ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি সোনার খনিতে ভূমিধসের পর পানি ঢুকে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। চিগুহা এলাকার ওই খনিটি অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছিল বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিবিসি ও আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বোগর জেলার চিগুহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ভূমিধসে খনির একটি অংশ ধসে পড়ার পর সেখানে পানি ঢুকে যায়। খনির একটি অংশে থাকা ১১ জন শ্রমিক গর্তটি পানিতে ভরে যাওয়ার আগেই বেরিয়ে আসতে সক্ষম হন।
জাকার্তা সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির তথ্য অনুযায়ী, খনির ভেতরে আরও ১৩ জন শ্রমিক আটকা পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবারও সেখানে উদ্ধার অভিযান চালান কয়েক শ উদ্ধারকর্মী। পাশাপাশি অবস্থিত দুটি খনির প্রবেশপথে তিন শতাধিক উদ্ধারকর্মী কাজ করছেন।
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে দড়ির সাহায্যে খনির গভীরে পৌঁছানোর চেষ্টা করছেন তাঁরা। তবে উদ্ধারকাজ চালাতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে কর্মীদের। খনির প্রবেশপথ সরু, ভেতরের গঠন অসমান, চারদিকে পানি, আলো কম এবং মাটি পিচ্ছিল। এর সঙ্গে আশপাশে হালকা বৃষ্টি হওয়ায় উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে উঠেছে। খনির ওপরে অ্যাম্বুলেন্স ও চিকিৎসাকর্মীদের প্রস্তুত রাখা হয়েছে, যাতে উদ্ধার হওয়া ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়া যায়।
জাকার্তা সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি বুধবার এক বিবৃতিতে বলেন, উদ্ধার অভিযানে যুক্ত সব কর্মীর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। পানির পরিস্থিতি পর্যবেক্ষণ এবং খনির গর্তে প্রবেশের পথ মূল্যায়ন করা হচ্ছে। গর্তের গভীরতা, প্রবেশপথের সংকীর্ণতা ও সীমিত আলোর বিষয়গুলো বিবেচনায় নিয়ে উদ্ধার অভিযানের কৌশল নির্ধারণ করতে হচ্ছে, যাতে উদ্ধারকর্মীরা নিরাপদে কাজ করতে পারেন।
এদিকে দুর্ঘটনাস্থলে কতজন শ্রমিক ছিলেন, তা নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। বোগর জেলা আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার জরুরি ও লজিস্টিক বিভাগের প্রধান এম আদম হামদানি বলেন, মোট হতাহতের সংখ্যা এখনো অস্পষ্ট। ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম ডেটিককে তিনি বলেন, ‘কেউ বলছেন ২০ জন, আবার কেউ বলছেন ২৯ জন। সমস্যা হলো, কেউ এ বিষয়ে প্রতিবেদন করেননি, কেউ জানাতেও চান না।’
ইন্দোনেশিয়ায় ক্ষুদ্র পরিসরে সোনার খনন নিষিদ্ধ। তবে খনিজসম্পদে সমৃদ্ধ দেশটির গ্রামাঞ্চলে এ ধরনের খনির কার্যক্রম ব্যাপকভাবে চলছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, গত ১০ বছরে দেশটিতে অবৈধ সোনার খনির কার্যক্রম দ্রুত বেড়েছে। সোনার দাম বাড়ার সঙ্গে এ প্রবণতার সম্পর্ক রয়েছে বলে গবেষণাগুলোতে উল্লেখ করা হয়েছে। ২০২৬ সালের শুরুর দিকে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে দেশজুড়ে খনির তৎপরতা আরও বেড়ে যায়।
দুর্ঘটনাস্থলের এলাকায় রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি আনেকা তামবাংয়ের (অ্যান্টাম) খনির ব্যবসায়িক অনুমতিপত্র রয়েছে। তবে অ্যান্টাম জানিয়েছে, দুর্ঘটনাকবলিত খনিটি তাদের নয় এবং তাদের অনুমোদন ছাড়াই সেখানে খননকাজ চলছিল।
বুধবার উদ্ধার অভিযান চলার মধ্যেই পশ্চিম জাভা আঞ্চলিক পুলিশ জানায়, শুধু অক্টোবর ও নভেম্বর মাসেই প্রদেশটিতে অবৈধ খনির ২৪টি ঘটনা শনাক্ত করেছে তারা।
