হোম > বিশ্ব > আফ্রিকা

কায়রোতে ট্রাকে আগুনে নিহত ৩০, আহত ২৫

আজকের পত্রিকা ডেস্ক­

কায়রোতে জ্বালানি পণ্যবাহী ট্রাকে আগুনে অন্তত ৩০ জন নিহত হয়েছে। ছবি: এএফপি

মিসরের রাজধানী কায়রোর গুরুত্বপূর্ণ রিং রোডে জ্বালানি পণ্যবাহী ট্রাক উল্টে আগুন ধরে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। গতকাল বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

মিসরের গিজা প্রদেশের ইমবাবা জেলার ওয়াররাক এলাকায় একটি টানেলের ওপর এ দুর্ঘটনা ঘটে। গ্রেটার কায়রোর গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে যুক্ত করেছে এই রিং রোড। এর মাধ্যমে কায়রো, গিজা ও কালিউবিয়া প্রদেশের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝের বিভাজকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি উল্টে গেলে বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে মিসরের সরকারি কৌঁসুলির দপ্তর। নিহতদের পরিচয় শনাক্ত করতে তাঁদের মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। বিচার বিভাগীয় দপ্তরটি জানিয়েছে, দুর্ঘটনায় ২৭টি যানবাহন পুড়ে গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। মিসরের প্রেসিডেন্সির মুখপাত্র জানিয়েছেন, দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

মিসরের মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি আহতদের চিকিৎসার সব খরচ রাষ্ট্রীয়ভাবে বহন করার নির্দেশ দিয়েছেন তিনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয় পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।’