হোম > বিশ্ব > চীন

বন্যা মোকাবিলায় তিন প্রদেশে এক কোটি ডলার বরাদ্দ চীনের

আজকের পত্রিকা ডেস্ক­

চীনে টাইফুন ডলফিনের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ছবি: চায়না ডেইলি

চীনে টাইফুন ডলফিনের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধস মোকাবিলায় তিন প্রদেশের জন্য এক কোটি ১৮ লাখ মার্কিন ডলার (আট কোটি ইউয়ান) বরাদ্দ করেছে দেশটির সরকার। চীনের অর্থ মন্ত্রণালয় ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় গত বৃহস্পতিবার যৌথভাবে এই অর্থ বরাদ্দের ঘোষণা দেয়।

চীনা বার্তা সংস্থা সিনহুয়া ও সম্প্রচারমাধ্যম সিএমজি জানিয়েছে, চীনের হ্যনান ও হুবেই এবং পূর্বাঞ্চলের আনহুই প্রদেশে জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে এই বরাদ্দ করা অর্থ ব্যবহার হবে। ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, ঝুঁকিপূর্ণ এলাকা নিরাপদ করা এবং ক্ষতিগ্রস্ত ও ধসে পড়া বাড়িঘর পুনর্নির্মাণে এই অর্থ ব্যবহার হবে।

চীনে চলতি বছরের ১৩তম টাইফুন ছিল ডলফিন। এর প্রভাবে হুয়াংহুয়াই, চিয়াংহান ও চিয়াংহুয়াই অঞ্চলের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হয়। এতে ব্যাপক বন্যার পাশাপাশি ভূমিধসসহ বিভিন্ন ধরনের ভূতাত্ত্বিক দুর্যোগ দেখা দেয়।

৯ আগস্ট ‘টাইফুন ডলফিন’ চীনের পূর্ব উপকূলে আঘাত হানে। এর আগে এটি জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া প্রিফেকচারে তাণ্ডব চালায়। সেখানে ঝড়ের কবলে পড়ে ছয়জন আহত হন এবং ৫০ হাজারের বেশি ঘরবাড়ি ও ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।