হোম > বিশ্ব > ইউরোপ

ফিলিস্তিন অ্যাকশনের ৫ কর্মীকে ‘সন্ত্রাসী’ হিসেবে সাজা নয়—ব্রিটিশ আদালতের রায়

আজকের পত্রিকা ডেস্ক­

বাম থেকে ফিলিস্তিন অ্যাকশন-এর কর্মী মোহাম্মদ মালিক, আলমা ইয়ানিভ, হামিরা আতিকনিসার, আমান্ডা কেলি এবং ব্রেন্ডন ও’হ্যাগান। ছবি: আল-জাজিরা

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশন-এর পাঁচ কর্মীকে সন্ত্রাসবাদ-সংক্রান্ত আইনে সাজা দেওয়া হবে না বলে রায় দিয়েছেন একজন বিচারক। বার্কলেজ ব্যাংকের একটি শাখায় ভাঙচুরের ঘটনায় দোষী সাব্যস্ত ওই পাঁচ কর্মী এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন।

শুক্রবার (২১ আগস্ট) আল-জাজিরা জানায়, ব্রেন্ডন ও’হ্যাগান (২৮), আমান্ডা কেলি (৩১), হামিরা আতিকনিসার (৩১), মোহাম্মদ মালিক (২৮) এবং আলমা ইয়ানিভ (৭০) ২০২৪ সালের আগস্টে ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের বার্নলি শহরে বার্কলেজ ব্যাংকের একটি শাখায় প্রায় ২ লাখ ১২ হাজার পাউন্ডের ক্ষয়ক্ষতি করেন। চলতি বছরের জুনে তাঁরা এ ঘটনায় দোষী সাব্যস্ত হন।

ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে বার্কলেজের আর্থিক সম্পর্কের প্রতিবাদে তাঁরা ওই কর্মসূচি চালিয়েছিলেন। ব্যাংকের জানালা ভাঙা এবং ভবনে লাল রং ছিটানোর অভিযোগে তাদের বিচার হয়।

শুক্রবার প্রিস্টন ক্রাউন কোর্টে বিচারক রবার্ট আলথাম রায় ঘোষণা করলে আদালতের বাইরে জড়ো হওয়া সমর্থকেরা উল্লাস ও ফিলিস্তিনপন্থী স্লোগান দেন। কর্মীরা এক যৌথ বিবৃতিতে বলেন, আদালত তাঁদের সন্ত্রাসী হিসেবে সাজা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তারা ‘অত্যন্ত স্বস্তি’ পেয়েছেন।

তাঁদের ভাষ্য মতে, তাঁরা মূলত অপরাধমূলক ক্ষয়ক্ষতির অভিযোগে বিচারাধীন ছিলেন এবং বিচার চলাকালে তাদের কিংবা জুরিদের কখনো জানানো হয়নি যে দোষী সাব্যস্ত হলে সন্ত্রাসবাদ-সংক্রান্ত আইনে সাজা হতে পারে।

আগামী ৪ সেপ্টেম্বর তাঁদের সাজা ঘোষণা হওয়ার কথা রয়েছে।

দোষী সাব্যস্ত হওয়ার সময় প্যালেস্টাইন অ্যাকশন যুক্তরাজ্যে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত ছিল না। তবে রায়ের পর বিচারক ফিলিপ প্যারি অপরাধটির সঙ্গে ‘সন্ত্রাসী সংযোগ’ রয়েছে কি না, তা বিবেচনার কথা জানান।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ২০২৫ সালের জুলাইয়ে প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ হওয়ার পর সংগঠনটির প্রতি সমর্থন প্রকাশের অভিযোগে ৩ হাজার ৫০০-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকে এই রায়কে স্বাগত জানিয়ে প্যালেস্টাইন অ্যাকশনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে কঠোর সন্ত্রাসবিরোধী আইনের ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে।