হোম > বিশ্ব > এশিয়া

থাইল্যান্ডে ৩ ভারতীয়কে অপহরণ–নির্যাতন, গ্রেপ্তারও ৫ ভারতীয়ই

আজকের পত্রিকা ডেস্ক­

পাতায়ায় উদ্ধার সেই তিন ভারতীয়। ছবি: সংগৃহীত

কম খরচে ছুটির দিন কাটানোর প্রলোভন দেখিয়ে থাইল্যান্ডে ডেকে নিয়ে তিন ভারতীয় তরুণকে বন্দি ও নির্মম নির্যাতন চালানোর অভিযোগে পাঁচ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। থাইল্যান্ডের সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার ব্যাংককের খ্লং তান এলাকার এক হোটেল থেকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—অবতার সিং (৩৮), জগজিৎ সিং (৩৮), রামবালক কুমার (২৪), সুখবীর সিং (৩৭) ও কুলরা সিং (২৭)।

পুলিশ সূত্রের খবর, গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন—মাসখানেক আগে এক চ্যাট অ্যাপের মাধ্যমে পাকিস্তানি এক ব্যক্তির সঙ্গে তাঁদের যোগাযোগ হয়। সেই লোকের নির্দেশেই এই তিন ভারতীয় তরুণকে অপহরণ করা হয়েছিল।

পুলিশ মনে করছে, পুরো ঘটনার মূল চক্রান্তকারী দুবাইয়ে বসে কলকাঠি নাড়ছিলেন। অপহৃতদের পরিবার থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে মুক্তিপণ আদায় করাই ছিল তাঁর মূল লক্ষ্য। আর এই কাজ নিষ্পত্তির বদলে অপহৃতদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া টাকা-পয়সা, দামি জিনিসপত্র এবং থাইল্যান্ড ছেড়ে পালানোর বিমানের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এই পাঁচ আসামিকে।

তদন্তে জানা গেছে, কম খরচে পাতায়ায় সাত দিনের একটি আকর্ষণীয় ছুটির প্যাকেজের প্রলোভন দিয়ে ওই তরুণদের থাইল্যান্ডে নেওয়া হয়েছিল। কিন্তু পৌঁছানোর পরই তাঁদের তুলে নিয়ে গিয়ে একটি বাড়িতে বন্দি করা হয়। সেখানে দিনভর চালানো হয় অমানুষিক নির্যাতন। সোমবার সন্ধ্যায় এক বিশেষ পুলিশি অভিযানে অবশেষে নরকযন্ত্রণা থেকে উদ্ধার পান তাঁরা।

অপহৃত তরুণদের পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর থাইল্যান্ডের ভারতীয় দূতাবাস ২১ জুলাই বিষয়টি চোনবুরি ইমিগ্রেশন পুলিশ ও পাতায়া সিটি পুলিশকে জানায়। এর পরেই প্রকাশ্যে আসে এই অপরাধের ঘটনা। স্বজনেরা পুলিশকে কিছু ভিডিও কলের রেকর্ড দেখান—যেখানে দেখা যায় তরুণদের হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হচ্ছে। মুক্তিপণ হিসেবে প্রতিটি পরিবারের কাছে দাবি করা হয়েছিল ৪০ লাখ রুপি।

সিসিটিভি ফুটেজ ও গোপন তথ্যের ওপর ভিত্তি করে সোমবার পাতায়ার একটি দোতলা টাউনহাউসে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মোহিত (২৩), আশিশ (২৪) ও হিমাংশু (২০) নামের তিন তরুণকে উদ্ধার করা হয়। দোতলার একটি কক্ষে তাঁদের হাত-পা বাঁধা এবং মুখে কস্টেপ লাগানো অবস্থায় পাওয়া যায়। তাঁদের সারা শরীরে ছিল নির্মম আঘাতের চিহ্ন।

ঘটনাস্থল থেকে পুলিশ কস্টেপ, নির্যাতনের কাজে ব্যবহৃত কাঠের লাঠি এবং লাল রঙের স্প্রে পেইন্ট উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, পরিবারের লোকজনকে ভয় দেখাতে ও দ্রুত টাকা আদায়ে বাধ্য করতে লাল স্প্রে ছিটিয়ে গায়ে ভুয়া ক্ষতচিহ্ন তৈরি করা হতো। উদ্ধার পাওয়া তরুণেরা জানান, তাঁদের আগে আরও এক ভারতীয়কে একই বাড়িতে জিম্মি করে রাখা হয়েছিল। পরে তাঁর পরিবার প্রায় ৩০ লাখ রুপি মুক্তিপণ দেওয়ার পরই কেবল তাঁকে মুক্তি দেওয়া হয়।

জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৮

অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার

টানা ২৪ ঘণ্টার বেশি উড়ে রেকর্ড গড়ল অস্ট্রেলিয়ার উড়োজাহাজ

জাপানে ৭.১ মাত্রা ভূমিকম্প: প্রাণহানি অন্তত ১৩, ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে

ভূমিকম্পে বিস্ফোরিত জাপানের শপিং মলে একাধিক ব্যক্তির মৃত্যু

মেলবোর্নের আদালতে ধর্ষণে দোষী সাব্যস্ত এক প্রভাবশালী, গোপন রাখা হলো পরিচয়

জাপানে ভূমিকম্পে শপিং মলের ভেতরে আটকা পড়েছে বহু মানুষ

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

তিব্বতে ক্লোন করা হচ্ছে ‘ইয়াক’—উঠেছে নৈতিকতার প্রশ্নও

গাজায় যুদ্ধাপরাধে জড়ানোর আশঙ্কায় থাকা ইসরায়েলি তিন ভাই-বোনকে আশ্রয় দেবে অস্ট্রেলিয়া