হোম > বিশ্ব > এশিয়া

এপ্রিলের মধ্যেই গাজায় ১ হাজার সেনা পাঠাতে চায় ইন্দোনেশিয়া

আজকের পত্রিকা ডেস্ক­

গাজায় আগামী এপ্রিলের মধ্যেই ১ হাজার সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া। চলছে প্রস্তুতি। ছবি: এএফপি

ইন্দোনেশিয়া গাজায় জাতিসংঘ অনুমোদিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসেবে আগামী এপ্রিলের শুরুতেই ১ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। আজ সোমবার দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়েছে, আগামী জুনের মধ্যে মোট ৮ হাজার ইন্দোনেশীয় সেনা মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক বার্তায় ইন্দোনেশীয় সেনাবাহিনীর মুখপাত্র বলেন, সেনা পাঠানোর সময়সূচি পুরোপুরি রাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রযোজ্য আন্তর্জাতিক প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

ইন্দোনেশীয় সেনাবাহিনীর চিফ অব স্টাফ মারুলি সিমানজুনতাক আগে বলেছিলেন, ৫ হাজার থেকে ৮ হাজার সামরিক সদস্য মোতায়েন করা হতে পারে। তবে চূড়ান্ত সংখ্যা নিয়ে এখনো আলোচনা চলছে।

গত শনিবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গাজায় ইন্দোনেশিয়ার সেনা অংশগ্রহণকে ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিককরণ হিসেবে ব্যাখ্যা করা উচিত নয়।

মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি জনগণের যে কোনো ধরনের জনসংখ্যাগত পরিবর্তন, জোরপূর্বক বাস্তুচ্যুতি বা স্থানান্তরের সব প্রচেষ্টাই ইন্দোনেশিয়া ধারাবাহিকভাবে প্রত্যাখ্যান করে। মন্ত্রণালয় আরও জানায়, এই মোতায়েন হবে যুদ্ধের বাইরে এবং মানবিক ম্যান্ডেটের আওতায়। এটি কেবল ফিলিস্তিনি কর্তৃপক্ষের সম্মতিতেই কার্যকর করা যাবে।

বিবৃতিতে বলা হয়েছে, ইন্দোনেশীয় সেনারা কোনো যুদ্ধ অভিযানে অংশ নেবে না। কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সরাসরি সংঘাতে জড়াবে না। এ ছাড়া, কোনো পক্ষকে নিরস্ত্রীকরণের দায়িত্বও তাদের থাকবে না।

তবে স্থিতিশীলতা বাহিনীর ম্যান্ডেটের মধ্যে গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নিশ্চিত করা এবং অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র স্থায়ীভাবে নিষ্ক্রিয় করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। প্রস্তাবে বাহিনীকে তাদের দায়িত্ব পালনে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। গত সপ্তাহে ইন্দোনেশিয়া নিশ্চিত করেছে, প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো ট্রাম্পের ‘বোর্ড অব পিসের’ উদ্বোধনী নেতৃবৃন্দের বৈঠকে অংশ নেবেন। এই বোর্ডের সদস্যরা যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে পাঁচ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ওই ফোরামে প্রাবো ফিলিস্তিনিদের সুরক্ষার পক্ষে কথা বলবেন। পাশাপাশি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দুই-রাষ্ট্রভিত্তিক টেকসই শান্তির পক্ষে জোর দেবেন। সরকার জানিয়েছে, এই সফরে প্রাবো যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শুল্ক চুক্তিতেও সই করতে পারেন।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজায় তাদের সেনাদের অংশগ্রহণ শান্তি চাপিয়ে দেওয়ার জন্য নয়। বরং মানবিক লক্ষ্য বাস্তবায়নই হবে মূল উদ্দেশ্য।

বিশ্বজুড়ে জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে বড় অবদান রাখা দেশগুলোর একটি ইন্দোনেশিয়া। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিশনে তাদের দুই হাজার সাত শর বেশি সদস্য মোতায়েন রয়েছে। ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় মোতায়েন রয়েছে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীতে।

ইন্দোনেশিয়ায় ফিলিস্তিনের প্রতি জনসমর্থন প্রবল। গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে সেখানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গত ৩ আগস্ট হাজারো মানুষ জাকার্তার জাতীয় স্মৃতিস্তম্ভে সমবেত হন। তারা ফিলিস্তিনি পতাকা নাড়িয়ে গাজার জন্য ন্যায়বিচারের দাবি জানান। বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ধারাবাহিকভাবে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে আসছে। আন্তর্জাতিক ফোরামে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।

সরকার ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোর জন্য মানবিক সহায়তা, চিকিৎসা সহায়তা এবং কূটনৈতিক সমর্থনও দিয়েছে। নভেম্বরে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দেন, গাজায় স্বাস্থ্যসেবা ও নির্মাণকাজে সহায়তার জন্য তাদের সেনাবাহিনী ২০ হাজার সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে। জাকার্তা গত বছরের আগস্টে ১০ হাজার টন চাল পাঠিয়েছে। পাশাপাশি সুমাত্রা ও কালিমান্তানে দীর্ঘমেয়াদি কৃষি উদ্যোগ চালু করেছে, যাতে ফিলিস্তিনের খাদ্যনিরাপত্তা জোরদার করা যায়।

ঘোড়ায় চড়ে চীনে এল নতুন বছর

রুশদের ‘এফ–বর্গীয়’ গালি দিলেন জেলেনস্কি

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন ট্রাম্প

ভিনগ্রহের প্রাণী আছে—মন্তব্যের ব্যাখ্যা দিলেন ওবামা

ভ্যালেন্টাইনস ডে-তেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘প্রেমের সেতু’

চীনে গিয়ে মডেলের সঙ্গে অ্যান্ড্রুর নৈশভোজ—এখানেও এপস্টেইন যোগ

ভারতে ইসরায়েলি নারীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

ভালোবাসা দিবসে যুক্তরাষ্ট্রে প্রেমিকসহ ইউক্রেনীয় তরুণীকে হত্যা, গ্রেপ্তার সাবেক প্রেমিক

পুতিন মডেলের ক্ষমতা চান ট্রাম্প, পশ্চিমের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি: হিলারি

পোল্যান্ডেরও পারমাণবিক অস্ত্র থাকা উচিত: প্রেসিডেন্ট নওরোকি