অনলাইনে বিপুল পরিমাণ খাবার খাওয়ার ভিডিও বানিয়ে পরিচিতি পাওয়া চীনা মুকবাং ইনফ্লুয়েন্সার চেন জিই মারা গেছেন। অনলাইনে তিনি ‘ইয়িংইং’ নামে পরিচিত ছিলেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।
মার্কিন ম্যাগাজিন ‘দ্য পিপল’ জানায়, গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
ইয়িংইং-এর সামাজিক যোগাযোগমাধ্যমে ১০ লাখের বেশি অনুসারী ছিল। মুকবাং হলো এমন এক ধরনের অনলাইন কনটেন্ট, যেখানে বিপুল পরিমাণ খাবার খেতে খেতে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করেন কনটেন্ট নির্মাতারা। দক্ষিণ কোরিয়ায় এই ধারার সূচনা হলেও পরে তা বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে।
ইয়িংইং-এর বাবা-মা গত ৪ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানান। মৃত্যুর মাত্র তিন দিন আগে গত ১৪ আগস্ট প্রকাশিত নিজের শেষ ভিডিওতে শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন ইয়িংইং। হাসপাতালের শয্যায় ধারণ করা ওই ভিডিওতে ইয়িংইং জানান, রক্তে পটাশিয়ামের মাত্রা কমে যাওয়ায় তিনি চিকিৎসাধীন ছিলেন। একই কারণে এর আগেও তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
ভিডিওতে ইয়িংইং বলেন, তাঁর রক্তে পটাশিয়ামের মাত্রা নেমে ২ দশমিক ৩ মিলিমোলস প্রতি লিটারে পৌঁছেছিল। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত রক্তে পটাশিয়ামের মাত্রা ৩ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২ মিলিমোলস প্রতি লিটারের মধ্যে থাকে। ৩-এর নিচে নেমে গেলে তা গুরুতর হাইপোক্যালেমিয়া হিসেবে বিবেচিত হয়।
পটাশিয়াম শরীরের গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইটগুলোর একটি এবং হৃদ্যন্ত্রের স্বাভাবিক বৈদ্যুতিক কার্যক্রমের জন্য এটি অপরিহার্য। মাত্রাতিরিক্ত ঘাটতি হলে হৃদ্যন্ত্রের ছন্দে মারাত্মক সমস্যা তৈরি হয়, এমনকি হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধও হয়ে যেতে পারে।
ইয়িংইং তাঁর অসুস্থতার সঙ্গে মুকবাং পেশার কথাও উল্লেখ করেছিলেন। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির জন্য দীর্ঘদিন ধরে খাওয়ার পর খাবার বমি করে ফেলার অভ্যাস ছিল তাঁর। অতিরিক্ত বমির মতো কারণে শরীর থেকে পটাশিয়াম কমে যেতে পারে।
শেষ ভিডিওতে অনুসারীদের নিজেদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার আহ্বান জানান ইয়িংইং। তিনি বলেন, অর্থ উপার্জন গুরুত্বপূর্ণ হলেও স্বাস্থ্যের বিষয়টি সব সময় সবার আগে রাখা উচিত।
মৃত্যুর পর ইয়িংইংয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোও সরিয়ে নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।