হোম > বিশ্ব > ইউরোপ

‘বইয়ের চেয়ে সুন্দর উপহার আর কিছু নেই’—খোলা চিঠিতে ব্রিটিশ রানি ক্যামিলা

আজকের পত্রিকা ডেস্ক­

ব্রিটেনের রানি ক্যামিলা। ফাইল ছবি

যুক্তরাজ্যে শিশুদের বই পড়ার আগ্রহ কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ রানি ক্যামিলা। এ আগ্রহ বাড়াতে বড়দিনে আট লাখের বেশি শিশুকে একটি করে বই উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, জাতির উদ্দেশে লেখা নিজের প্রথম খোলা চিঠিতে শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক ও সমাজের অন্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রানি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রায় ৭০০ শব্দের ওই চিঠিতে রানি ক্যামিলা লিখেছেন, ছোটবেলা থেকেই বইকে তিনি সবচেয়ে মূল্যবান উপহার মনে করেন। তিনি আরও লিখেছেন, কিছু শিশু গল্পের জগতে হারিয়ে যাওয়ার আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। সাহিত্যের প্রতি তাদের ভালোবাসা গড়ে উঠছে না। বিষয়টি তাঁকে ব্যথিত করে। বই পড়ার মধ্য দিয়ে শিশুদের সামনে নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে বলেও মনে করেন তিনি।

রানি ক্যামিলা শিশুদের মধ্যে বই পড়ার আগ্রহ গড়ে তুলতে বড়দেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন

রানির এই উদ্বেগের পেছনে রয়েছে যুক্তরাজ্যের শিশুদের বই পড়ার সুযোগ নিয়ে একটি গবেষণা। ন্যাশনাল লিটারেসি ট্রাস্টের (এনএলটি) নতুন গবেষণায় দেখা গেছে, দেশটির প্রতি ১১ জন শিশু ও তরুণের মধ্যে একজনের বই পড়ার অভ্যাস কিংবা আগ্রহ নেই, অথবা পড়ার মতো বইই নেই। বিনা মূল্যে স্কুলের খাবার পায় এমন শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি আরও উদ্বেগজনক। তাদের প্রতি সাতজনের একজনের কাছে পড়ার মতো বই নেই।

শিশুদের বই পড়ার প্রতি আগ্রহ বাড়াতে রানির উদ্যোগের অংশ হিসেবে এবার বড়দিনে যুক্তরাজ্যের আট লাখের বেশি শিশুকে একটি করে বই উপহার দেওয়া হচ্ছে। চলতি শিক্ষাবর্ষে যেসব শিশুর বয়স ১১ বছর পূর্ণ হবে, তারা এই উপহার পাবে। উপহার হিসেবে দেওয়া হবে লেখক ক্যাথরিন রান্ডেলের জনপ্রিয় উপন্যাস ‘ইম্পসিবল ক্রিয়েচারস’। প্রতিটি বইয়ের ভেতরে রয়েছে রানির ব্যক্তিগত বার্তা।

চলতি বছরের শুরুতে ঘোষিত এই উদ্যোগের মধ্য দিয়ে ‘জাতীয় পঠন বর্ষ’ কর্মসূচিরও সমাপ্তি ঘটছে। এনএলটি ও যুক্তরাজ্যের শিক্ষা বিভাগ যৌথভাবে বছরজুড়ে এই কর্মসূচি পরিচালনা করেছে।