চীনের শেনজেনে অনুষ্ঠিত সাম্প্রতিক এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে ঐতিহ্যবাহী ইংগে নৃত্য পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছে সাত বছর বয়সী ঝুয়াং এনছি। ৫১ সদস্যের একটি শিশু-কিশোর নৃত্যদলের নেতৃত্বে ছিল সে। দলের সবচেয়ে কনিষ্ঠ সদস্য হলেও পরিবেশনার সময় কেন্দ্রীয় অবস্থানে থেকে নৃত্য পরিচালনা করে এনছি।
চীনের ইয়াংচেং ইভনিং নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নৃত্যদলের সদস্যদের গড় বয়স ছিল ১২ বছর। তবে এনছি চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছে আগে থেকেই পরিচিত। ২০২৪ সালের এপ্রিলে নিজের গ্রামের লোকজ সাংস্কৃতিক উৎসব চলাকালে একটি ইংগে নৃত্যদলের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে নাচে অংশ নেয় সে। ওই সময় প্রাপ্তবয়স্ক নৃত্যশিল্পীদের সঙ্গে তাঁর নাচের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রায় ১০ বিলিয়ন (১ হাজার কোটি) বার দেখা হয়। এরপর থেকেই সে পরিচিতি পায় ‘ইংগে গার্ল’ নামে।
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের শানতোউ শহরের বাসিন্দা এনছি ছোটবেলা থেকেই ইংগে নৃত্যের প্রতি আগ্রহী। তার বাবা গ্রামের নৃত্যদলে গং বাজান এবং দাদা বাজান শঙ্খ। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত মহড়া দেখতে গিয়ে এই নৃত্যের প্রতি তার ভালোবাসা তৈরি হয়। মেয়ের প্রতিভা বুঝতে পেরে বাবা তার জন্য প্রশিক্ষকের ব্যবস্থা করেন।
এনছির বাবা ঝুয়াং রংছিয়াং জানান, অন্য শিশুদের যে নাচের একটি মুদ্রা শিখতে তিন-চার দিন লাগে, এনছি সেটি মাত্র দেড় ঘণ্টায় আয়ত্ত করতে পারে। এ পর্যন্ত ইংগে নৃত্যের ১০ টির বেশি পরিবেশনা বা মুদ্রার সেট শিখেছে সে। গুয়াংডংয়ের বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও সিঙ্গাপুর ও হংকংয়ে নৃত্য পরিবেশন করেছে এনছি।
এপেক সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ পাওয়ার পর প্রস্তুতির জন্য টানা চার মাস শেনজেনে ছিল সে। প্রশিক্ষণের সময় হাত ও পায়ে বালুভর্তি ওজন বেঁধে অনুশীলন করতে হয়েছে। এতে কাঠের লাঠি দিয়ে আঘাতের কৌশল এবং পায়ের পদক্ষেপ আরও স্থির ও নিখুঁত করার অনুশীলন হয়েছে। কঠোর প্রশিক্ষণেও কোনো অভিযোগ করেনি ছোট্ট এনছি।
ইংগে নৃত্য চীনের গুয়াংডংয়ের ছাওশান অঞ্চলের কয়েক শ বছরের পুরোনো লোকজ শিল্প। ধারণা করা হয়, মিং রাজবংশের আমলে (১৩৬৮-১৬৪৪) এর প্রচলন শুরু হয়। এতে মার্শাল আর্ট ও চীনা অপেরার নানা উপাদান রয়েছে। ২০০৬ সালে চীনের জাতীয় অবস্তুগত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় এই নৃত্যধারা।
এনছির স্বপ্ন, একদিন তুষারপাত হয় এমন কোনো জায়গায় নাচবে সে। কারণ, এখনো বাস্তবে তুষারপাত দেখার সুযোগ হয়নি তার।