হোম > বিশ্ব > ইউরোপ

সাইপ্রাস উপকূলে ফেরিডুবিতে অন্তত ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক 

দুর্ঘটনাস্থলে একাধিক নৌকাকে উদ্ধারকাজে সাহায্য করতে দেখা গেছে। ছবি: এএফপি

উত্তর সাইপ্রাস উপকূলে যাত্রীবাহী একটি ফেরি উল্টে গিয়ে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সরকারের বরাতে রোববারের এ দুর্ঘটনায় প্রাথমিক প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে তুর্কি সংবাদমাধ্যমগুলো।

স্বঘোষিত ‘টার্কিশ রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাস’ (টিআরএনসি)-এর প্রধানমন্ত্রী উনাল উস্তেল তুর্কি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে জানিয়েছেন, ফেরিটি বন্দর ছেড়ে যাওয়ার পরপরই উল্টে যায়। দুর্ঘটনার সময় জাহাজটিতে সর্বমোট ২৬৭ জন আরোহী ছিলেন।

উস্তেল আরও জানান, এখন পর্যন্ত অন্তত ১৭২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি যাত্রী ও ক্রুদের নিরাপদে উদ্ধার করতে অভিযান এখনো অব্যাহত রয়েছে।

নিকোসিয়ায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত আলী মুরাত বাসচেরি ফেরিডুবিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তিনি নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি। তুর্কি রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক টিআরটিকে তিনি বলেন, ‘২৫৯ জন যাত্রীর মধ্যে সবাইকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।’

ফেরিটি ঠিক কী কারণে উল্টে গেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, উত্তর সাইপ্রাসের গিরনে (বন্দর থেকে তুরস্কের তাসুকু বন্দরের উদ্দেশে রওনা হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তুর্কি টেলিভিশনে প্রচারিত সচিত্র প্রতিবেদনে দেখা গেছে, সমুদ্রে উল্টে থাকা ফেরিটির কমলা রঙের তলার অংশে লাইফ জ্যাকেট পরা বহু মানুষ আটকে আছেন। দুর্ঘটনার সময় আবহাওয়া রৌদ্রোজ্জ্বল ছিল এবং দুর্ঘটনাস্থলে একাধিক নৌকাকে উদ্ধারকাজে সাহায্য করতে দেখা গেছে।

১৯৭৪ সাল থেকে বিভক্ত সাইপ্রাস দ্বীপের ওপরের এক-তৃতীয়াংশ এলাকা নিয়ন্ত্রণ করছে টিআরএনসি, যা কেবল আন্তর্জাতিকভাবে তুরস্ক কর্তৃক স্বীকৃত। তৎকালীন গ্রিক পন্থীদের এক অভ্যুত্থানের জবাবে ওই বছর সাইপ্রাসের উত্তরাংশ দখল করে নেয় আঙ্কারা। বর্তমানে টিআরএনসির সঙ্গে তুরস্কের নিয়মিত বিমান ও পানিপথ যোগাযোগ রয়েছে।

টিআরএনসির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার ও স্বাস্থ্যসেবা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আঘাতপ্রাপ্তদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের জন্য স্থানীয় সব হাসপাতালগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

অর্থনৈতিক ও প্রশাসনিকভাবে টিআরএনসি তুরস্কের ওপর অনেকটাই নির্ভরশীল। এই ঘটনায় তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, উদ্ধার ও তল্লাশি অভিযানে আমরা সম্ভাব্য সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছি।

আগামী সোমবার টিআরএনসি সফরে যাওয়ার কথা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের। সফরে তিনি অঞ্চলটির প্রেসিডেন্ট তুফান এরহুরমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি গত অক্টোবরে নির্বাচিত হন। ২০২৩ সালের পর উত্তর সাইপ্রাসে এটিই হতে যাচ্ছে এরদোয়ানের প্রথম সফর।