হোম > বিশ্ব > এশিয়া

নেপালে জেন-জি অভ্যুত্থানের ধাক্কা: আসন্ন নির্বাচনে লড়ছেন না সাবেক দুই প্রধানমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ও ঝলানাথ খানাল। ছবি: সংগৃহীত

গত বছরের জেন-জি আন্দোলনের জেরে সৃষ্ট গণ-অভ্যুত্থানের প্রভাবে নেপালের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের হাওয়া লেগেছে। দেশটির দুই প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা ও ঝলানাথ খানাল আগামী ৫ মার্চের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নেপালে নব্বইয়ের দশকে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের পর এই প্রথম দেউবা ও খানাল তাঁদের দীর্ঘদিনের পরিচিত নির্বাচনী আসনগুলো থেকে লড়ছেন না।

পাঁচবারের প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেসের প্রবীণ নেতা শের বাহাদুর দেউবা ১৯৯১ সাল থেকে ধারাবাহিকভাবে দাদেলধুরা আসন থেকে নির্বাচন করে আসছেন। ভারতের উত্তরাখন্ডের সীমান্তবর্তী এই এলাকা গত ৪০ বছর ধরে তাঁর অজেয় দুর্গ হিসেবে পরিচিত ছিল।

দ্য কাঠমান্ডু পোস্টের তথ্য অনুযায়ী, দেউবা শুরুতে নির্বাচনে লড়তে চাইলেও দলের পুনর্গঠনপ্রক্রিয়ায় তাঁকে টিকিট দেওয়া হবে কি না, তা নিয়ে দীর্ঘ বিতর্ক হয়। শেষ পর্যন্ত দেউবা নিজেই ঘোষণা করেন যে, তিনি এবার ভোটে লড়বেন না। তাঁর এই সিদ্ধান্তে নেপালি কংগ্রেসের ভেতরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, নেপাল কমিউনিস্ট পার্টির (ইউএমএল) জ্যেষ্ঠ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ঝলানাথ খানাল ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং সীমান্তবর্তী ইলাম আসন থেকে কয়েক দশক ধরে প্রতিনিধিত্ব করছেন। খানাল তাঁর দলের নেতৃত্বকে জানিয়েছেন, তিনি তরুণ নেতাদের জায়গা করে দিতে চান।

২০২৫ সালের সেপ্টেম্বরে নেপালে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে এক অভাবনীয় পরিবর্তন ঘটে। ১৯ জন বিক্ষোভকারীর মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নেয়। কারফিউ ভেঙে মানুষ রাস্তায় নেমে আসেন এবং রাজনৈতিক নেতাদের বাসভবনে হামলা চালান।

বিক্ষোভের সময় শের বাহাদুর দেউবা ও তাঁর স্ত্রী আরজু রানা দেউবা শারীরিক লাঞ্ছনার শিকার হন। সে সময় ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁদের রক্তাক্ত অবস্থায় দেখা গিয়েছিল। দেউবার বাসভবনে অগ্নিসংযোগও করা হয়। এ ছাড়া ইলামে ঝলানাথ খানালের বাড়িতেও হামলা চালায় উত্তেজিত জনতা।

তৎকালীন সরকারের অনেক মন্ত্রীকে নেপাল সেনাবাহিনীর হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছিল। প্রাণভয়ে অনেক রাজনৈতিক নেতা সে সময় বাড়ি ছেড়েও পালিয়েছিলেন।

পাকিস্তানে আফগানিস্তানের হামলা

৫০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন ইরানের বিক্ষোভে আহত ‘বডিবিল্ডার’

‘নাম লুকিয়ে’ বিক্রি হচ্ছে ইসরায়েলি খেজুর

কিউবার বাহিনীর গুলিতে মার্কিন নৌকায় চারজন নিহত, উত্তেজনা বাড়ছে

মহারাষ্ট্রে এত বেশি নারী নিখোঁজ হয় কেন

বিচার বিভাগের দুর্নীতি নিয়ে অধ্যায়, পাঠ্যবই নিষিদ্ধ করলেন সর্বোচ্চ আদালত

বদলে যাচ্ছে কেরালার নাম, বদলাতে চায় ভারতের আরও কয়েক রাজ্য

স্ত্রীর সঙ্গে প্রথম দেখা ভারতীয় রেস্তোরাঁয়, মোদিকে জানিয়ে ‘আপ্লুত’ নেতানিয়াহু

ভারতের মহারাষ্ট্রে দুই বছরে নিখোঁজ ৯৩ হাজারের বেশি নারী

উত্তেজনার মধ্যেই জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় দফার আলোচনা শুরু