হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘অপারেশন এপিক মিসটেক’—মার্কিন অভিযানকে উপহাস করে ইরানের হুঁশিয়ারি

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি

ইরানে চালানো মার্কিন সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’-কে ‘অপারেশন এপিক মিসটেক’ বা ‘মহাকাব্যিক ভুল’ বলে উপহাস করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হওয়া এবং মার্কিন অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে ওয়াশিংটনকে সতর্ক করেছেন তিনি।

আরাগচি তাঁর পোস্টে লিখেছেন, ‘অপারেশন এপিক মিসটেক-এর ৯ দিনের মাথায় তেলের দাম দ্বিগুণ হয়েছে এবং সব ধরনের নিত্যপণ্যের দাম আকাশচুম্বী। আমরা জানি, মুদ্রাস্ফীতির বিশাল ধাক্কা সামাল দিতে যুক্তরাষ্ট্র এখন আমাদের তেল ও পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে ষড়যন্ত্র করছে। তবে ইরান সব দিক থেকেই সম্পূর্ণ প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাছেও অনেক চমক জমা আছে।’

এদিকে, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই হুঁশিয়ারির মধ্যেই যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে জীবনযাত্রার ব্যয়ের ওপর যুদ্ধের প্রভাব সীমিত থাকবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন ভোক্তাদের আশ্বস্ত করলেও বাস্তব চিত্র ভিন্ন। হু হু করে বাড়তে থাকা জ্বালানির দাম ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

জ্বালানির এই অগ্নিমূল্য নিয়ন্ত্রণে আনতে মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি জরুরি ভিত্তিতে ‘কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ’ থেকে তেল বাজারে ছাড়ার আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, মুদ্রাস্ফীতির এই ধাক্কা সামলাতে না পারলে মার্কিন অর্থনীতি ও আসন্ন নির্বাচনে এর গভীর প্রভাব পড়তে পারে।

অন্যদিকে, তেহরান স্পষ্ট করে দিয়েছে, তাদের গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো আঘাত এলে তারা আরও কঠোর পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে।

ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানকে সতর্ক করলেন এরদোয়ান

অর্থনৈতিক চাপে ফেলে যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য করব: ইরান

উপসাগরীয় অঞ্চলে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান চীনের

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স

ইরান যুদ্ধের ১০ দিনে মধ্যপ্রাচ্যে নিহত অন্তত ১৮০০

ট্রাম্প বলুক আর না বলুক—ইরানকে মুক্ত করতে চায় কুর্দিরা

ইরান যুদ্ধে বড় মোড়, ন্যাটোর আকাশসীমায় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

অস্ত্র আমদানির শীর্ষে ইউরোপ

শিক্ষার্থীদের প্র্যাঙ্কে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

নাবালক অবস্থায় আটক, ২১ বছর পর বাংলাদেশিকে মুক্তির আদেশ কলকাতা হাইকোর্টের