ইউরোপের সমর্থন দুর্বল করতে রুশ গোয়েন্দা সংস্থা ও তাদের সহযোগীরা ইউরোপের বিভিন্ন দেশের রেলপথ, জ্বালানি নেটওয়ার্ক এবং প্রতিরক্ষাশিল্পে নাশকতা চালাচ্ছে। গত ১২ মাসে রুশ নাশকতামূলক কর্মকাণ্ড ১৬ শতাংশ বেড়েছে। একই সময়ে অগ্নিসংযোগ ও বিস্ফোরক ব্যবহারের ঘটনা দ্বিগুণ হয়েছে।
আইআইএসএসের প্রতিবেদনে বলা হয়, এখনো অধিকাংশ নাশকতামূলক কর্মকাণ্ডে তুলনামূলক কম দক্ষ ব্যক্তিদের ব্যবহার করা হচ্ছে। তবে দক্ষতার দিক থেকে এগিয়ে থাকা একটি গোষ্ঠী আরও জটিল পদ্ধতিতে হামলা চালাচ্ছে। তারা সময় নির্ধারণ ও দূর থেকে বিস্ফোরণ ঘটানোর ব্যবস্থাসহ হাতে তৈরি বিস্ফোরক ব্যবহার করছে। এতে বড় ধরনের প্রাণহানির ঝুঁকি বাড়ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনকে সামরিক ও অন্যান্য সহায়তা সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হওয়ায় জার্মানি ও পোল্যান্ড রুশ নাশকতার প্রধান লক্ষ্যবস্তু। শুধু গত এক বছরেই গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলার সংখ্যা মোট ঘটনার অর্ধেকের বেশি।
২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পোল্যান্ডে মস্কোর সঙ্গে সংশ্লিষ্ট ২৯টি নাশকতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ২০২৫ সালের নভেম্বরে ইউক্রেনে সরবরাহ পাঠানোর কাজে ব্যবহৃত একটি রেলপথে বিস্ফোরক হামলার ঘটনাও রয়েছে।
জার্মানির লাইপজিগে গত ৪ আগস্ট বিস্ফোরকবোঝাই একটি ড্রোন ইউক্রেনের সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত আন্তোনভ কার্গো বিমানের কাছে পাওয়া যায়।
তদন্তকারীদের ধারণা, এর কিছুক্ষণ পর দ্বিতীয় একটি ড্রোনের সঙ্গে ডিএইচএলের একটি কার্গো বিমানের সংঘর্ষ হয়ে থাকতে পারে।
আইআইএসএস বলেছে, ইউরোপের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো বিচ্ছিন্ন জাতীয় উদ্যোগের পরিবর্তে সমন্বিত নিরাপত্তা কৌশল গড়ে তোলা। বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটলে পাল্টাব্যবস্থা নেওয়ার দাবি উঠতে পারে, যা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে মতবিরোধ বাড়াবে।
এদিকে ইউরোপজুড়ে ড্রোন, সাইবার হামলা, অগ্নিসংযোগ ও বিস্ফোরণের পেছনে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগ মস্কো বরাবরই প্রত্যাখ্যান করে আসছে।