হোম > বিশ্ব > ইউরোপ

ফের বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

আজকের পত্রিকা ডেস্ক­

জেমিমা গোল্ডস্মিথ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ দ্বিতীয় বিয়ে করেছেন। তাঁর পরিবার এ তথ্য নিশ্চিত করেছে। মাল্টিমিলিয়নিয়ার অর্থলগ্নিকারী ক্যামেরন ও’রেইলিকে বিয়ে করেছেন ৫২ বছর বয়সী এই চলচ্চিত্র নির্মাতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

জেমিমা গোল্ডস্মিথ পাকিস্তানের ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খানের সঙ্গে প্রায় ৯ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন। ২০০৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির দুই ছেলে রয়েছেন। তাঁরা হলেন সোলায়মান ও কাসিম। বর্তমানে রাওয়ালপিন্ডির কারাগারে থাকা তাদের বাবার শারীরিক অবস্থার বিষয়ে তারা প্রচারণা চালিয়ে আসছেন।

জেমিমা গোল্ডস্মিথের ভাই বেনের স্ত্রী জেমিমা জোন্স ইনস্টাগ্রামে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে তাদের বিয়ের খবর উদযাপন করেন। পোস্টে তিনি লেখেন, ‘জেমিমা ও ক্যামেরনের বিয়ে উদযাপন করছি, আমার প্রিয় তারিখে। কী আনন্দের দিন।’

৬২ বছর বয়সী ও’রেইলি আইরিশ-অস্ট্রেলীয় ব্যবসায়ী। ধারণা করা হচ্ছে, সপ্তাহান্তে এক জমকালো অনুষ্ঠানে জেমিমা গোল্ডস্মিথ ও ক্যামেরন ওরেইলি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। চলচ্চিত্র ও তথ্যচিত্রের প্রতি দুজনের অভিন্ন আগ্রহের সূত্রে তাদের পরিচয় হয় বলে ধারণা করা হচ্ছে।

জেমিমা গোল্ডস্মিথ প্রযোজনা প্রতিষ্ঠান ইনস্টিংক্ট প্রোডাকশন্সের প্রতিষ্ঠাতা। তিনি বেশ কয়েকটি অনুষ্ঠান ও চলচ্চিত্র লিখেছেন এবং প্রযোজনা করেছেন। এর মধ্যে রয়েছে শেখর কাপুর পরিচালিত ভিন্ন সংস্কৃতির মানুষের প্রেমের গল্প নিয়ে নির্মিত রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট?’ এ ছাড়া ‘দ্য নিউ স্টেটসম্যান’ ও ‘ভ্যানিটি ফেয়ারের’ মতো প্রকাশনায় তিনি সম্পাদনা ও লেখালেখি করেছেন। মানবাধিকার ইস্যুতেও তিনি সোচ্চার।

গত মাসে পাকিস্তানে তার সাবেক স্বামী ইমরান খানের কারাবন্দিত্বের বিষয়ে এবং তার দুই ছেলের প্রচারণার সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলেন জেমিমা গোল্ডস্মিথ। তিনি লেখেন, ‘এটি আর কেবল পাকিস্তানের একটি রাজনৈতিক বিষয় নয়। এটি এখন একটি মানবাধিকার জরুরি অবস্থা।’

তিনি আরও বলেন, ইমরান খানের ব্রিটেনের সঙ্গে গভীর ও আজীবনের সম্পর্ক রয়েছে। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন এবং ইংল্যান্ডে কয়েক বছর কাউন্টি ক্রিকেট খেলেছেন। এই দেশের সঙ্গে তাঁর সম্পর্ক অর্ধশতাব্দীরও বেশি সময়ের। তাঁর দাতব্য কর্মকাণ্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। এর মধ্যে পাকিস্তানে একমাত্র বিনামূল্যের ক্যানসার হাসপাতাল এবং একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ও রয়েছে।

জেমিমা বলেন, ‘তাঁর দুই ছেলে, আমার দুই সন্তান সুলায়মান ও কাসিম ব্রিটিশ নাগরিক। হাজার হাজার মাইল দূর থেকে তাদের বাবার স্বাস্থ্যের অবনতি দেখতে তাঁরা বাধ্য হয়েছে। তাদের বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তাদের ভিসা দেওয়া হয়নি। এমনকি সরকারি কর্মকর্তারা প্রকাশ্যে তাদেরও গ্রেপ্তারের হুমকি দিয়েছেন। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের নিয়মিত ফোনে কথা বলার সুযোগও দেওয়া হয়নি।’