সেন্টার ফর এনার্জি অ্যান্ড মাইনিং ল স্টাডিজের নির্বাহী পরিচালক বিসমান বাখতিয়ার চলতি বছরের শুরুর দিকে বিবিসিকে বলেন, ইন্দোনেশিয়ায় অবৈধ খনির প্রকৃত সংখ্যা সরকারের দেওয়া হিসাবের চেয়ে বেশি। তাঁর ভাষায়, সরকারের হিসাবে শুধু নথিভুক্ত খনিগুলোই রয়েছে। ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার কথা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানও এ খাতের অবৈধ কার্যক্রমে খুব একটা প্রভাব ফেলতে পারেনি বলে মনে করেন তিনি। দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম চলায় এখনো এর ব্যাপকতা অনেক বেশি।
অবৈধ খনির কার্যক্রমের পেছনে দুর্নীতিরও ভূমিকা রয়েছে বলে অভিযোগ রয়েছে। ইন্দোনেশিয়ার দুর্নীতি দমন কমিশনের সাবেক উপপ্রধান লাওদে এম শ্যারিফ বলেন, প্রতিটি অবৈধ খনির পেছনে কোনো না কোনো প্রভাবশালী ব্যক্তির আশ্রয়-প্রশ্রয় রয়েছে। সাধারণত পুলিশ, সামরিক বাহিনী কিংবা স্থানীয় ও প্রাদেশিক সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এসব খনিকে সুরক্ষা দেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর মতে, এসব পৃষ্ঠপোষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবৈধ খনন বন্ধ হবে না।
তবে অনেক শ্রমিকের কাছে এসব খনি জীবিকা নির্বাহের একটি পথ। অন্য কোনো কার্যকর আয়ের সুযোগ না থাকায় তাঁরা ঝুঁকি নিয়েই সেখানে কাজ করেন। সাম্প্রতিক মাসগুলোতে সোনার দাম কিছুটা কমলেও দেশটির বিভিন্ন এলাকায় অবৈধ খনিশ্রমিকেরা এখনো সোনার সন্ধানে খননকাজ চালিয়ে যাচ্ছেন।
এসব খনিতে যথাযথ নিয়ন্ত্রণ ও নিরাপদ অবকাঠামো না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। ভূমিধস, বন্যা কিংবা বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে সাম্প্রতিক বছরগুলোতে বহু শ্রমিকের মৃত্যু হয়েছে। চলতি বছরের শুরুর দিকে এ সপ্তাহে দুর্ঘটনাকবলিত খনিটির একই এলাকায় কার্বন মনোক্সাইড গ্যাস ছড়িয়ে পড়ার পর ১১ জন অবৈধ সোনার খনিশ্রমিকের মৃত্যু হয়েছিল বলে খবর পাওয়া যায়।
এ ছাড়া গত মে মাসে পশ্চিম সুমাত্রায় ভারী বৃষ্টিতে ৩০ মিটার উঁচু একটি পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে একটি অবৈধ সোনার খনির ১২ জন শ্রমিক মাটিচাপা পড়েন। তাঁদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়। ইন্দোনেশিয়ার বিভিন্ন দ্বীপে এ ধরনের আরও অনেক দুর্ঘটনা ঘটে। তবে ক্ষুদ্র পরিসরে সোনার খনন অবৈধ হওয়ায় এসব ঘটনায় প্রকৃত কতজনের মৃত্যু হয়েছে, তার সঠিক হিসাব পাওয়া কঠিন।
বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার ওম্বাডসম্যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অবৈধ খনির পেছনে থাকা বৃহত্তর কাঠামোগত সমস্যাগুলো সমাধানের তাগিদ দিয়েছে সংস্থাটি।
ওম্বাডসম্যানের সদস্য আবদুল গফফার বলেন, এ ঘটনাকে অবৈধ সোনার খনির সমস্যা সামগ্রিকভাবে সমাধানের সুযোগ হিসেবে নিতে হবে। শুধু দুর্ঘটনার পর ব্যবস্থা নেওয়া কিংবা শনাক্ত হওয়া খনিগুলোর গর্ত বন্ধ করে দেওয়াই যথেষ্ট নয়।
তিনি আরও বলেন, অবৈধ সোনার খনির পুরো কর্মকাণ্ডের শৃঙ্খল উন্মোচন করতে হবে। শুধু মাঠপর্যায়ের খনিশ্রমিকদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হলে চলবে না। যাঁরা এসব কার্যক্রম নিয়ন্ত্রণ করেন, অর্থ ও সরঞ্জাম জোগান দেন, উত্তোলিত সোনা মজুত করেন এবং বাজারজাত করেন, তাঁদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।
এদিকে দুর্ঘটনার তিন দিনের বেশি সময় পেরিয়ে গেলেও নিখোঁজ শ্রমিকদের স্বজনেরা এখনো অপেক্ষায় রয়েছেন। একের পর এক মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে দুর্ঘটনার চিত্র আরও স্পষ্ট হচ্ছে। তবে নিখোঁজ ব্যক্তিদের কেউ জীবিত আছেন কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বাবার খোঁজে অপেক্ষায় থাকা রানি বলেন, ‘আশা করি, তাঁকে দ্রুত খুঁজে পাওয়া যাবে।’