হোম > বিশ্ব > এশিয়া

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে ৩ জনের প্রাণহানি, এখনো নিখোঁজ ৩৬

আজকের পত্রিকা ডেস্ক­

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: এএফপি

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে মিষ্টি ও কনফেকশনারি পণ্য তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ৩৬ জন নিখোঁজ রয়েছেন। রোববার দেশটির একজন উদ্ধারকর্মী এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ড্রোনে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, আগুনে কারখানাটির বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। ভবনের বিভিন্ন স্থানে ছাদ ধসে পড়েছে এবং কারখানা চত্বর থেকে তখনো ধোঁয়া উঠছিল। উদ্ধারকর্মীদের প্রকাশ করা ছবি ও ভিডিওতে দেখা যায়, পুড়ে যাওয়া ভবনের ভেতরে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ভবনের কয়েকটি স্থানে তখনো ছোট ছোট আগুন জ্বলছিল।

স্থানীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা কারখানার প্রবেশপথের কাছে ভিড় করেছেন। তাঁরা তাঁদের প্রিয়জনদের বিষয়ে সর্বশেষ তথ্য জানার অপেক্ষায় ছিলেন। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মকর্তা রিজকি দিওয়ান্তো জানান, রাজধানী জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) দূরে সেরাং জেলায় অবস্থিত ফনুসা আগুং মুলিয়া কারখানাটিতে শনিবার বিকেলে আগুন লাগে।

তিনি বলেন, ‘যৌথ অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সব সদস্য নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। একই সঙ্গে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’ রিজকি জানান, অগ্নিকাণ্ডে চারজন আহত হয়েছেন। তাঁদের কাছাকাছি একটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তুবাগুস মাচফুদজ স্থানীয় সম্প্রচারমাধ্যম কমপাস টিভিকে জানান, শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে (গ্রিনিচ মান সময় সকাল ৯টা ৩০ মিনিট) আগুন লাগার খবর পান তাঁরা। ঘটনাস্থলে পৌঁছে দেখেন, ভবনটি ততক্ষণে আগুনে সম্পূর্ণভাবে পুড়ছিল। তিনি বলেন, ‘আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই, তখন কারখানার বিশাল একটি অংশে আগুন ছড়িয়ে পড়েছিল। ফলে কোম্পানির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ঠিকমতো কাজ করছিল কি না, তা নির্ধারণ করা সম্ভব হয়নি।’

বানতেন প্রদেশের গভর্নর আন্দ্রা সোনি শনিবার রাতে সাংবাদিকদের জানান, আগুন লাগার সময় কারখানাটির ভেতরে আনুমানিক ৬০ জন মানুষ ছিলেন।

মিষ্টি ও কনফেকশনারি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফনুসা আগুং মুলিয়া পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে নিজেদের ইউনিফাম প্রতিষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিয়েছে। ইউনিফাম দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বড় ভোগ্যপণ্য ও খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা রোববার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ এখনো তদন্তাধীন।

ইন্দোনেশিয়ায় প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। গত বছরের ডিসেম্বরে রাজধানী জাকার্তায় সাততলা একটি ভবনে আগুন লাগে। পুলিশের ধারণা, ড্রোনের ব্যাটারি বিস্ফোরণ থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছিল। এতে অন্তত ২২ জন নিহত হন। এ ছাড়া ২০২৩ সালে দেশটির পূর্বাঞ্চলে একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩ জন নিহত হন।