হোম > বিশ্ব > ইউরোপ

৩৪ বছর পর এই প্রথম কোনো শিশু জন্মাল প্রত্যন্ত এক স্কটিশ দ্বীপে

আজকের পত্রিকা ডেস্ক­

সদ্য জন্মানো শিশুসহ অ্যালিস ট্রেইল ফোর্ডের পরিবার। ছবি: সিএনএন

স্কটল্যান্ডের প্রত্যন্ত নর্থ রোনাল্ডসে দ্বীপে ৩৪ বছর পর প্রথমবারের মতো জন্ম নিয়েছে একটি শিশু। গত ১৫ সেপ্টেম্বর জন্ম নেওয়া শিশুটির নাম ডানকান ওয়াইল্ডার থর্সটেইন ট্রেইল সুয়ারেজ ফোর্ড। তার মা অ্যালিস ট্রেইল ফোর্ড বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিএনএনকে এই তথ্য জানিয়েছেন।

নর্থ রোনাল্ডসে স্কটল্যান্ডের অর্কনি দ্বীপপুঞ্জের সবচেয়ে উত্তরের দ্বীপ। এর দৈর্ঘ্য প্রায় তিন মাইল এবং প্রস্থ দুই মাইল। স্কটিশ সরকারের ২০২৪ সালের হিসাব অনুযায়ী, দ্বীপটির জনসংখ্যা ছিল ৭২ জন। তবে অ্যালিসের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে সেখানে বসবাস করেন মাত্র ৫১ জন।

অ্যালিস ট্রেইল ফোর্ড ও তাঁর বাগ্‌দত্তা হোর্হে সুয়ারেজ কোস্টারিকা ও নর্থ রোনাল্ডসের মধ্যে সময় ভাগ করে বসবাস করেন। তাঁদের পরিকল্পনা ছিল কোস্টারিকাতেই সন্তান জন্ম দেওয়ার। এমনকি দ্বীপে যাওয়ার সময় ফেরার বিমান টিকিটও কাটা ছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পরই অ্যালিস সিদ্ধান্ত পরিবর্তন করেন।

তিনি বলেন, দ্বীপে পৌঁছেই তাঁর মনে হয়েছিল, এখানেই সন্তান জন্ম দেওয়াই হবে সবচেয়ে বিশেষ, আনন্দময় ও সহায়ক অভিজ্ঞতা। অ্যালিসের পরিবার ১৭২৭ সালে দ্বীপটি কিনেছিল। তিনি জানান, শৈশব থেকেই প্রতিবছর নর্থ রোনাল্ডসে ফিরে আসছেন এবং দ্বীপটির সঙ্গে তাঁর গভীর পারিবারিক ও আবেগের সম্পর্ক রয়েছে।

অ্যালিস সন্তান জন্ম দেন হল্যান্ড হাউসে—যে বাড়িটি তাঁর পূর্বপুরুষেরা নির্মাণ করেছিলেন। তাঁর ভাষায়, এটি তাঁর পূর্বপুরুষের বাড়ি এবং দ্বীপটির সঙ্গে তাঁর এমন এক সম্পর্ক রয়েছে, যেন দ্বীপটিই তাঁকে বড় করে তুলেছে।

শিশুটির জন্মে পুরো দ্বীপবাসীর মধ্যেই তৈরি হয়েছে উৎসবের আবহ। অ্যালিস স্থানীয়দের জন্য ছোট বোতলে হুইস্কি উপহার দেন। বোতলগুলোতে চার পাতার ক্লোভার ও স্থানীয়ভাবে ‘গ্রোটি বাকিজ’ নামে পরিচিত ছোট সামুদ্রিক খোলস দিয়ে সাজানো ছিল। এগুলো সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত।

অ্যালিস মনে করেন, এত দীর্ঘ সময় দ্বীপে কোনো শিশু জন্ম না নেওয়ার অন্যতম কারণ সেখানে চিকিৎসাসেবার সীমাবদ্ধতা। নর্থ রোনাল্ডসে কোনো হাসপাতাল বা চিকিৎসক নেই; রয়েছেন মাত্র একজন আবাসিক নার্স। দ্বীপ থেকে অর্কনির মূল ভূখণ্ডে নৌপথে যেতে প্রায় দুই ঘণ্টা ৪০ মিনিট সময় লাগে।

জরুরি পরিস্থিতিতে কোস্টগার্ডের হেলিকপ্টারে রোগীকে নেওয়া সম্ভব। অন্যথায় সুস্থ থাকলে নৌপথে মূল ভূখণ্ডের কির্কওয়ালে যেতে হয়। অ্যালিসের মতে, সন্তান জন্ম দেওয়ার সময় সম্ভাব্য জটিলতার আশঙ্কায় অনেকেই হাসপাতালকেই নিরাপদ মনে করেন। ফলে নর্থ রোনাল্ডসের ৩৪ বছর পরের এই জন্ম শুধু একটি পরিবারের আনন্দ নয়, ছোট্ট দ্বীপটির জন্যও বিরল ও স্মরণীয় ঘটনা হয়ে উঠেছে।