হোম > বিশ্ব > এশিয়া

হাইকমিশনের বাইরে থাকা স্থাপনা নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে থাকা কিছু অনুমোদনহীন স্থাপনা সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার (১৯ আগস্ট) রাতে হাইকমিশনের ভিসা বিভাগের কাছাকাছি এলাকায় থাকা এসব স্থাপনা সরানো হয়। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, স্থাপনাগুলো হাইকমিশন চত্বরের নির্ধারিত সীমানার বাইরে ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান হাইকমিশনের ভিসা বিভাগের কাছাকাছি এলাকায় এসব স্থাপনা তৈরি করা হয়েছিল। বুধবার রাতে কর্তৃপক্ষ সেখানে অভিযান চালিয়ে অনুমোদনহীন স্থাপনা সরিয়ে দেয়।

ভারতের এই পদক্ষেপকে পাকিস্তানের পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে দেখা হচ্ছে। এর আগে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে থাকা পার্কিংয়ের খুঁটি সরিয়ে দিয়েছিল পাকিস্তানি কর্তৃপক্ষ। ভারতীয় হাইকমিশন আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানোর পরও এসব খুঁটি সরানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এমন পাল্টাপাল্টি পদক্ষেপ নতুন নয়। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও পাকিস্তান পরস্পরের কূটনৈতিক মিশনের কর্মীসংখ্যা কমানো, প্রবেশাধিকার কঠোর করা এবং বিভিন্ন প্রশাসনিক বিধিনিষেধ আরোপের মতো পদক্ষেপ নিয়েছে। ফলে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন আরও বেড়েছে।

গত বছরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তলানিতে ঠেকে। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ওই হামলায় ২৬ জন নিহত হন।

হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তোলে। এরপর গত মে মাসে পাকিস্তানের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। এর জেরে দুই দেশের মধ্যে প্রায় ৮৭ ঘণ্টা ধরে সামরিক সংঘাত চলে।

এর আগে ২০২৫ সালের এপ্রিলেই ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল। পাকিস্তান সীমান্তপারের সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ না করা পর্যন্ত চুক্তিটি স্থগিত থাকবে বলে জানিয়েছিল নয়াদিল্লি।

এসব ঘটনার পর দুই দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক কার্যত স্থবির হয়ে পড়ে। ২০১৯ সালের আগস্টে পাকিস্তান ভারতে নিযুক্ত হাইকমিশনারের মর্যাদা কমিয়ে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ পর্যায়ে নামিয়ে আনে।

ইসলামাবাদের পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে থাকা অনুমোদনহীন স্থাপনা সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। ছবি: ভিডিও থেকে নেওয়া

পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তান হাইকমিশন থেকে সামরিক, নৌ ও বিমানবাহিনীর উপদেষ্টাদেরও বহিষ্কার করে। একই সঙ্গে আটারি সীমান্তের সমন্বিত চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয় এবং পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুবিধাও বাতিল করে ভারত।

পরে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কর্মীসংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ জনে নামিয়ে আনা হয়।

এর জবাবে পাকিস্তান ভারতীয় মালিকানাধীন বিমান সংস্থাগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। একই সঙ্গে সীমান্তের পাকিস্তান অংশের চেকপোস্টও বন্ধ করে দেওয়া হয়।

পাকিস্তান হাইকমিশনের বাইরে স্থাপনা সরানো এবং ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরে পার্কিংয়ের খুঁটি অপসারণ—দুই দেশের সম্পর্কের সেই পাল্টাপাল্টি পদক্ষেপেরই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে।

এদিকে ভারতের এই পদক্ষেপের দিনই জম্মু ও কাশ্মীর নিয়ে যুক্তরাষ্ট্রের এক মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জম্মু ও কাশ্মীরকে ভারতের একটি ‘গুরুত্বপূর্ণ অংশ’ হিসেবে উল্লেখ করেছেন। তাঁর এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে বুধবার রাতে ইসলামাবাদে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে পাকিস্তান। এ সময় তাঁর কাছে কঠোর প্রতিবাদ জানানো হয়।

জম্মু ও কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বলে আসছে, এ বিষয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয়ভাবে সমাধান হওয়া উচিত। তবে গোরের সাম্প্রতিক মন্তব্যকে সেই অবস্থানের তুলনায় ভারতের প্রতি অধিক সমর্থন হিসেবে দেখছে ইসলামাবাদ।

ভারতে মার্কিন রাষ্ট্রদূত হওয়ার পর চলতি বছর প্রথমবারের মতো জম্মু ও কাশ্মীর সফরে গিয়ে এই মন্তব্য করেন গোর।