হোম > বিশ্ব > চীন

উত্তর কোরিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ, চীনে আটক মার্কিন বিজ্ঞানী

আজকের পত্রিকা ডেস্ক­

স্ত্রী রং ইউফাংয়ের সঙ্গে চেন ইউলিন। ছবি: এনবিসি

গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন ভূকম্পনবিদকে (সিসমোলজিস্ট) চীন প্রায় দুই বছর ধরে আটকে রেখেছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।

জিম্মি ও বন্দিবিষয়ক মার্কিন অধিকার সংস্থা ‘গ্লোবাল রিচ’-এর তথ্য অনুযায়ী, ৫৪ বছর বয়সী চেন ইউলিন নামে ওই ভূকম্পনবিদ ২০২৪ সালের নভেম্বরে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে বেইজিংয়ে গেলে তাঁকে আটক করা হয়। বেইজিংয়ের পক্ষ থেকে চেনকে মুক্তি দেওয়ার কোনো লক্ষণ না দেখায় শেষ পর্যন্ত তাঁর পরিবার বিষয়টি জনসমক্ষে আনার সিদ্ধান্ত নেয়।

চেন ইউলিনের স্ত্রী রং ইউফাং নিজেও একজন ভূকম্পনবিদ। তিনি বলেন, তাঁর স্বামী চীনা সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ‘সম্পূর্ণ ভুল’ এবং তিনি যে উন্মুক্ত ও সহযোগিতামূলক পরিবেশে গবেষণা করেছেন, তার সঙ্গে এসব অভিযোগের কোনো সামঞ্জস্য নেই।

চেনের প্রকাশিত গবেষণাগুলোর মূল বিষয় উত্তর কোরিয়া। দেশটি চীনের ঘনিষ্ঠ মিত্র এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচি ও ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষার কারণে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

চেনের গবেষণা চীনের নিজস্ব পারমাণবিক কর্মসূচির সঙ্গে কোনোভাবে সম্পর্কিত ছিল কি না, বা থাকলেও কীভাবে ছিল, তা স্পষ্ট নয়। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, চীন নতুন একটি পারমাণবিক অস্ত্রভান্ডার গড়ে তুলছে এবং গোপনে কিছু পরীক্ষা চালিয়েছে। তবে বেইজিং এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

গত মঙ্গলবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে জানতে চাওয়া হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির ‘বিচারিক কর্তৃপক্ষ আইন অনুযায়ী মামলা পরিচালনা করছে’।

মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, “তথাকথিত ‘বেআইনি আটকে রাখার’ মতো কোনো ঘটনাই ঘটেনি।” উল্লেখ্য, চীনে গুপ্তচরবৃত্তির অপরাধে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে।

বর্তমানে চেনই একমাত্র মার্কিন নাগরিক, যাঁকে (যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে) ‘অন্যায়ভাবে আটকে রাখা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গ্লোবাল রিচের মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রং ইউফাং বলেন, ‘৬০০ দিনেরও বেশি সময় হয়ে গেছে আমার স্বামীর সঙ্গে কথা হয় না। তাঁর স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।”

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চীনা কর্তৃপক্ষ তাঁর স্বামীকে তাঁর কাজ নিয়ে ১০০ বারেরও বেশি জিজ্ঞাসাবাদ করেছে এবং আটকের প্রথম ১৩ মাস তাঁকে কোনো আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

চীনে জন্ম নেওয়া চেন ২০১১ সালে মার্কিন নাগরিকত্ব পান। তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের বোস্টনের বাসিন্দা।

ভূকম্প–সংক্রান্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে পারমাণবিক পরীক্ষা শনাক্ত করায় বিশেষজ্ঞ ছিলেন চেন। তিনি যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত একাধিক গবেষণা প্রকল্পেও কাজ করেছেন। রং ইউফাং বলেন, চীনের সহকর্মীদের সঙ্গে তাঁর সব ধরনের গবেষণা ‘সম্পূর্ণ স্বচ্ছভাবে’ পরিচালিত হয়েছে।

