যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) বিমানবাহিনীর একটি দল গতকাল শুক্রবার মিসরে পৌঁছেছে। ‘ঈগলস অব সিভিলাইজেশন-২০২৬’ নামে এই মহড়া আগামী মাস পর্যন্ত চলবে। এটি চীন ও মিসরের বিমানবাহিনীর মধ্যে দ্বিতীয় যৌথ মহড়া।
সাউথ চায়না মর্নিং পোস্ট ও সিএমজির খবরে জানা যায়, চীনের একটি বিমানবন্দর থেকে গত বৃহস্পতিবার বিমানবহরটি যাত্রা শুরু করে। ৬ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে প্রায় ৯ ঘণ্টা পর মিসরে পৌঁছায়।
চীনা দলের সদস্য লি মিংইয়াং বলেন, মিশনে যাওয়ার আগে রুট পরিকল্পনা, আবহাওয়া পরিস্থিতি ও জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ে বিস্তারিত প্রস্তুতি নেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সেনাবাহিনী একাধিক বিদেশি মিশনে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে বলেও জানান তিনি।
মিসরে পৌঁছানোর পর চীনা সেনারা দ্রুত সরঞ্জাম নামানো ও প্রয়োজনীয় ব্যবস্থা স্থাপন করে। পাশাপাশি মিসরীয় পক্ষের সঙ্গে সমন্বয় ও মতবিনিময় শুরু করে এবং আসন্ন মহড়ার জন্য বিমান পরিচালনার প্রস্তুতিও নেয়।
মহড়ায় আকাশপথে যুদ্ধের কৌশল, যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধার এবং সেনাবাহিনীর সমন্বিত অভিযানসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।