হোম > বিশ্ব > আফ্রিকা

কেনিয়ায় স্কুলের ছাত্রীনিবাসে ভয়াবহ আগুন, অন্তত ১৬ ছাত্রীর মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

রাতের বেলা আগুন লাগলে ভয়ে অনেক ছাত্রী পালিয়ে গেছে। ছবি: এএফপি

কেনিয়ার মধ্যাঞ্চলীয় একটি শহরের মেয়েদের স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন ছাত্রী প্রাণ হারিয়েছে। দেশটির পুলিশ ও সরকারি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

কেনিয়ার শিক্ষামন্ত্রী জুলিয়াস ওগাম্বা আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে জানিয়েছেন, নাকুরু কাউন্টির গিলগিল শহরের উতুমিশি গার্লস স্কুলে রাতের বেলা এই আগুন লাগে। এই ঘটনায় আরও অন্তত ৭৯ জন ছাত্রী আহত হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

রাজধানী নাইরোবি থেকে প্রায় ১২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত গিলগিল শহরে উদ্ধার অভিযান ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ নেতৃত্ব দিচ্ছে।

দেশটির জ্যেষ্ঠ পুলিশ কমান্ডার মাসুদ মইনি সাংবাদিকদের জানান, আগুন লাগার পর তীব্র আতঙ্কে অনেক ছাত্রী আশপাশের এলাকায় পালিয়ে যায়। তাদের খুঁজে বের করতে প্রায় ৫০ জন পুলিশ সদস্য পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছেন।

কমান্ডার মাসুদ মইনি বলেন, ‘তীব্র আতঙ্কের কারণে অনেকেই রাতের অন্ধকারে বাইরে চলে গিয়েছিল। আমরা তাদের নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা করছি।’

স্থানীয় সংবাদমাধ্যম সিটিজেন টেলিভিশন-এর প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, স্কুলটির ভবনের জানালার কাচ ভেঙে পড়েছে এবং পুড়ে যাওয়া দেয়ালগুলো কালো হয়ে আছে।

কেনিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিকাণ্ডের একটি দীর্ঘ ও উদ্বেগজনক ইতিহাস রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, কেবল ২০১৮ সালেই দেশটির সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৬০ টিরও বেশি অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করা হয়েছিল। গবেষকদের মতে, কঠোর নিয়মকানুন, অতিরিক্ত চাপ এবং মানবেতর জীবনযাপনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে অনেক সময় শিক্ষার্থীরা নিজেরাই ক্ষোভ থেকে এই ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

এর আগে, ২০২৪ সালে পার্শ্ববর্তী নেরি কাউন্টির একটি প্রাথমিক বোর্ডিং স্কুলে অগ্নিকাণ্ডে ২১ জন ছাত্র মারা যায়, যার সুনির্দিষ্ট কারণ এখনো উদ্‌ঘাটন করা সম্ভব হয়নি। এ ছাড়া ২০১৭ সালে নাইরোবির একটি স্কুলে অগ্নিকাণ্ডে ১০ জন শিক্ষার্থীর মৃত্যু হয়, যে ঘটনায় পরবর্তীতে এক শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে হত্যার অভিযোগ আনা হয়।

কঙ্গোর হাসপাতাল থেকে পালিয়েছেন ইবোলা আক্রান্ত ১৮ রোগী

কঙ্গো–উগান্ডায় ইবোলায় আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়াল, মৃত্যু ১৩৯

যুক্তরাষ্ট্র-নাইজেরিয়ার যৌথ অভিযানে আইএসের সেকেন্ড ইন কমান্ড আল-মিনুকি নিহত

ভারতীয় ‘জম্বি ড্রাগে’ ছেয়ে যাচ্ছে আফ্রিকার বাজার

‘ফার্মগেট’ কেলেঙ্কারি, অভিশংসনের মুখে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

মরক্কোতে নিখোঁজ দুই মার্কিন সেনার একজনের মরদেহ উদ্ধার

আফ্রিকার গুরুত্বপূর্ণ শহর থেকে পুতিনের বাহিনীর অপমানজনক বিদায়

সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাতে বন্ধ লিবিয়ার বৃহত্তম তেল শোধনাগার

‘আফ্রিকা লায়ন’ মহড়ায় অংশ নিয়ে দুই মার্কিন সেনা নিখোঁজ

সশস্ত্র হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত