হোম > বিশ্ব > আফ্রিকা

গায়ানায় শতাধিক যাত্রী নিয়ে ডুবল ফেরি, বহু প্রাণহানির আশঙ্কা

আজকের পত্রিকা ডেস্ক­

ডুবে যাওয়া ফেরিটিতে ১৩৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানায় একটি যাত্রীবাহী ফেরি উল্টে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ফেরিটিতে ১৩৩ জন যাত্রী ছিলেন বলে আল-জাজিরার প্রতিবেদনে জানা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়, এখন পর্যন্ত উদ্ধারকারীরা ৬৭ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছেন। নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে।

দেশটির কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় গত শনিবার ১১৬ জন যাত্রী এবং ১৭ জন ক্রু নিয়ে এমভি বারিমা নামের ফেরিটি রাজধানী জর্জটাউন থেকে পোর্ট কাইতুমা গ্রামের উদ্দেশে রওনা দেয়। পথে উত্তর আটলান্টিক উপকূলে তীর থেকে প্রায় সাত মাইল দূরে ফেরিটি উল্টে যায়।

গত শনিবার রাত ১১টার দিকে (জিএমটি সময় অনুযায়ী, রোববার সকাল ৩ টা) ফেরিটি থেকে একটি জরুরি বিপদসংকেত পায় এয়ার ট্রাফিক কন্ট্রোল। এরপরই শুরু হয় উদ্ধার অভিযান।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, রোববার বিকেলের পর থেকে আর কোনো জীবিত আরোহীকে উদ্ধার করা সম্ভব হয়নি। ওই দিন বিকেল পর্যন্ত ৪১ জন পুরুষ, ১১ জন নারী, ছয়টি ছেলে শিশু এবং ৯টি মেয়ে শিশু উদ্ধারের তথ্য দিয়েছিল।

নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দেশটির গণপূর্তমন্ত্রী জুয়ান এজহিল। তিনি বলেন, ‘যেসব পরিবার তাঁদের স্বজনদের জন্য উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছেন, তাঁদের বলতে চাই, আমরা তাঁদের খুঁজে বের করতে যা যা করা সম্ভব, তার সবই করছি।’

মন্ত্রী জুয়ান এজহিল জানান, রাত হয়ে যাওয়ায় এবং স্ক্যানারযুক্ত উদ্ধারজাহাজের অভাবে প্রাথমিক উদ্ধারকাজ ব্যাহত হয়। তখন উদ্ধারকারীদের কেবল খালি চোখ আর শব্দের ওপর নির্ভর করে তল্লাশি চালাতে হয়েছিল।

তিনি আরও জানান, পরে তেল ও গ্যাস খাতের বিভিন্ন প্রতিষ্ঠান স্ক্যানারযুক্ত জাহাজ মোতায়েন করেছে। সরকারও ফেরির ভেতরে মরদেহের সন্ধানে ডুবুরি নামিয়েছে। পাশাপাশি অনুসন্ধানও জোরদার করা হয়েছে।

প্রথমে ফেরি পরিচালনাকারীদের কোনো ধরনের অবহেলার প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করলেও পরে মন্ত্রী জানান, ফেরির ক্যাপ্টেন এবং কয়েকজন ক্রুর শরীরে গাঁজা বা মারিজুয়ানা সেবনের প্রমাণ পাওয়া গেছে। তারা সবাই এখন পুলিশ হেফাজতে রয়েছেন বলেও জানান তিনি।

এ ছাড়া উদ্ধার হওয়া যাত্রীদের কয়েকজনের নাম ফেরির যাত্রীতালিকায় ছিল না। এতে ধারণা করা হচ্ছে, ফেরির যাত্রীতালিকায় অসংগতি ছিল।

জাহাজ চলাচল সংক্রান্ত ওয়েবসাইট ভেসেলফাইন্ডার অনুযায়ী, এমভি বারিমা ফেরিটি ১৯৩৯ সালে নির্মিত হয়েছিল। কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালে ফেরিটি মেরামত করা হয়েছিল এবং এ বছরের শেষের দিকে এটি ‘ড্রাই ডকিং’ অর্থাৎ পানির বাইরে এনে পরীক্ষা ও মেরামতের জন্য পাঠানোর কথা ছিল।

গায়ানার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস জানিয়েছেন, কোনো অনিয়ম বা অবহেলা ছিল কি না তা তদন্তে পুলিশ, প্রতিরক্ষা বাহিনী এবং মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, যদি কোনো ধরনের অবহেলা, অপেশাদার আচরণ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তবে দায়ীদের আইনের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।’

তেলের রাজ্যের রানি বললেন—মানুষই বড় সম্পদ

কঙ্কালে মিলল প্রাচীন মিসরের যোদ্ধা রাজকন্যাদের সংগ্রামের ইতিহাস

কঙ্গোর জঙ্গলে কমলা ঠোঁটের নতুন বানর প্রজাতির সন্ধান

গাঁজা বৈধ করতে রাস্তাফারিয়ানদের আবেদন খারিজ কেনিয়ার আদালতে

উত্তরাখন্ডের মন্দিরে পলাতক ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে জ্যাকব জুমার বৈঠক, খেপেছে দক্ষিণ আফ্রিকার সরকার

এবার আফ্রিকায় ‘সফল অভিযান’ শেষে সৈন্যদের ফিরিয়ে নিলেন ট্রাম্প, বাস্তবতা ভিন্ন

কেপ ভার্দে: আগুন থেকে জন্ম নিয়েছে যে দ্বীপের মানুষেরা

হত্যাচেষ্টা থেকে বেঁচে গেলেন দ. আফ্রিকার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ফিরোজ

স্বাধীন গণমাধ্যমে বিশ্বাস নেই উগান্ডার সেনাপ্রধানের, বন্ধ করলেন ৩ টিভি ও সংবাদপত্র

কাঁচা সোনা রপ্তানি নিষিদ্ধ করল গিনি