ঘানার প্রেসিডেন্টের জন্য ছয় কোটি ডলার ব্যয়ে নতুন উড়োজাহাজ কেনার ঘটনায় দেশটিতে তীব্র সমালোচনা শুরু হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বেকারত্ব ও অর্থনৈতিক সংকটের মধ্যে সরকারের এ সিদ্ধান্তকে অগ্রাধিকারের ভুল হিসেবে দেখছেন বিরোধী রাজনীতিক ও সাধারণ নাগরিকদের অনেকে।
ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশনের তৈরি ফ্যালকন ৬ এক্স মডেলের উড়োজাহাজটি গত সোমবার (১৬ নভেম্বর) ঘানার বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এর দাম পড়েছে প্রায় ৬ কোটি ১০ লাখ ডলার। গত বছরের ডিসেম্বরে দেশটির পার্লামেন্ট উড়োজাহাজটি কেনার অনুমোদন দিয়েছিল। সামরিক বিমানবহর আধুনিকায়নের বৃহত্তর কর্মসূচির অংশ হিসেবে এয়ারবাসের তৈরি চারটি হেলিকপ্টারও কেনার পরিকল্পনা রয়েছে ঘানা সরকারের।
বিরোধী সংসদ সদস্য স্যামুয়েল আবু জিনাপোর অভিযোগ, উচ্চ মূল্যস্ফীতি ও তরুণদের বেকারত্বের মধ্যে এত বিপুল অর্থ ব্যয় সরকারের ভুল অগ্রাধিকারকে তুলে ধরেছে। তাঁর মতে, বিরোধী দলে থাকার সময় যে বিষয় অগ্রহণযোগ্য ছিল, ক্ষমতায় এসে তা হঠাৎ গ্রহণযোগ্য হয়ে যেতে পারে না। উড়োজাহাজ কেনার অর্থায়ন ও ক্রয়প্রক্রিয়া নিয়েও সরকারের কাছে স্বচ্ছ ব্যাখ্যা দাবি করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে সমালোচনা চলছে। এক ব্যবহারকারী লিখেছেন, এই অর্থ দিয়ে এক লাখের বেশি নার্স ও দুই লাখ শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব ছিল।
তবে সরকারের দাবি, দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন এ ব্যয় বহন করা সম্ভব। পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান পিটার লাঞ্চেনে তোবু বলেন, নতুন প্রেসিডেনশিয়াল উড়োজাহাজ কেনার নীতিগত বিরোধিতা কখনোই করেনি তাঁর দল। তবে আগে যখন ঘানা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে ৩০০ কোটি ডলারের ঋণসহায়তা চেয়েছিল, তখন এমন ব্যয় যৌক্তিক ছিল না। তাঁর দাবি, এবার কোনো ঋণ না নিয়েই উড়োজাহাজটি কেনা হয়েছে।
সরকারি মুখপাত্র কোয়াকয়ে ওফোসুও সমালোচনা নাকচ করে বলেছেন, দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে। নির্মাণসামগ্রীর দাম ও ঋণের সুদ কমার উদাহরণ দিয়ে তিনি এ যুক্তি তুলে ধরেন।
উড়োজাহাজটির ভেতরে শয়নকক্ষ ও গোসলখানা থাকার অভিযোগও উঠেছে। তবে ওফোসু তা অস্বীকার করে বলেন, এতে হেলান দেওয়া আসন রয়েছে, যা প্রয়োজনে ঘুমানোর উপযোগী করা যায়; আলাদা কোনো শয়নকক্ষ বা গোসলখানা নেই।
নতুন উড়োজাহাজটি ১৬ বছর পুরোনো ফ্যালকন ৯০০ ইএক্সের বিকল্প হিসেবে ব্যবহার করা হবে। পুরোনো উড়োজাহাজটির জ্বালানির ট্যাংকে ক্ষয় ও ছিদ্রসহ বিভিন্ন যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল। ২০২৫ সালে মেরামতের জন্য সেটি কয়েক মাস ফ্রান্সে আটকে ছিল।
ঘানা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক গডফ্রেড আলুফার বোকপিন বলেন, প্রেসিডেন্টের নিরাপত্তা গুরুত্বপূর্ণ হলেও কঠোর ব্যয়সাশ্রয়ী নীতি, বেকারত্ব ও অবকাঠামোগত সংকটের মধ্যে উড়োজাহাজ কেনার সময় নির্বাচন প্রশ্নবিদ্ধ। তাঁর মতে, কেনার পরিবর্তে ভাড়া নেওয়া কেন অধিক সাশ্রয়ী ছিল না, বিষয়টি সরকারের প্রকাশ করা উচিত।