হোম > বিশ্ব > ইউরোপ

গ্রিসে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন ব্রিটিশ দম্পতি, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

হেলিকপ্টারটি অবতরণস্থল থেকে মাত্র কয়েক মিটার দূরে বিধ্বস্ত হয়। ছবি: সংগৃহীত

গ্রিসের সিফনোস দ্বীপে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহীর মৃত্যু হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানায়, সোমবার ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে সদ্য বিবাহিত এক ব্রিটিশ দম্পতি এবং পাইলট ছিলেন।

গ্রিসে মধুচন্দ্রিমায় যাওয়া ওই দম্পতি এথেন্সের কাছে মারকোপুলো গ্রাম থেকে জনপ্রিয় পর্যটন দ্বীপ সিফনোসে যাওয়ার জন্য হেলিকপ্টারটিতে উঠেছিলেন। সোমবার সন্ধ্যায় থোলোস এলাকায় তাঁদের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। হেলিকপ্টারটি অবতরণস্থল থেকে মাত্র কয়েক মিটার দূরে বিধ্বস্ত হয়।

এথেন্সের পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য টাইমসকে বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হেলিকপ্টারটির অবতরণের কথা ছিল। এর মাত্র কয়েক মিনিট আগে দুর্ঘটনাটি ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে ঘুরতে মাটিতে আছড়ে পড়ে এবং আগুনের গোলায় পরিণত হয়। দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়।

গ্রিক পুলিশ বিভিন্ন গণমাধ্যমের কাছে নিহত দম্পতির নাম আলেকজান্ডার ক্রোমি ও মেরি এবার্ট বলে জানিয়েছে। স্থানীয়ভাবে পাইলটের নাম জিওর্গোস রাইকোস বলে জানানো হয়েছে।

গ্রিসের ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার বিকেলে দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর সেখানে আগুন ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণে কাজ করেন দমকলকর্মীরা। সোমবার সন্ধ্যার মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

গ্রিক দৈনিক কাথিমেরিনির প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনার কিছুক্ষণ পর সিফনোসের উপমেয়র মানোলিস ফুনতুলাকিস ঘটনাস্থলে পৌঁছান।

উপমেয়র স্থানীয় সংবাদমাধ্যম নিউজইটকে বলেন, হেলিকপ্টারটির প্রায় ‘কিছুই অবশিষ্ট ছিল না’। তিনি আরও জানান, নিহত দুজনকে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষের মধ্যে পাওয়া গেছে। অন্যজনের মরদেহ কিছুটা দূরে পাওয়া যায়।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র দ্য টাইমসকে বলেন, ‘আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি এবং জরুরি ভিত্তিতে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিতে আমাদের কর্মীরা প্রস্তুত আছেন।’

সিফনোস দ্বীপে স্থায়ী বাসিন্দার সংখ্যা প্রায় ২ হাজার ৬০০। তবে সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপটি পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে।