হোম > বিশ্ব > চীন

বহুমেরু বিশ্বব্যবস্থা এগিয়ে নিতে চীন-রাশিয়াকে নেতৃত্ব দেওয়ার আহ্বান সির

আজকের পত্রিকা ডেস্ক­

সি চিনপিং ও ভ্লাদিমির পুতিন। ছবি: সিনহুয়া

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেছেন, বহুমেরু বিশ্বব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার প্রবণতাকে চীন ও রাশিয়ার নেতৃত্ব দেওয়া এবং আরও এগিয়ে নেওয়া উচিত।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, আজ বুধবার চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে সি চিনপিং ও ভ্লাদিমির পুতিনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

সি চিনপিংয়ের পর সম্মেলনে বক্তব্য দেন পুতিন। এ সময় পশ্চিমা শক্তিগুলোকে ‘সাবেক আধিপত্যবাদী শক্তি’ হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে বলেন, ইউরোপ বর্তমানে ‘অপমানজনক পতনের’ মধ্য দিয়ে যাচ্ছে।

পুতিন বলেন, ‘অভিজ্ঞতা থেকে দেখা গেছে, অর্থনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা এবং কার্যত অন্যদের ওপর চাপ প্রয়োগের প্রচলিত কৌশলগুলো এখন অনেকটাই কার্যকারিতা হারিয়েছে। এসব কৌশলের ভয় দেখানোর ক্ষমতাও আগের তুলনায় অনেক কমে গেছে।’ তিনি আরও বলেন, ‘নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণের মতো পদক্ষেপ এখনো কিছুটা নিরুৎসাহিত করার প্রভাব ফেলতে পারে। তবে এসব পদক্ষেপ অর্থনৈতিক প্রবৃদ্ধি থামিয়ে দিতে পারে না, প্রতিদ্বন্দ্বী দেশগুলোর অর্থনীতি ধ্বংস করা তো দূরের কথা।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো মস্কোর ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওই বছরের ফেব্রুয়ারিতে প্রতিবেশী দেশ ইউক্রেনে রুশ বাহিনীর আগ্রাসনের মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়।

এপেক ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সংস্থাটির সদস্যসংখ্যা ২১। সদস্য দেশগুলো সম্মিলিতভাবে বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫০ শতাংশেরও বেশি প্রতিনিধিত্ব করে। এসব দেশের মোট জনসংখ্যা প্রায় ২৭০ কোটি। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধি বাড়ানোই এপেকের মূল লক্ষ্য।

এ বছরের সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বাণিজ্যসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই দুটি ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র ও চীনের প্রভাব ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এপেকের সদস্য দেশগুলোর পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সমঝোতা বা বিরতি। আগামী জানুয়ারির পর এই সমঝোতার মেয়াদ বাড়ানো হবে কি না, সেটিই এখন আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।