হোম > বিশ্ব > ইউরোপ

৫ লাখের বেশি অবৈধ অভিবাসীকে বৈধ করবে স্পেন

আজকের পত্রিকা ডেস্ক­

স্পেনের লা লেগুনার লাস রেইস অভিবাসী শিবিরের বাইরে বসে আছেন পাকিস্তানি অভিবাসীরা। ছবি: সংগৃহীত

অর্থনীতি চাঙা করতে এবং শ্রমবাজারের ঘাটতি পূরণ করতে প্রায় সাড়ে পাঁচ লাখ অনিয়মিত বা অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার একটি বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে স্পেনের সরকার। মূলত তরুণ কর্মী বাহিনীর সরবরাহ বাড়িয়ে দেশের বৃদ্ধ হতে থাকা জনসংখ্যার ভারসাম্য রক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

আজ শুক্রবার (২২ মে) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানায়, চলতি বছরের জানুয়ারিতে ঘোষিত এই কর্মসূচি স্পেনের ভেতরে ও ইউরোপের কট্টর ডানপন্থী নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছে। তবে স্পেনের সমাজতান্ত্রিক নেতৃত্বাধীন জোট সরকার যুক্তি দিচ্ছে, অভিবাসনপ্রক্রিয়া দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে, যা তাদের ইউরোপীয় প্রতিবেশীদের তুলনায় এগিয়ে রাখবে। সরকারি হিসাব অনুযায়ী, আগামী এক দশকে দেশটির কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা টিকিয়ে রাখতে সামাজিক নিরাপত্তা তহবিলে আরও প্রায় ২৪ লাখ করদাতার অবদান প্রয়োজন। অন্যদিকে, থিংকট্যাংক ‘ফুঙ্কাস’-এর অনুমান, স্পেনে বর্তমানে প্রায় ৮ লাখ ৪০ হাজার অবৈধ অভিবাসী অনানুষ্ঠানিক বা অননুমোদিত খাতে কাজ করছেন। তাঁদের বেশির ভাগই দক্ষিণ আমেরিকার দেশগুলোর নাগরিক।

স্পেনের অভিবাসনবিষয়ক সেক্রেটারি অব স্টেট পিলার কানসেলা জানিয়েছেন, রাষ্ট্রীয়ভাবে প্রায় ১০ লাখ আবেদন প্রক্রিয়া করার সক্ষমতা তাঁদের রয়েছে। কট্টর ডানপন্থী দলগুলোর আইনি চ্যালেঞ্জের পর দেশটির সুপ্রিম কোর্টের শুনানিতে এই কর্মসূচির ব্যাপক চাহিদার বিষয়টি উঠে আসে। রাষ্ট্রীয় গণমাধ্যম টিভির (টিভিই) তথ্যমতে, প্রথম মাসেই প্রায় ৫ লাখ ৪৯ হাজার ৫৯৬টি আবেদন জমা পড়েছে, যা প্রাথমিক প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। ইতিমধ্যে প্রায় ৯১ হাজার ৫০৫টি সাময়িক কাজের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগের মূল কৌশল হলো অভিবাসীদের দক্ষতা অনুযায়ী আনুষ্ঠানিক কর্মসংস্থানের ব্যবস্থা করা। নির্মাণ, পর্যটন, পরিবহন ও সেবা খাতের মতো সংকটে থাকা ক্ষেত্রগুলোর শ্রমের ঘাটতি মেটাতে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করছে সরকার। কানসেলা বলেন, ‘যাঁরা ইতিমধ্যে আমাদের সঙ্গে কাঁধ মিলিয়ে দেশ গঠনে অবদান রাখছেন, এটি তাঁদের সম্ভাবনাকে কাজে লাগানোর এক বিশাল সুযোগ।’

এই প্রক্রিয়াকে মসৃণ করতে ও অনানুষ্ঠানিক খাতের ক্ষতি এড়াতে সরকার শ্রম পরিদর্শন আরও জোরদার করার পরিকল্পনা করেছে, যা অভিবাসীদের প্রকৃত পরিস্থিতি বুঝতে এবং তাঁদের অধিকার নিশ্চিত করতে সাহায্য করবে।

ইরানের ‘হত্যাচেষ্টা’ থেকে অল্পের জন্য বেঁচে গেছেন সুইডেনপ্রবাসী কর্মী

না পাঠানোর ঘোষণা দিয়েও পোল্যান্ডে আরও ৫ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

দুর্ঘটনায় ২২৮ প্রাণহানির ১৭ বছর পর দোষী সাব্যস্ত এয়ার ফ্রান্স ও এয়ারবাস

মরার আগেই ব্রিটিশ রাজার মৃত্যুর সংবাদ প্রচার করল রেডিও স্টেশন

ব্রিটিশ গোয়েন্দা বিমানকে ‘ঝুঁকিপূর্ণভাবে’ বাধা দিয়েছে রাশিয়া

‘ম্যারিড অ্যাট ফার্স্ট সাইট ইউকে’ শো-তে ধর্ষণের অভিযোগ, সম্প্রচার বন্ধ

রাশিয়ায় রাতভর ৫ শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনের হামলা, নিহত ৩

ড্রোন নিষ্ক্রিয় করা শিখে পরিবারকেও বাঁচাল ১২ বছরের শিশু

জিন ছাড়ানোর নামে ২১টি যৌন নিপীড়ন, লন্ডনে ইমামের যাবজ্জীবন কারাদণ্ড

স্টারমারে আস্থা নেই জানিয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