হোম > বিশ্ব > এশিয়া

আকাশে সবচেয়ে বড় ডাবল বেড আনছে সিঙ্গাপুর এয়ারলাইনস

আজকের পত্রিকা ডেস্ক­

দম্পতিদের জন্য বিশেষ স্যুটে দুটি আসন একসঙ্গে যুক্ত করে তৈরি করা যাবে ৮০ ইঞ্চি লম্বা ও ৬০ ইঞ্চি চওড়া ডাবল বেড। ছবি: সিএনএন

দীর্ঘ দূরত্বের যাত্রায় যাত্রীদের বিলাসবহুল অভিজ্ঞতা দিতে উড়োজাহাজের কেবিনে বড় ধরনের পরিবর্তন আনছে সিঙ্গাপুর এয়ারলাইনস। এ জন্য ১৬০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে প্রতিষ্ঠানটি। প্রথম শ্রেণির যাত্রীদের জন্য থাকছে বাণিজ্যিক উড়োজাহাজে স্থাপিত বিশ্বের সবচেয়ে বড় ডাবল বেড। পাশাপাশি থাকছে উন্নত আসন, ব্যক্তিগত গোপনীয়তা ও আধুনিক প্রযুক্তির নানা সুবিধা।

বুধবার (১১ নভেম্বর) সিএনএন জানায়, সাম্প্রতিক স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ডে কাতার এয়ারওয়েজকে পেছনে ফেলে বিশ্বের সেরা এয়ারলাইনসের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। তবে বিলাসবহুল ভ্রমণসেবার বাজারে প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। গত সেপ্টেম্বরে প্রতিদ্বন্দ্বী অ্যামিরেটস ৫০০ কোটি ডলারের সংস্কার পরিকল্পনা ঘোষণা করে। লুফথানসা, ইত্তিহাদ ও এয়ার ফ্রান্সও সাম্প্রতিক বছরগুলোতে বড় অঙ্কের বিনিয়োগে তাদের উড়োজাহাজের কেবিন আধুনিক করেছে।

এদিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের নতুন প্রথম শ্রেণির স্যুটকে বলা হচ্ছে ব্যক্তিগত বিলাসবহুল আশ্রয়স্থল। এতে থাকবে ছাদ পর্যন্ত বিস্তৃত গোপনীয়তার দেয়াল, উন্নত মানের সুতি কাপড় ও চামড়ার আসন। আসনগুলো ৮০ ইঞ্চি লম্বা ও ৩০ ইঞ্চি চওড়া বিছানায় রূপান্তর করা যাবে।

দম্পতিদের জন্য মাঝখানের বিশেষ স্যুটে দুটি আসন একসঙ্গে যুক্ত করে তৈরি করা যাবে ৮০ ইঞ্চি লম্বা ও ৬০ ইঞ্চি চওড়া ডাবল বেড। প্রতিষ্ঠানটির দাবি, বাণিজ্যিক উড়োজাহাজে এটিই সবচেয়ে বড় ডাবল বেড। এতে সর্বোচ্চ ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার যাত্রীরও আরামে ঘুমানোর সুযোগ থাকবে। বিছানার সামনে থাকবে ৩২ ইঞ্চির পর্দা।

৬ নভেম্বর সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডসে নতুন কেবিনের উদ্বোধনী অনুষ্ঠানে এর নমুনা দেখানো হয়। তবে পূর্ণাঙ্গ বিছানার অভিজ্ঞতা পরীক্ষার সুযোগ পাওয়া যায়নি। যাত্রার সময় এতে ম্যাট্রেস টপার, চাদর ও বালিশ যুক্ত করা হবে।

বিজনেস ক্লাসেও আসছে পরিবর্তন। প্রথমবারের মতো স্লাইডিং দরজা, তারহীন ফোন চার্জিং এবং যাত্রীর পছন্দের আসন ও আলোর সেটিংস মনে রাখার মতো স্মার্ট নিয়ন্ত্রণব্যবস্থা যুক্ত হচ্ছে। নতুন আসনগুলোর নকশা করেছে বিএমডব্লিউর সৃজনশীল প্রতিষ্ঠান ডিজাইনওয়ার্কস। তবে আসনের রং ও নকশা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও হয়েছে। কেউ কেউ এগুলোকে দাঁতের চিকিৎসকের চেয়ারের সঙ্গে তুলনা করেছেন।

ইকোনমি ক্লাসের যাত্রীদের জন্যও থাকছে কিছু উন্নয়ন। দীর্ঘ দূরত্বের ফ্লাইটে যুক্ত হবে ফোরকে রেজল্যুশনের টাচস্ক্রিন বিনোদনব্যবস্থা এবং শতাধিক নতুন খাবার। আসনে হাঁটু ও পায়ের জন্য কিছুটা বাড়তি জায়গার প্রতিশ্রুতি দিয়েছে এয়ারলাইনসটি। প্রিমিয়াম ইকোনমি ক্লাসেও বাড়ানো হবে ব্যক্তিগত জায়গা ও আরাম।

২০২৭ সাল থেকে নতুন কেবিনগুলো প্রায় ১০০টি দীর্ঘ দূরত্বের উড়োজাহাজে চালু করার পরিকল্পনা রয়েছে। নতুন বোয়িং ৭৭৭-৯ ও সংস্কার করা এয়ারবাস এ৩৫০-৯০০ উড়োজাহাজে এসব সুবিধা পাওয়া যাবে।