হোম > বিশ্ব > এশিয়া

বিশ্বভ্রমণে বেরিয়ে মাঝপথে যাত্রীদের নামিয়ে দেওয়া প্রমোদতরিটি সিঙ্গাপুরে জব্দ

আজকের পত্রিকা ডেস্ক­

‘ভিলা ভি রেসিডেন্সেস’ পরিচালিত ‘দ্য ওডিসি’ প্রমোদতরি। ছবি: বিবিসি

বিশ্বভ্রমণে বেরিয়ে মাঝপথে অর্থসংকটে পড়ে যাত্রীদের কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া একটি প্রমোদতরি (ক্রুজ শিপ) জব্দ করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। ‘দ্য ওডিসি’ নামের জাহাজটি বর্তমানে সিঙ্গাপুর বন্দরের জলসীমায় নোঙর করা রয়েছে। আদালতের আদেশে এটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বন্দর কর্তৃপক্ষ।

২০২৪ সালের অক্টোবরে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে যাত্রা শুরু করেছিল জাহাজটি। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত এই ক্রুজে যাত্রীদের সাড়ে তিন বছরে ১৫০টি দেশ ভ্রমণের কথা ছিল। তবে জ্বালানি ব্যয়ের অস্বাভাবিক বৃদ্ধির কারণ দেখিয়ে গত মাসে প্রতিষ্ঠানটি কার্যক্রম স্থগিত করলে কম্বোডিয়ার সিহানুকভিল বন্দরে প্রায় ২০০ যাত্রীকে জাহাজ ছেড়ে যেতে হয়।

সিঙ্গাপুরের বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজে থাকা নাবিক ও কর্মীরা ভালো আছেন। তাঁদের কল্যাণ ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন জাহাজটির ঋণদাতারা। আদালতের আদেশ অনুযায়ী জাহাজটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় সিঙ্গাপুরের আইনজীবী প্রতিষ্ঠান হেলসম্যান এলএলসিকে জব্দের দায়িত্বপ্রাপ্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে তারা কোন পক্ষের প্রতিনিধিত্ব করছে, তা স্পষ্ট নয়।

জাহাজটির যাত্রীদের জন্য কয়েক ধরনের আবাসন সুবিধা রেখেছিল পরিচালনাকারী প্রতিষ্ঠান। কেউ কেবিন কিনে স্থায়ীভাবে বসবাস করতে পারতেন, কেউ পাঁচ বছরের আবাসন সুবিধা নিতে পারতেন। আবার কয়েক দিনের জন্য কেবিন ভাড়া নেওয়ারও সুযোগ ছিল। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, কেবিনের স্থায়ী মালিকানা পেতে খরচ ছিল ১ লাখ ২০ হাজার থেকে ৪ লাখ ৪০ হাজার ডলার। মাসিক ভাড়া ছিল ৩ হাজার ৫০০ ডলার থেকে।

তবে শুরু থেকেই নানা সমস্যায় পড়েছিল এই ক্রুজ। মেরামত ও প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতায় যাত্রা চার মাস পিছিয়ে যায়। ভিয়েতনামে অবস্থানকালে সরবরাহকারীর পাওনা পরিশোধ না করায় জাহাজের কর্মীদের স্থানীয় দোকান থেকে খাবার কিনতে হয়েছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

গত আগস্টে সিঙ্গাপুরে অবস্থানকালে প্রতিষ্ঠানটি যাত্রীদের আর্থিক সংকটের কথা জানিয়েছিল। ক্রুজের কার্যক্রম চালু রাখতে যাত্রীদের কাছ থেকেও অর্থ সংগ্রহ করতে হয়েছিল। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় যাত্রীদের কাছে অতিরিক্ত অর্থও চাওয়া হয়েছিল। একই সঙ্গে ভ্রমণসূচি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়।

ভিলা ভি রেসিডেন্সেস গত ২৭ অক্টোবর এক বিবৃতিতে জানায়, এশিয়ার কিছু অঞ্চলে প্রতি কেবিনের মাসিক জ্বালানি ব্যয় ১ হাজার ৮০০ ডলার থেকে বেড়ে ৮ হাজার ডলারে পৌঁছেছে। জ্বালানি খরচ কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি। কম্বোডিয়ায় আটকে পড়া যাত্রীদের জন্য বিকল্প সাময়িক আবাসনের ব্যবস্থা করতেও কাজ করছে প্রতিষ্ঠানটি।