হোম > বিশ্ব > এশিয়া

জাপানে ট্রেনের ধাক্কায় চারজন নিহত

আজকের পত্রিকা ডেস্ক­

দুর্ঘটনায় জড়িত ট্রেনটি ছিল একটি লিমিটেড এক্সপ্রেস ট্রেন। ছবি: বিবিসি

জাপানের রাজধানী টোকিওর উত্তরে শিন-কানুমা স্টেশনে ট্রেনের ধাক্কায় চার শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টা ৪৬ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেললাইনটির পরিচালনাকারী প্রতিষ্ঠান তোবু রেলওয়ে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় শ্রমিকেরা রেললাইনের আশপাশে আগাছানাশক ছিটানোর কাজ করছিলেন। এ সময় একটি ট্রেন তাঁদের ধাক্কা দেয়। নিহত চারজনের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। তাঁরা ওই স্থানে কাজ করা ১০ সদস্যের একটি দলের অংশ ছিলেন।

বিবিসি জানিয়েছে, দুর্ঘটনার সময় নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা তদন্ত করছে পুলিশ। কর্মীদলের সঙ্গে একজন তত্ত্বাবধায়ক এবং ট্রেন আসার বিষয়ে শ্রমিকদের সতর্ক করার দায়িত্বে থাকা তিনজন প্রহরীও ছিলেন।

সাধারণত ট্রেন আসার সময় প্রহরীরা বাঁশি ও মাইক্রোফোনের মাধ্যমে শ্রমিকদের সতর্ক করেন। পাশাপাশি চালকের দৃষ্টি আকর্ষণে হলুদ পতাকা নাড়ানো হয়। তবে দুর্ঘটনার আগে কেউ ট্রেনের দিকে নজর রাখছিলেন কি না—এ প্রশ্নের স্পষ্ট জবাব দিতে পারেননি তোবু রেলওয়ের কর্মকর্তারা।

দুর্ঘটনায় জড়িত ট্রেনটি ছিল একটি লিমিটেড এক্সপ্রেস ট্রেন। জাপানি গণমাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে বলা হয়েছে, শিনকানসেন বা বুলেট ট্রেনের পর এটিই দেশটির দ্বিতীয় দ্রুতগতির ট্রেনসেবা।

ট্রেনের এক যাত্রী এনএইচকেকে জানান, হঠাৎ একটি ‘অস্বাভাবিক শব্দ’ শোনার পর ট্রেনটি জরুরি ভিত্তিতে থেমে যায়। এরপর কিছু সময় যাত্রীরা ট্রেনের ভেতরে আটকা ছিলেন এবং কর্মীরা শব্দটির কারণ অনুসন্ধান করছেন বলে ঘোষণা দেওয়া হয়।

দুর্ঘটনার কারণে তোবু নিক্কো লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। জাপানে বিস্তৃত ও উন্নত রেলওয়ে নেটওয়ার্ক থাকা সত্ত্বেও এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা তুলনামূলকভাবে বিরল।

তোবু রেলওয়ের মহাব্যবস্থাপক তাকাও সুজুকি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন, দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।