হোম > বিশ্ব

‘শর্ত ভেঙে মানুষ মারছে ইউক্রেন’, স্টারলিংকের গতি কমানোর কথা স্বীকার করলেন মাস্ক

আজকের পত্রিকা ডেস্ক­

ইলন মাস্ক। ফাইল ছবি

ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবার গতি কমিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন ইলন মাস্ক। তাঁর প্রতিষ্ঠান স্পেসএক্সের এই পদক্ষেপে ইউক্রেনের সামরিক অভিযান ব্যাহত হয়েছিল। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য দেশটি দীর্ঘদিন ধরে এই সেবার ওপর নির্ভর করছে।

গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে মাস্কের এই স্বীকারোক্তির আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, স্টারলিংক ও স্টারশিল্ড স্যাটেলাইট সংযোগের গতি আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। গত সপ্তাহে আরোপিত বিধিনিষেধের কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে যুদ্ধের সম্মুখসারিতে সামরিক কার্যক্রম ব্যাহত হয়েছিল।

গত সপ্তাহ থেকে স্টারলিংকের সেবা বিঘ্নিত হওয়ার পেছনে কে নির্দেশ দিয়েছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাশিয়ার হামলা মোকাবিলায় ইউক্রেন বছরের পর বছর ধরে মাস্কের তৈরি এই স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থার ওপর নির্ভর করছে।

শনিবার এক্সে জেলেনস্কি লেখেন, ‘এখন গতি প্রয়োজনীয় পর্যায়ে রয়েছে।’ তিনি জানান, রাত থেকেই সেবা পুনরুদ্ধারের কাজ শুরু হয় এবং শনিবার সকালের মধ্যে তা প্রয়োজনীয় পর্যায়ে পৌঁছায়। এতে সম্মুখসারিতে রসদ সরবরাহ ও রাশিয়ার জেট ইঞ্জিনচালিত শাহেদ ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষা কার্যক্রম উন্নত হয়েছে।

ইউক্রেনে সেবা পুনরুদ্ধারের কথা জানানোর পর স্টারলিংকের গতিসীমা আরোপের বিষয়ে মুখ খোলেন মাস্ক। শনিবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি স্বীকার করেন, তাঁর প্রতিষ্ঠান স্পেসএক্স স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবার গতি কমিয়ে দিয়েছিল।

মাস্ক লেখেন, ‘বেসামরিক বাণিজ্যিক সেবা স্টারলিংক ব্যবহার করে মানুষকে হত্যার উদ্দেশ্যে আক্রমণাত্মক ড্রোন হামলা চালানোর অনুমতি কখনোই ছিল না, আর থাকা উচিতও নয়। ইউক্রেনের সামরিক বাহিনী স্টারলিংকের ব্যবহারের শর্ত লঙ্ঘন করে মানুষ হত্যার উদ্দেশ্যে আক্রমণাত্মক ড্রোন হামলায় এটি ব্যবহার করেছে। গত সপ্তাহে সেই ফাঁক বন্ধ করা হয়েছে।’

তবে স্টারলিংকের সামরিক সংস্করণ স্টারশিল্ডে যেসব পরিবর্তন আনা হয়েছে, সেগুলোর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র সরকারের হাতে রয়েছে বলে দাবি করেন মাস্ক। ইউক্রেনের ড্রোন অভিযান ও যোগাযোগব্যবস্থার অন্যতম ভিত্তি এই স্টারশিল্ড। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর দেশটির প্রতিরক্ষা জোরদারে স্পেসএক্সের ভূমিকার পক্ষেও কথা বলেন তিনি।

গত সপ্তাহে স্টারশিল্ডের ওপর বিধিনিষেধ আরোপের ঘটনায় ইউক্রেনের সামরিক ও সরকারি কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। সামরিক কমান্ডাররা জানান, এর ফলে ড্রোন হারিয়ে গেছে এবং বিভিন্ন অভিযান ব্যাহত হয়েছে।

এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক উদ্যোগের মধ্যেই স্যাটেলাইট সংযোগ নিয়ে এই পরিস্থিতির অবসান হলো। বুধবার রাশিয়া আগামী মাসে ওয়াশিংটন ও কিয়েভের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা আবার শুরু করতে সম্মত হয়। শুক্রবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের রুশ-অধিকৃত ও যুদ্ধবিধ্বস্ত শহর ওলেশকির আশপাশে স্থানীয় পর্যায়ে যুদ্ধবিরতিতেও সম্মত হয় কিয়েভ ও মস্কো। যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি হয়।

এই ঘটনা কিয়েভ ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। এর আগে রাশিয়া থেকে ডিজেল আমদানি নিয়ে মস্কোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত সমঝোতা দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি করে। ইউক্রেন ওই সমঝোতাকে নিজেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছিল।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খমারা সেবা পুনরুদ্ধারের জন্য ‘সরাসরি সংলাপ’ এবং ওয়াশিংটনের সঙ্গে জেলেনস্কির কূটনৈতিক তৎপরতার কৃতিত্ব দেন। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এর ফলাফল ‘আমাদের সম্মুখসারি, সামরিক বাহিনী, ড্রোনের কার্যক্রম, রসদ সরবরাহ ও যোগাযোগব্যবস্থার জন্য’ কতটা কাজে এসেছে।

ট্রাম্প দাবি করেছেন, স্টারলিংকের সেবা সীমিত করার সিদ্ধান্ত তিনি নেননি। একই সঙ্গে তিনি বলেছেন, এ জন্য মাস্ককে দোষারোপ করা উচিত নয়। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হোয়াইট হাউসের সঙ্গে মাস্কের সমন্বয়ের ইঙ্গিত দিয়েছেন। তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রশাসনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছেন।

এদিকে ইউক্রেনের খারকিভ অঞ্চলের লোজোভা শহরে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন বলে শনিবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার বিভিন্ন শহরে মস্কো-নিযুক্ত কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, রাতভর ইউক্রেনের হামলার পর সেখানে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

ইউক্রেনের জেনারেল স্টাফ শনিবার জানিয়েছে, রাশিয়ার তুলিয়াত্তি শহরের একটি রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে তাদের বাহিনী। কারখানাটিতে রকেটের জ্বালানি তৈরিতে ব্যবহৃত উপকরণ উৎপাদন করা হয়। তুলিয়াত্তির মেয়র ইলিয়া সুখিখ জানিয়েছেন, রাতের হামলায় শহরের শিল্প স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের জেনারেল স্টাফ আরও জানিয়েছে, তাদের বাহিনী রাশিয়ার ওরিয়ল শহরের একটি ইলেকট্রনিকস কারখানায় হামলা চালিয়েছে। স্থানীয় কর্মকর্তারা শনিবার বলেছেন, শুক্রবারের ওই হামলায় তিনজন নিহত হয়েছেন। ইউক্রেনের জেনারেল স্টাফের দাবি, কারখানাটিতে ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ তৈরি করা হয়, যেসব ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া ইউক্রেনের শহরগুলোতে হামলা চালায়।

এ ছাড়া ইউক্রেনের ড্রোন রাশিয়ার পশ্চিম সাইবেরিয়ার ওমস্ক অঞ্চলেও পৌঁছেছে। ইউক্রেনের সীমান্ত থেকে অঞ্চলটির দূরত্ব দুই হাজার কিলোমিটারের বেশি। ওমস্কের আঞ্চলিক গভর্নর ভিতালি খোৎসেঙ্কো বলেছেন, ড্রোনগুলো ‘উত্তরের একটি শিল্পকেন্দ্রে’ পৌঁছেছে।

অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওজোন শনিবার জানিয়েছে, ওমস্কে তাদের একটি সরবরাহকেন্দ্রে ড্রোন হামলা হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি। ওজোনের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের স্থাপনাগুলোতেও এর আগে ইউক্রেন হামলা চালিয়েছে।

৫০০ কোটি রুপি লেনদেনের অডিও ক্লিপ ভাইরাল, বিজেপি-শিবসেনার দ্বন্দ্ব চরমে

যুক্তরাষ্ট্রে কুরআনের আয়াতে উদ্বুদ্ধ হয়ে যেভাবে বাসভর্তি শিশুদের প্রাণ বাঁচালেন যুবক

২০৩০ সালের মধ্যে ব্রিটেনে হামলার সক্ষমতা অর্জন করতে পারে শত্রুরা: প্রতিরক্ষামন্ত্রী

পার্লামেন্ট নির্বাচনের ৩ দিন আগে ব্যাপক বিক্ষোভের মুখে নেতানিয়াহু, উত্তাল তেল আবিব

মার্কিন কর্মকর্তাদের হত্যার গোপন মিশনের ‘চূড়ান্ত পর্যায়ে’ ইরান, সতর্ক ওয়াশিংটন

অবরুদ্ধ পশ্চিম তীরে অভিযান দখলদার ইসরায়েলি বাহিনীর, হেবরনে ২২০০ জনকে উচ্ছেদ

ফ্রান্সে ৪ লাখ মানুষের বিক্ষোভ, বাড়ছে উত্তেজনা–সংঘর্ষ

আজই ইরানে ফের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

ফ্রান্সে কড়া নিরাপত্তার মধ্যে লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার ১০০০

সৌদি আরবের ৩ বিমানবন্দর, কয়েকটি তেল স্থাপনায় হামলার দাবি হুতিদের