হোম > বিশ্ব > ইউরোপ

একনজরে পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

আজকের পত্রিকা ডেস্ক­

লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহ্যাম। ছবি: এএফপি

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। গত ১০ বছরে তিনি হবেন দেশটির সপ্তম প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে সোমবার। প্রথমে বর্তমান প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর রাজা অ্যান্ডি বার্নহামকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। সেই আমন্ত্রণ গ্রহণের সঙ্গে সঙ্গেই তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। পরে তিনি ১০ ডাউনিং স্ট্রিটে গিয়ে জাতির উদ্দেশে বক্তব্য দিতে পারেন।

১৯৭০ সালে লিভারপুলে জন্ম নেওয়া বার্নহামের শৈশব কেটেছে চেশায়ারে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা শেষে তিনি প্রথমে সাংবাদিকতা করেন। পরে রাজনীতিতে যোগ দিয়ে ২০০১ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের মন্ত্রিসভায় স্বাস্থ্য ও সংস্কৃতিসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে সংসদ ছাড়ার পর গ্রেটার ম্যানচেস্টরের মেয়র নির্বাচিত হন এবং টানা প্রায় আট বছর সেই দায়িত্ব পালন করেন। গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং উত্তর ইংল্যান্ডের স্বার্থ রক্ষায় সোচ্চার ভূমিকার কারণে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

লেবার পার্টির নেতৃত্বে ওঠার পথও ছিল নাটকীয়। ২০২৪ সালের নির্বাচনে বড় জয় পেলেও নানা নীতিগত ভুল ও অবস্থান পরিবর্তনের কারণে স্টারমার দ্রুত জনপ্রিয়তা হারান। স্থানীয় নির্বাচনে রিফর্ম ইউকের সাফল্যের পর লেবারের অনেক সংসদ সদস্য নেতৃত্ব পরিবর্তনের দাবি তোলেন। সম্প্রতি উপনির্বাচনে সংসদে ফিরে রিফর্ম প্রার্থীকে হারানোর পর বার্নহামের নেতৃত্বের পক্ষে দলের ভেতরে জোরালো সমর্থন তৈরি হয়। ফলে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিনি লেবার নেতা নির্বাচিত হন।

নীতিগতভাবে বার্নহাম বলেছেন, ২০২৪ সালের নির্বাচনী প্রতিশ্রুতির মূল কাঠামো বজায় রাখবেন। আয়কর, ভ্যাট ও ন্যাশনাল ইন্স্যুরেন্সের প্রধান হার বাড়ানোর পরিকল্পনা নেই। তবে তিনি স্থানীয় সরকারকে আরও ক্ষমতা দেওয়ার পক্ষে। আবাসন ও পরিবহন খাতে স্থানীয় কর্তৃপক্ষের ভূমিকা বাড়ানোর পাশাপাশি লন্ডনের বাইরে ম্যানচেস্টারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক টিম গঠনের পরিকল্পনাও রয়েছে তাঁর। কল্যাণনীতি, সামাজিক সেবা, অভিবাসন ও প্রতিরক্ষা বিষয়ে নতুন উদ্যোগের ইঙ্গিত দিয়েছেন তিনি। সম্পদ কর আরোপের সম্ভাবনার কথাও আলোচনায় এসেছে, যদিও এ বিষয়ে নির্দিষ্ট ঘোষণা দেননি।

এখনো তাঁর মন্ত্রিসভা চূড়ান্ত হয়নি। তবে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী জেমস পার্নেলকে চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন অর্থমন্ত্রী কে হবেন, তা নিয়ে জোর আলোচনা চলছে।

ব্যক্তিগত জীবনে অ্যান্ডি বার্নহামের স্ত্রী মেরি-ফ্রান্স ভ্যান হিল, যিনি বিপণন ও কৌশলগত পরিকল্পনা বিশেষজ্ঞ। তাঁদের তিন সন্তান—জিমি, রোজি ও অ্যানি। তিনি আজীবন এভারটন ফুটবল ক্লাবের সমর্থক এবং খেলাধুলার প্রতি গভীর অনুরাগী।

আন্তর্জাতিক অঙ্গনে বার্নহামের নেতৃত্ব নিয়ে ইতিমধ্যে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে ‘অত্যন্ত উদারপন্থী’ বলে মন্তব্য করেছেন। রাশিয়া বলেছে, তাঁর নেতৃত্বে দুই দেশের সম্পর্কের উল্লেখযোগ্য পরিবর্তন হবে বলে তারা মনে করে না। অন্যদিকে ফ্রান্স স্থিতিশীল নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করেছে এবং ইউক্রেন যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে বলে আশা করছে।

হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহাম বললেন—‘আই হ্যাভ আ প্ল্যান’

ইউক্রেনের পদচ্যুত প্রতিরক্ষামন্ত্রী কে এই ফেদোরভ, তাঁর জন্য কেন এত বিক্ষোভ

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশ্বকাপের ডামাডোলে বাংলাদেশে ১২ জন নিহতের খবর

প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন জেলেনস্কি, প্রতিবাদে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

বিমানের জানালা ভেঙে উড়ে যাওয়া স্বামীকে পা ধরে বাঁচালেন স্ত্রী

ডেটিং অ্যাপে পরিচয়ের পর অচেতন করে ১৪ নারীকে ধর্ষণ, জার্মানিতে বৃদ্ধ গ্রেপ্তার

আকাশপথে পাইলট লিখলেন—‘আমি বিরক্ত’

যুক্তরাজ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হচ্ছে ইরানের রেভল্যুশনারি গার্ডস

স্বামীর কাছে ইয়াজিদি মেয়েদের পাঠাতেন স্ত্রী, জার্মানিতে ইরাকি দম্পতির কারাদণ্ড

ব্রিটেনে মে-জুনের তীব্র গরমে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে