চীনে লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরির উদ্দেশ্যে নির্মিত একটি বিজ্ঞাপন উল্টো নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দেওয়ায় ক্ষমা চেয়েছে ব্রিটিশ হাইজিন ব্র্যান্ড ডেটল। বহুল ব্যবহৃত এই জীবাণুনাশক ব্র্যান্ডটির পাঁচ মিনিট দীর্ঘ মাল্টিপারপাস ডিসইনফেক্ট্যান্টের বিজ্ঞাপনটি মূলত একটি ‘মাইক্রো ড্রামা’ বা ছোট নাটকের আদলে তৈরি করা হয়েছিল।
বিজ্ঞাপনের শুরুতে দেখা যায়, একজন পুরুষ এমন একজন নারী সঙ্গীকে খুঁজছেন, যিনি ‘পরিচ্ছন্ন’ এবং ‘অন্য কোনো পুরুষের সংস্পর্শে এসে কলঙ্কিত হননি।’ নাটকের শেষ দিকে একটি টুইস্ট বা মোড় আসে, যেখানে তাঁর নতুন প্রেমিকা ওই পুরুষের নারীবিদ্বেষী মনোভাবের তীব্র সমালোচনা করেন এবং তাঁর সঙ্গে সম্পর্ক ভেঙে দেন। ঠিক এই মুহূর্তে ডেটলকে উপস্থাপন করা হয় একটি সমাধান হিসেবে এবং বার্তা দেওয়া হয়—‘বিষাক্ত পুরুষেরা ঠিক ব্যাকটেরিয়ার মতো।’
বিজ্ঞাপনটি চীনের ইন্টারনেট দুনিয়ায় তীব্র ক্ষোভের জন্ম দেয়। নেটিজেনদের একাংশের মতে, বিজ্ঞাপনটি নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করেছে। অন্য অংশটি ডেটলের পণ্য বয়কটের ডাক দেয়। তীব্র সমালোচনার মুখে বিজ্ঞাপনটি সরিয়ে নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
ডেটল এক বিবৃতিতে জানায়, বিজ্ঞাপনটির মূল উদ্দেশ্য ছিল লিঙ্গভিত্তিক বাঁধাধরা মানসিকতার সমালোচনা করা। কিন্তু পরে ইন্টারনেটে এর কিছু খণ্ডিতাংশ ছড়িয়ে পড়ায় বিজ্ঞাপনের মূল বার্তাটি বিকৃত হয়ে গেছে।
গতকাল সোমবার (২২ জুন) দেওয়া এক বিবৃতিতে ডেটল বলে, ‘আমরা স্বীকার করছি, এটি অনেক মানুষকে, বিশেষ করে নারীদের অনুভূতিতে আঘাত করেছে। এই বিজ্ঞাপনের বিষয়বস্তু তৈরি এবং তা পর্যালোচনার ক্ষেত্রে যেকোনো ধরনের অসাবধানতার সম্পূর্ণ দায় আমরা নিচ্ছি।’ কোম্পানিটি আরও জানায়, তারা ভবিষ্যতে তাদের কনটেন্ট মডারেশন বা বিষয়বস্তু যাচাইয়ের প্রক্রিয়াটি পুনর্মূল্যায়ন করবে। পরিবারগুলোর স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্য নিয়ে ডেটল প্রতিষ্ঠিত হয়েছিল উল্লেখ করে তারা যোগ করে, ‘আমরা ভালোভাবেই অবগত যে প্রকৃত সুরক্ষা লুকিয়ে রয়েছে প্রত্যেক ব্যক্তির মর্যাদা রক্ষা এবং সম-অধিকার নিশ্চিতকরণের মধ্যে।’
কয়েক দিন ধরে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এই বিজ্ঞাপন নিয়ে উত্তপ্ত বিতর্ক চলছে। একজন মানুষের ‘পবিত্রতা’ বা পরিচ্ছন্নতার সঙ্গে ডেটল পণ্যের জীবাণুনাশক ক্ষমতার তুলনা করার বিষয়টি সাধারণ মানুষকে ক্ষুব্ধ করেছে। চীনের জনপ্রিয় সামাজিক মাধ্যম ‘ওয়েইবো’তে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘কী জঘন্য একটা বিজ্ঞাপন। আমি ভাষা হারিয়ে ফেলেছি।’ অন্য একজন মন্তব্য করেন, ‘একটি আশাহীন কোম্পানি। তাদের উচ্চপদস্থ কর্মকর্তারা কী করছেন? আমি আর কখনো ডেটল ব্যবহার করব না। বাজারে তো আরও অনেক ব্র্যান্ড আছে।’
ডিজিটাল চায়নাবিষয়ক বিশেষজ্ঞ মান্য কোয়েটসে এই প্রচারণাকে একটি বিপর্যয় হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘যে ব্র্যান্ডের পুরো ব্যবসাই পরিচ্ছন্নতাকে কেন্দ্র করে, তাদের জন্য এটি একটি বড় বিশৃঙ্খলা। পুরুষ চরিত্রটিকে ভুল প্রমাণ করার উদ্দেশ্য থাকলেও, বার্তাটি এত বাজেভাবে উপস্থাপন করা হয়েছে যে এটি সম্পূর্ণ উল্টো ফল দিয়েছে।’
ব্রিটিশ বহুজাতিক কোম্পানি রেকিটের মালিকানাধীন ব্র্যান্ড ডেটল চীনে এবারই প্রথম বিতর্কে জড়ায়নি। গত বছরও তাদের একটি বিজ্ঞাপনের কারণে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছিল, যেখানে একটি লাইন ছিল—‘বিয়ের ঠিক আগে মেয়েটিকে ফেরত দেওয়া হয়েছিল; নিশ্চয়ই সে পরিচ্ছন্ন ছিল না।’