জাতীয় নির্বাচনে মাত্র এক আসনের জন্য সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেল না নিউজিল্যান্ডের ক্ষমতাসীন জোট। সরকার টিকিয়ে রাখতে সাত আসন পাওয়া মধ্যপন্থী অপরচুনিটি পার্টির সমর্থন চাইতে পারে তারা। তা না হলে দেশটিতে আবারও নির্বাচন হতে পারে।
প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের নেতৃত্বাধীন ন্যাশনাল পার্টি নির্বাচনে পেয়েছে ৪০টি আসন। তাদের জোটসঙ্গী এসিটি পেয়েছে ১৩টি এবং নিউজিল্যান্ড ফার্স্ট পেয়েছে ১২টি আসন।
সব মিলিয়ে ক্ষমতাসীন জোটের আসনসংখ্যা ৬৫। ১৩০ আসনের সংসদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬৬টি।
অন্যদিকে, লেবার পার্টি পেয়েছে ৩৬টি আসন, গ্রিন পার্টি ১৭টি এবং মাওরি জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী তে পাতি মাওরি পেয়েছে পাঁচটি আসন। আর অপরচুনিটি পার্টির ঝুলিতে রয়েছে সাতটি আসন।
আজ শুক্রবার প্রকাশিত চূড়ান্ত সরকারি ফলাফলে নির্বাচনের এই চিত্র উঠে এসেছে। গত ৭ নভেম্বর ভোটগ্রহণের পর প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন জোটের এগিয়ে থাকার আভাস পাওয়া গিয়েছিল।
তবে বিশেষ ভোট গণনার পর সেই হিসাব বদলে যায়। এসব ভোট সাধারণত বামপন্থী দলগুলোর পক্ষে বেশি যায়। ফলে প্রাথমিক ফলাফলে এগিয়ে থাকলেও চূড়ান্ত গণনায় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি ক্ষমতাসীন জোট।
সরকার গঠনে ক্ষমতাসীন জোটকে সহযোগিতার বিষয়ে অপরচুনিটি পার্টির নেত্রী কিউলাই ওং জানিয়েছেন, তাঁরা ন্যাশনাল পার্টির সঙ্গে আলোচনা করবেন। তবে অন্য সম্ভাবনাও খোলা রাখছেন তাঁরা।
প্রধানমন্ত্রী লুক্সন বলেছেন, আলোচনা কঠিন হতে পারে এবং এ জন্য সময় লাগবে। তাঁর ভাষায়, তাড়াহুড়া করে কোনো দুর্বল সমঝোতায় পৌঁছানো কিংবা জনগণকে আবার নির্বাচনের মুখে ঠেলে দেওয়া—কোনোটিই কাম্য নয়।
অন্যদিকে, লেবার পার্টির নেতা ক্রিস হিপকিন্স বলেছেন, তাঁর দল অসাধারণ নির্বাচনী প্রচার চালিয়েছে। তবে জনপ্রিয় ভোটে এগিয়ে থাকলেও সরকার গঠনের মতো আসনসংখ্যা না থাকায় তাঁদের দর-কষাকষির সুযোগ সীমিত। তাঁর মতে, এবারের নির্বাচনে স্থিতাবস্থার চেয়ে পরিবর্তনের পক্ষেই বেশি মানুষ ভোট দিয়েছেন।
নির্বাচনে দুই পক্ষের লড়াইয়ের পেছনে বড় ভূমিকা রাখছে অর্থনৈতিক পরিস্থিতি। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, উচ্চ বেকারত্ব এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থার সংকট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক ভোটার।
ন্যাশনাল পার্টি নির্বাচনী প্রচারে কর কমানো, জ্বালানির দাম হ্রাস, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়ানো এবং প্রতিরক্ষা খাতে বেশি গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কয়েকজন ভোটার তাঁদের হতাশার কথা তুলে ধরেছেন। ২১ বছর বয়সী ইমোজেন ভ্লুটগার বলেন, মানুষের মধ্যে একধরনের উদাসীনতা ও ভীতি কাজ করছে। আবার ৪০ বছর বয়সী এক ব্যক্তি জানিয়েছেন, কোনো দলকেই পছন্দ না হওয়ায় তিনি ভোট দেননি।
এর সঙ্গে যুক্ত হয়েছে দেশ ছাড়ার প্রবণতা। রেকর্ডসংখ্যক নিউজিল্যান্ডের নাগরিক দেশ ছেড়ে যাচ্ছেন। তাঁদের অনেকে পাড়ি জমাচ্ছেন প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ায়। সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেনও দেশ ছেড়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন।
সব মিলিয়ে অর্থনৈতিক অসন্তোষ ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়েছে নিউজিল্যান্ড। এখন নজর অপরচুনিটি পার্টির সিদ্ধান্তের দিকে। তাদের সমর্থনই নির্ধারণ করতে পারে লুক্সন সরকার ক্ষমতায় থাকবে, নাকি আবারও নির্বাচনের পথে হাঁটতে হবে।