ফ্যাশনজগতে ‘ভেরুশকা’ নামে পরিচিত বিশ্বের প্রথম সারির সুপারমডেলদের অন্যতম ভেরা ফন লেনডর্ফ মারা গেছেন। গত মঙ্গলবার জার্মানির বার্লিনে ৮৭ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিএনএন জানায়, ভেরুশকার মৃত্যুর খবর তাঁর বোন ক্যাথারিনা কাপেলহফ-উলফের বিলাসবহুল বেল্ট ব্র্যান্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, ষাট ও সত্তরের দশকে ফ্যাশন, শিল্পকলা ও আলোকচিত্রের জগতে অসামান্য প্রভাব রেখেছেন তিনি। তাঁকে অভিহিত করা হয়েছে ‘অসাধারণ নারী’ ও ‘বিশ্ব আইকন’ হিসেবে।
১৯৩৯ সালে তৎকালীন পূর্ব প্রুশিয়ার কোনিগসবার্গে জন্ম ভেরুশকার। শহরটি বর্তমানে রাশিয়ার কালিনিনগ্রাদ নামে পরিচিত। বর্তমান পোল্যান্ডে পরিবারের জমিদারিতে বেড়ে ওঠেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাঁর বাবা হাইনরিখ গ্রাফ ফন লেনডর্ফ নাৎসিবিরোধী প্রতিরোধ আন্দোলনে যুক্ত ছিলেন। ১৯৪৪ সালে অ্যাডলফ হিটলারকে হত্যার ব্যর্থ ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাঁর বাবাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
যুদ্ধের পর পরিবারসহ হামবুর্গে চলে যান ভেরুশকা। সেখানে শিল্পকলা নিয়ে পড়াশোনা শেষে ইতালির ফ্লোরেন্সে যান। ২০ বছর বয়সে ইতালীয় আলোকচিত্রী উগো মুলাসের নজরে আসেন তিনি। ছয় ফুটের বেশি উচ্চতা, ব্যতিক্রমী মুখাবয়ব ও সাহসী উপস্থিতি তাঁকে দ্রুত অন্য মডেলদের থেকে আলাদা করে তোলে।
প্রচলিত মডেলিংয়ের ধারণা ভেঙে নিজের শরীরী অভিব্যক্তি ও সৃজনশীল ভঙ্গির মাধ্যমে ফ্যাশন ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করেন ভেরুশকা। ষাটের দশকের মাঝামাঝি সময়ে তিনি বিশ্বের সবচেয়ে পরিচিত ও উচ্চ পারিশ্রমিক পাওয়া মডেলদের একজন হয়ে ওঠেন। ভোগ ম্যাগাজিনের তৎকালীন সম্পাদক ডায়ানা ভ্রিল্যান্ড তাঁকে বিশেষভাবে পছন্দ করতেন। ভোগের প্রচ্ছদে ১২ বার জায়গা পেয়েছেন তিনি।
ভ্যালেন্তিনো গারাভানি, ইভ সাঁ লরাঁ ও কার্ল লেগারফেল্ডের মতো খ্যাতিমান ডিজাইনারদের অনুপ্রেরণা ছিলেন ভেরুশকা। কিংবদন্তি আলোকচিত্রী রিচার্ড অ্যাভেডন তাঁকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী বলে অভিহিত করেছিলেন। অ্যাভেডনের সঙ্গে তাঁর ‘গ্রেট ফার ক্যারাভান’ শিরোনামের একটি ফটোশুট ফ্যাশন ইতিহাসের অন্যতম ব্যয়বহুল আয়োজন হিসেবে পরিচিত। জাপানে পাঁচ সপ্তাহ ধরে চলা ওই ফটোশুট নিয়ে ভোগের ২৬ পৃষ্ঠার বিশেষ আয়োজন প্রকাশিত হয়েছিল। এতে ব্যয় হয়েছিল ১০ লাখ ডলার।
মডেলিংয়ের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন ভেরুশকা। মিকেলাঞ্জেলো আন্তোনিওনির ‘ব্লো আপ’ ছবিতে নিজের চরিত্রেই অভিনয় করে আলোচনায় আসেন। ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ ছবিতেও দেখা যায় তাঁকে।
সত্তরের দশকে মূলধারার মডেলিং ছেড়ে শিল্পী হিসেবে নতুন জীবন শুরু করেন ভেরুশকা। ২০০৮ সালে জার্মান সংবাদমাধ্যম বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, মডেল বা অর্থহীন বস্তু হয়ে ওঠা কখনোই তাঁর স্বপ্ন ছিল না।