মার্কিন ব্যবসা-সংক্রান্ত সাময়িকী ফোর্বসের প্রকাশ করা ২০২৬ সালের সিঙ্গাপুরের শীর্ষ ৫০ জন ধনীর তালিকা থেকে বাদ পড়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান।
গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে তাঁর অবস্থান পিছিয়ে পড়ার পর এবার শীর্ষ ৫০ জনের তালিকা থেকে তিনি বাদ পড়লেন।
গত ২ সেপ্টেম্বর ফোর্বস ‘সিঙ্গাপুরস ৫০ রিচেস্ট’ ২০২৬ শীর্ষক তালিকাটি প্রকাশ করে।
এর আগে ২০২৫ সালের তালিকায় আজিজ খানের অবস্থান ছিল ৪৯তম। তবে আগের বছরগুলোর তুলনায় সাময়িকীটির এই বার্ষিক ক্রমতালিকায় তাঁর অবস্থান প্রতিনিয়তই নামছিল—২০২৪ সালে তিনি ছিলেন ৪৩তম এবং ২০২৩ সালের তালিকায় তাঁর অবস্থান ছিল ৪১তম স্থানে।
ফোর্বসের ২০২৫ সালের প্রকাশিত তালিকায় আজিজ খানের নিট সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছিল ১১০ কোটি মার্কিন ডলার। তবে সাময়িকীটির বিলিয়নিয়ার প্রোফাইলের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, তাঁর মোট সম্পদের পরিমাণ কিছুটা কমে বর্তমানে প্রায় ১০০ কোটি ডলারে পৌঁছেছে। সম্পদের এই হ্রাসের কারণেই তিনি শীর্ষ ৫০ জনের তালিকা থেকে ছিটকে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মুহাম্মদ আজিজ খান বর্তমানে সিঙ্গাপুরের নাগরিক ও স্থায়ী বাসিন্দা। তাঁর আয়ের ও সম্পদের মূল উৎস বিদ্যুৎ ও জ্বালানি খাত। বাংলাদেশে সামিট গ্রুপের অধীন বিদ্যুৎ উৎপাদন, বন্দর ব্যবস্থাপনা, ফাইবার অপটিক নেটওয়ার্ক ও আবাসন খাতে বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে।
এ ছাড়া জাপানের পাওয়ার কোম্পানি ‘জেরা’ (JERA) সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ারের মালিক।
ফোর্বসের ২০২৬ সালের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এদুয়ার্দো স্যাভেরিন। তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ৩ হাজার ২৯০ কোটি মার্কিন ডলার।
১ হাজার ৬১০ কোটি ডলারের সম্পদ নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কুয়েক লেং বেং ও তাঁর পরিবার।
এ ছাড়া ১ হাজার ৪৩০ কোটি ডলারের সম্পত্তি নিয়ে সিঙ্গাপুরের তৃতীয় শীর্ষ ধনীর অবস্থানে রয়েছেন রবার্ট এনজি ও ফিলিপ এনজি।