তিনি আরও বলেন, ‘চীন সরকার জনগণের সঙ্গে জনগণের যে ধরনের যোগাযোগের (পিপল-টু-পিপল এনগেজমেন্ট) কথা বলে, তিনি ঠিক সেই কাজটিই করছিলেন।’

চেনের গবেষণার মধ্যে ২০২০ সালের ডিসেম্বরে প্রকাশিত একটি গবেষণাও রয়েছে। সেখানে চীনসহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে রেকর্ড করা ভূকম্প–সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে পারমাণবিক পরীক্ষা পর্যবেক্ষণ ও বিস্ফোরণের শক্তি নির্ণয়ের পদ্ধতি উন্নত করার চেষ্টা করা হয়েছিল।

গ্লোবাল রিচের তথ্য অনুযায়ী, মার্কিন সরকারের ভেতরে এমন সন্দেহ রয়েছে যে, ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (সিটিবিটি) লঙ্ঘন করে চীনের পারমাণবিক পরীক্ষা চালানোর কারণেই চেনকে আটক করা হয়েছে।

সংস্থাটি জানায়, চেনের এই দক্ষতা চীনকে যুক্তরাষ্ট্রের ভূকম্পন শনাক্তকরণ পদ্ধতি সম্পর্কে যতটা সম্ভব জানার সুযোগ করে দেবে, যাতে তারা এমন প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরি করতে পারে যা তাদের চুক্তিটি এড়িয়ে যেতে সাহায্য করবে।

এই চুক্তির উদ্দেশ্য হলো পৃথিবীতে সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষা নিষিদ্ধ করা, তবে বেশ কয়েকটি ‘পারমাণবিক সক্ষমতা সম্পন্ন’ দেশ এখনো এটি অনুমোদন (র‌্যাটিফাই) করেনি। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই রয়েছে, যদিও উভয় দেশই পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের বিরুদ্ধে স্বেচ্ছায় স্থগিতাদেশ (মরারটোরিয়াম) জারি রেখেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক জিম্মি ও বন্দিবিষয়ক আরেক অধিকার সংস্থা ফলি ফাউন্ডেশন জানিয়েছে, চেনের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও উচ্চ কোলেস্টেরলে ভুগছেন।

চীন মিয়ানমার-ভিত্তিক একটি থিংক ট্যাংকের পরিচালক ও মার্কিন গবেষক মিন জিনকে আটকের ঠিক এক মাস পর চেনকে আটকে রাখার বিষয়টি সামনে এলো। বেইজিং মিন জিনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং চীনের জাতীয় নিরাপত্তা বিপন্ন করার অভিযোগ এনেছে।

চীনে আঘাত হেনেছে টাইফুন বাভি, নিরাপদ আশ্রয়ে প্রায় ২০ লাখ মানুষ

সক্রিয় ফল্ট লাইনে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ নির্মাণ করছে চীন, বিশেষজ্ঞরা বলছেন ‘টাইম বোমা’

চীনের গুয়াংজিতে বন্যায় নিহত ৩৯, ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’

চীনে জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮

বন্যায় ভেসে গেল খামার, পালাল ৯০০ সাপ

৪৫৫ শিশুর জীবন বাঁচাতে সর্বস্ব দান করলেন চীনা দম্পতি, ঘরে মিলল জরাজীর্ণ আসবাব

দুর্নীতির অভিযোগে সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিল চীন

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিরল পরীক্ষা চীনের, প্রতিবেশীদের উদ্বেগ

চীনের আকাশচুম্বী ভবনে বিধ্বস্ত বিমান, পাইলটের আত্মহত্যার প্রবণতা ছিল

দ্বিপক্ষীয় সহযোগিতায় তিস্তা গুরুত্বপূর্ণ প্রকল্প, তৃতীয় পক্ষকে লক্ষ্য নয়: চীন