হোম > বিশ্ব > ইউরোপ

মরার আগেই ব্রিটিশ রাজার মৃত্যুর সংবাদ প্রচার করল রেডিও স্টেশন

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

ব্রিটেনের একটি রেডিও স্টেশন ভুলবশত ঘোষণা দিয়েছিল, রাজা তৃতীয় চার্লস মারা গেছেন। পরে তারা এ ঘটনায় ‘যেকোনো ধরনের মানসিক কষ্টের জন্য’ ক্ষমা চেয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার বিকেলে এসেক্সে অবস্থিত রেডিও ক্যারোলিনের প্রধান স্টুডিওতে একটি কম্পিউটার ত্রুটির কারণে ভুল এই ঘোষণা সম্প্রচারিত হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, রেডিও স্টেশনের ব্যবস্থাপক পিটার মুর ফেসবুকে লিখেছেন, ‘আমাদের প্রধান স্টুডিওতে কম্পিউটার ত্রুটির কারণে ‘ডেথ অব আ মনার্ক’—প্রক্রিয়াটি অনিচ্ছাকৃতভাবে সক্রিয় হয়ে যায়। যুক্তরাজ্যের সব রেডিও স্টেশনই এই প্রক্রিয়াটি প্রস্তুত অবস্থায় রাখে, যদিও সবাই আশা করে এটি যেন কখনো ব্যবহার করতে না হয়। মঙ্গলবার বিকেলে ভুলবশত ঘোষণা দেওয়া হয় যে মহামান্য রাজা মারা গেছেন।’

তিনি আরও বলেন, ‘এরপর নিয়ম অনুযায়ী রেডিও ক্যারোলাইনের সম্প্রচার বন্ধ হয়ে যায়। সেটি দেখে আমরা দ্রুত সম্প্রচার পুনরায় চালু করি এবং অন-এয়ার ক্ষমা প্রার্থনা জানাই। রেডিও ক্যারোলাইন অতীতে মহামান্য রানি এবং এখন রাজার বড়দিনের বার্তা সম্প্রচার করতে পেরে আনন্দিত। আমরা আশা করি, আরও বহু বছর তা করতে পারব। মহামান্য রাজা এবং আমাদের শ্রোতাদের কাছে সৃষ্ট যেকোনো মানসিক কষ্টের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

তবে ভুলটি ধরা পড়তে কত সময় লেগেছিল, তা পোস্টে উল্লেখ করা হয়নি। গতকাল বুধবার বিকেলে স্টেশনটির ওয়েবসাইটে মঙ্গলবার দুপুর ১টা ৫৮ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্প্রচারের প্লেব্যাক পাওয়া যায়নি। এ ঘটনা এমন সময় ঘটল, যখন রাজা ও রানি উত্তর আয়ারল্যান্ড সফরে ছিলেন। সেখানে তারা একটি লোকসংগীত দলের সঙ্গে পরিবেশনায় অংশ নেন।

উল্লেখ্য, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত রেডিও ক্যারোলিন একসময় কুখ্যাত ‘পাইরেট রেডিও’ স্টেশন ছিল। এটি ইংল্যান্ড উপকূলের বাইরে জাহাজ থেকে সম্প্রচার চালাত। ১৯৬৭ সালের আইন জারির পর বহু পাইরেট রেডিও স্টেশন বন্ধ হয়ে গেলেও, রেডিও ক্যারোলাইন বিচ্ছিন্নভাবে সম্প্রচার চালিয়ে যায়। পরে ১৯৯০ সালে তাদের অফশোর সম্প্রচার শেষ হয়।

এদিকে মঙ্গলবার বিবিসিও একটি সম্প্রচার ত্রুটির জন্য ক্ষমা চেয়েছে। সূচি নির্ধারণে ভুলের কারণে শ্রোতারা অ্যালাইন পেইজের অনুষ্ঠানে আগের সপ্তাহের পর্ব শুনতে পান। গায়িকা ও অভিনেত্রী অ্যালাইন পেইজ প্রতি সপ্তাহে রেডিও টু-তে ‘অ্যালাইন পেইজ অন সানডে’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করেন। ভুলের কারণে গত রোববার শ্রোতারা তার অনুষ্ঠানের দ্বিতীয় ঘণ্টার পরিবর্তে ভুল সম্প্রচার শুনেছেন।

বিবিসির এক মুখপাত্র বলেন, ‘দুর্ভাগ্যবশত সূচি নির্ধারণে একটি ত্রুটির কারণে গতকাল অনুষ্ঠানের ভুল দ্বিতীয় ঘণ্টা সম্প্রচারিত হয়েছে। এ ঘটনায় আমরা শ্রোতাদের কাছে ক্ষমাপ্রার্থী এবং কীভাবে এটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

সঠিক অনুষ্ঠানটি এখন বিবিসি সাউন্ডসে পাওয়া যাচ্ছে।’

ব্রিটিশ গোয়েন্দা বিমানকে ‘ঝুঁকিপূর্ণভাবে’ বাধা দিয়েছে রাশিয়া

‘ম্যারিড অ্যাট ফার্স্ট সাইট ইউকে’ শো-তে ধর্ষণের অভিযোগ, সম্প্রচার বন্ধ

রাশিয়ায় রাতভর ৫ শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনের হামলা, নিহত ৩

ড্রোন নিষ্ক্রিয় করা শিখে পরিবারকেও বাঁচাল ১২ বছরের শিশু

জিন ছাড়ানোর নামে ২১টি যৌন নিপীড়ন, লন্ডনে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

স্টারমারে আস্থা নেই জানিয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া, পুতিনের প্রশংসা

লেখকদের এআই দিয়ে টার্গেট করছে প্রতারক চক্র

রহস্যজনকভাবে ডুবে যাওয়া রুশ জাহাজ নিয়ে নতুন উদ্বেগ, সন্দেহ

পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে স্টারমারের, এবার নারী সুরক্ষামন্ত্রীর পদত্যাগ