টাইটানিক জাহাজের প্রথম যাত্রাটি দেখতে দর্শনার্থীদের জন্য ইস্যু করা একটি বিরল টিকিট নিলামে উঠছে। ধারণা করা হচ্ছে, টিকিটটির দাম উঠতে পারে ৫০ হাজার পাউন্ড (৮২ লাখ টাকার বেশি) পর্যন্ত।
সোমবার (১৬ নভেম্বর) বিবিসি জানায়, টিকিটটি ছিল এলিজা ডিবডেন নামের এক নারীর। ১৯১২ সালের ১০ এপ্রিল ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে টাইটানিকের প্রথম যাত্রা শুরুর সময় জাহাজটি দেখতে উপস্থিত ছিলেন তিনি। সেদিন তাঁর ১৮ বছর বয়সী ছেলে উইলিয়াম জাহাজটিতে চড়ে যাত্রা শুরু করেছিলেন। তবে সেই যাত্রা থেকে আর কখনো বাড়ি ফেরা হয়নি তাঁর।
নিলামকারী প্রতিষ্ঠান হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন লিমিটেডের অ্যান্ড্রু অ্যালড্রিজ বলেন, এ ধরনের টিকিট এর আগে কখনো নিলামে তোলা হয়নি।
২১ নভেম্বর ইংল্যান্ডের উইল্টশায়ারের ডেভাইজ শহরে টিকিটটি নিলামে তোলা হবে। এতে হোয়াইট স্টার লাইন কোম্পানির পতাকার প্রতীক রয়েছে। টিকিটটি জাহাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উদ্দেশে লেখা।
এতে উল্লেখ রয়েছে, ‘অনুগ্রহ করে মি. ট্যালবট ও তাঁর দুই বন্ধুকে এসএস টাইটানিক দেখার অনুমতি দিন।’ টিকিটে ‘সেকেন্ড ক্লাস’ সিল দেওয়া রয়েছে এবং তারিখ লেখা ১০ এপ্রিল ১৯১২। পেছনে হাতে লেখা একটি নোটে রয়েছে, ‘মিসেস ডিবডেন ও তাঁর দুই বোন’।
ইংল্যান্ডের নিউ ফরেস্ট এলাকার বাসিন্দা ও ডিবডেনের ছেলে উইলিয়াম তাঁর চাচাতো ভাই অ্যামব্রোস হুডসহ কয়েকজন তরুণের সঙ্গে টাইটানিকে ভ্রমণ করেছিলেন। ১৯১২ সালের ১৫ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরে জাহাজটি ডুবে গেলে প্রায় দেড় হাজার মানুষের সঙ্গে প্রাণ হারান তিনি।
উইলিয়ামের মরদেহ উদ্ধার করা হয়ে থাকলেও তা কখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ব্রামশোর সেন্ট পিটার্স চার্চে তাঁর মা-বাবার সমাধিফলকে ছেলের স্মৃতি সংরক্ষিত রয়েছে।
নিলামে টিকিটটির সঙ্গে উইলিয়ামের প্রথম কমিউনিয়ন গ্রহণের সনদও বিক্রি করা হবে। ১৯০৮ সালের ইস্টার উপলক্ষে সনদটি দেওয়া হয়েছিল।
অ্যালড্রিজ বলেন, ‘গত ২৫ বছরে আমরা এই ধরনের মাত্র একটি কার্ড দেখেছি। সাম্প্রতিক বছরগুলোতে নিলামে ওঠা টাইটানিক-সংশ্লিষ্ট স্মারকগুলোর মধ্যে এটি অন্যতম বিরল।’
এই নিলামের অন্য সামগ্রীর মধ্যে রয়েছে টাইটানিকের জাহাজের কাঠামোর বিমাসংক্রান্ত একটি হিসাবখাতা ও জাহাজটির জ্যেষ্ঠ বেতার অপারেটরের লেখা একটি দুর্লভ পোস্টকার্ড। প্রথম যাত্রার কয়েক দিন আগে নিজের বোনকে পোস্টকার্ডটি লিখেছিলেন তিনি।