রোহিঙ্গা গণহত্যা ইস্যুতে আগামীকাল বুধবার বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এই পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাজ্যের আহ্বানে বৈঠকটি হবে।
জাতিসংঘে যুক্তরাজ্য মিশনের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গত বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযান চালানোর সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানো হয়েছে।
এই রায়ের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিষদের বৈঠকটি হতে চলেছে বলে এক্স পোস্টে জানিয়েছে জাতিসংঘে যুক্তরাজ্য মিশন। পোস্টে বলা হয়, রোহিঙ্গাদের ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আইসিজের দেওয়া রায়ের বিষয়ে আলোচনা করতে যুক্তরাজ্যের অনুরোধে কাল বৈঠকে বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এ ছাড়া যুক্তরাজ্য আগামী ডিসেম্বরে আরও একটি বৈঠকের আহ্বান জানিয়েছে।
পোস্টে যুক্তরাজ্যের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘জবাবদিহি নিশ্চিত করতে ও মানবিক সংকটের ইতি ঘটাতে আমরা চাপ সৃষ্টি অব্যাহত রাখব।’
উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হলো ১৫ সদস্যরাষ্ট্রের একটি পর্ষদ। এই পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কাজ করে। পাশাপাশি বিধিবিধান ও নীতি প্রণয়ন, নিষেধাজ্ঞা আরোপ, শান্তিরক্ষা মিশন পরিচালনা এবং বলপ্রয়োগের অনুমতি দেওয়ার ক্ষমতাও রাখে নিরাপত্তা পরিষদ।
নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যরাষ্ট্রের মধ্যে পাঁচটির ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে। এই পাঁচ রাষ্ট্র জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য। রাষ্ট্রগুলো হলো চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। অন্য ১০ রাষ্ট্র অস্থায়ী সদস্য। প্রতি দুই বছর পরপর জাতিসংঘ সাধারণ পরিষদ এই ১০ সদস্য নির্বাচন করে। বর্তমানে নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্য হলো বাহরাইন, কলোম্বিয়া, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, ডেনমার্ক, গ্রিস, লাটভিয়া, লাইবেরিয়া, পাকিস্তান, পানামা ও সোমালিয়া।