চলতি বছরের প্রথম সাত মাসে ৩১ টনের বেশি মূল্যবান জাফরান রপ্তানি করেছে আফগানিস্তান। এ থেকে দেশটির আয় হয়েছে ৪৮ মিলিয়ন ডলারেরও বেশি। দেশটির হেরাত প্রাদেশিক সরকারের কার্যালয় এই তথ্য জানিয়েছে।
জাফরান উৎপাদনের অন্যতম প্রধান অঞ্চল হেরাত প্রদেশের সরকারি কার্যালয়ের তথ্যমতে, বর্তমানে আফগানিস্তানের প্রায় ১৪ হাজার হেক্টর জমিতে উচ্চমূল্যের এই মসলার চাষ হচ্ছে। এর মধ্যে প্রায় ১২ হাজার হেক্টর জমিই পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে অবস্থিত।
কর্তৃপক্ষের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর দেশজুড়ে ৫০ থেকে ৭০ টন জাফরান উৎপাদিত হতে পারে।
এদিকে আফগানিস্তানের স্থানীয় বাজারে বর্তমানে প্রতি কেজি জাফরান বিক্রি হচ্ছে প্রায় ১ লাখ আফগানি মুদ্রায়, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ৯২ হাজার টাকারও বেশি। দেশটির বাজারে মসলাটির দাম ধারাবাহিকভাবে বাড়ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।