হোম > বিশ্ব

যুদ্ধবিরতিতে বিশ্বনেতাদের স্বস্তি

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ইরানে হামলার মধ্য দিয়ে যে যুদ্ধ ছড়িয়েছিল গোটা মধ্যপ্রাচ্যে, তা আপাতত থেমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বিশ্বনেতারা। ইউরোপ, অস্ট্রেলিয়া, ভারতসহ বিভিন্ন দেশের নেতারা যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁরা এই যুদ্ধবিরতিকে দীর্ঘ করা এবং সংকট সমাধানে চূড়ান্ত চুক্তির আহ্বান জানিয়েছেন।

বিবিসি, সিএনএন, গার্ডিয়ান, আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে রাশিয়া বলেছে, এই যুদ্ধবিরতির ফলে যুক্তরাষ্ট্র এখন ইউক্রেন বিষয়ে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা আবার শুরু করতে প্রয়োজনীয় সময় ও সুযোগ পাবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া আশা করে, শান্তি আলোচনা অব্যাহত রাখতে আগামী দিনগুলোয় যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি যোগাযোগ স্থাপন করবে।

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, জাতিসংঘ মহাসচিব সব পক্ষকে ‘আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে’ এবং এই অঞ্চলে ‘স্থায়ী ও পূর্ণাঙ্গ’ শান্তির পথ প্রশস্ত করতে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক যৌথ বিবৃতিতে যুদ্ধবিরতির খবরকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, এই যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী সমাধানের দিকে নিয়ে যাবে। যুদ্ধবিরতিতে ভূমিকা রাখার জন্য আলবানিজ ও পেনিং পাকিস্তান, মিসর, তুরস্ক ও সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এই যুদ্ধবিরতির মধ্যে লেবাননকে যুক্ত করতে হবে। সেখানে হামলা বন্ধ করতে হবে।

যুদ্ধবিরতিতে স্বস্তি প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি এই যুদ্ধবিরতির ফাঁকে দুই পক্ষকে একটি চুক্তি করার আহ্বান জানিয়েছেন।

এই যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করছিল স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গতকালও ট্রাম্পের সমালোচনা করেছেন। তিনি বলেন, একটি গোষ্ঠী পুরো বিশ্বে আগুন জ্বালিয়ে দিয়েছে, তারা এখন একটি ফুলের তোড়া নিয়ে হাজির হলে তাদের তারা স্বাগত জানাবে না।

নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স বলেন, তাঁর সরকার যুদ্ধবিরতির খবরকে স্বাগত জানাচ্ছে, যদিও এখনো অনেক উদ্বেগ রয়ে গেছে। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধবিরতি আলোচনায় ভূমিকার জন্য পাকিস্তান, তুরস্ক ও মিসরের মতো দেশের প্রশংসা করেছেন।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ‘আশা করি এই যুদ্ধবিরতি পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি নিয়ে আসবে।’ পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ায় পর থেকেই ভারত বারবার ‘কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ’ খোঁজার ওপর জোর দিয়েছে। পশ্চিম এশিয়ায় শান্তি ফেরানো এবং হরমুজ প্রণালি খোলার ব্যাপারে আশা প্রকাশ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার।

জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির খবরকে টোকিও ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে স্বাগত জানাচ্ছে এবং তারা ‘চূড়ান্ত চুক্তির’ অপেক্ষা করছে।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধবিরতির খবরকে স্বাগত জানিয়ে বলেছে, স্থায়ী সমাধান অর্জনের জন্য যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় সংকট মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন জানায় এবং সংলাপ ও কূটনীতির ভাষাকে অগ্রাধিকার দেয়। তারা এই যুদ্ধবিরতির প্রতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ থাকা ও কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিচ্ছে।

মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই যুদ্ধবিরতি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ উপস্থাপন করছে, যা আলোচনা, কূটনীতি ও গঠনমূলক সংলাপের পথ তৈরি করতে অবশ্যই কাজে লাগাতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া বিবৃতিতে তারা আরও বলেছে, সামরিক অভিযান বন্ধ করা ও আন্তর্জাতিকভাবে চলাচলের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা বজায় রাখা নিশ্চিত করার প্রতিশ্রুতির মাধ্যমে এই যুদ্ধবিরতির ভিত্তি তৈরি করতে হবে। পাকিস্তান ও তুরস্কের সঙ্গে যৌথভাবে মিসরও ওই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রচার করার প্রচেষ্টা চালিয়ে যাবে।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, জাকার্তা এই যুদ্ধবিরতিকে স্বাগত জানায়। তারা ইরান ও যুক্তরাষ্ট্রকে একে অপরের ‘সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও কূটনীতির’ প্রতি সম্মান প্রদর্শনের আহ্বানও জানিয়েছে।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই যুদ্ধবিরতি একটি ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ নির্দেশ করছে এবং এটি ‘উত্তেজনা হ্রাস ও মধ্যপ্রাচ্যে অত্যন্ত প্রয়োজনীয় শান্তি ও স্থিতিশীলতা পুনঃস্থাপনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে কাজ করবে।

ইসরায়েলের যুদ্ধবিরতি ‘লঙ্ঘন’, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

যুদ্ধবিরতির পর সৌদি আরবের একমাত্র সচল তেলের পাইপলাইনে ইরানের হামলা

আলোচনা ব্যর্থ হলে আবার যুদ্ধ শুরু করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন

হরমুজ প্রণালি খুলে দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

ইরান আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না: ট্রাম্প

নিজেকে যিশুর সঙ্গে তুলনা করেছেন দ. কোরিয়ার কারারুদ্ধ সাবেক প্রেসিডেন্ট

সমুদ্রে জাল ফেলে চীনের এক ড্রোন ধরেছেন ইন্দোনেশিয়ার জেলে

যুদ্ধবিরতির খবরে ইসরায়েলে ক্ষোভ ও বিস্ময়

ট্রাম্পের আলটিমেটাম, মোজতবার সবুজসংকেত—যেভাবে ধ্বংসযজ্ঞ পাশ কাটিয়ে হলো যুদ্ধবিরতি

ইরানে হামলা বন্ধ, লেবাননে চলবে: ইসরায়েল