হোম > স্বাস্থ্য > স্বাস্থ্য-গবেষণা

যুক্তরাষ্ট্রে এখন ধূমপায়ীর চেয়ে গাঁজা সেবনকারী বেশি: গ্যালপ জরিপ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিয়মিত সিগারেট সেবন করা মানুষের তুলনায় গাঁজা সেবনকারীর সংখ্যা বেড়ে শীর্ষে পৌঁছেছে। মার্কিন জরিপ সংস্থা গ্যালপের সাম্প্রতিক এক জরিপে এই তথ্য উঠে এসেছে, যা দেশটিতে সিগারেট ও অ্যালকোহলের চেয়ে গাঁজার গ্রহণযোগ্যতা বাড়ার ধারাবাহিক চিত্র ফুটিয়ে তোলে।

গ্যালপের সর্বশেষ ‘কনসাম্পশন হ্যাবিটস’ বা ‘ভোগের অভ্যাস’ বিষয়ক জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে ১৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ জানিয়েছেন যে তাঁরা গাঁজা সেবন করেন। ২০২৩ সালে রেকর্ড করা সর্বোচ্চ হারের সঙ্গে এই পরিসংখ্যানটি মিলে যায়। ২০১৩ সালে গ্যালপ যখন প্রথম এই বিষয়টি নিয়ে তথ্য সংগ্রাহ শুরু করে, তখন মাত্র ৭ শতাংশ প্রাপ্তবয়স্ক গাঁজা সেবনের কথা জানিয়েছিলেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে সাধারণ সিগারেট সেবনের প্রবণতা ধারাবাহিকভাবে কমছে। জরিপ অনুযায়ী, বর্তমানে মাত্র ১১ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ নিয়মিত সিগারেট পান করেন। ২০২৪ সাল থেকে এই হার স্থিতিশীল থাকলেও, ২০০৩ সালের তুলনায় যা ১৪ শতাংশ কম।

তামাক ও অ্যালকোহল ছেড়ে গাঁজায় ঝুঁকছে মানুষ

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের মানুষের নেশার অভ্যাসে বড় ধরনের পরিবর্তন আসছে। কেন্দ্রীয় পর্যায়ে নিষিদ্ধ থাকলেও দেশটির অর্ধেকেরও বেশি অঙ্গরাজ্যে বিনোদনমূলক কাজে গাঁজার ব্যবহার আইনসম্মত করা হয়েছে।

গত জুলাইয়ে প্রকাশিত একটি ফেডারেল জরিপেও দেখা গেছে, মদ ও সিগারেটের ব্যবহার কমলেও গাঁজার ব্যবহার ক্রমশ বাড়ছে। ২০২৪ সালের একটি গবেষণায় দেখা যায়, দৈনিক ব্যবহারের দিক থেকে ইতিহাসে প্রথমবারের মতো মদকে পেছনে ফেলে শীর্ষে চলে এসেছে গাঁজা।

মদ পানের অভ্যাসেও বড় পতন দেখা গেছে। গ্যালপের পৃথক জরিপে দেখা যায়, বর্তমানে ৫৪ শতাংশ মার্কিন নাগরিক মদ পান করেন, যা ২০২২ সালে ছিল ৬৭ শতাংশ।

গাঁজা সেবনকারীদের জনমিতি

গ্যালপের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মূলত ১৮ থেকে ৪৯ বছর বয়সী পুরুষেরা গাঁজা সেবনে এগিয়ে রয়েছেন। তাঁদের বড় অংশ উচ্চশিক্ষা ডিগ্রিহীন এবং যাদের বার্ষিক আয় ৫০ হাজার মার্কিন ডলারের কম। এ ছাড়া ধর্মীয় অনুশাসনের ক্ষেত্রেও তাঁদের আগ্রহ তুলনামূলক কম দেখা গেছে।

বয়স্ক মার্কিনদের মধ্যে এই হার উল্লেখযোগ্যভাবে কম। ৫০ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে ১০ শতাংশ এবং ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে মাত্র ৫ শতাংশ মানুষ গাঁজা সেবন করেন।

অন্যদিকে, গাঁজাজাত খাবারের (এডিবল) ক্ষেত্রে পুরুষদের চেয়ে নারীদের অংশগ্রহণ বেশি দেখা গেছে। বিশেষ করে যেসব পরিবারের বার্ষিক আয় ১ লাখ ডলার বা তার বেশি, সেখানে পুরুষদের চেয়ে নারীরাই গাঁজাজাত খাদ্য গ্রহণে এগিয়ে। জরিপে দেখা যায়, ১৫ শতাংশ মার্কিন প্রাপ্তবয়স্ক এখন গাঁজাজাত খাদ্য গ্রহণ করেন।

তবে গাঁজার স্বাস্থ্যগত প্রভাব নিয়ে মার্কিন সমাজ দ্বিধাবিভক্ত। জরিপে অংশ নেওয়া ৪৭ শতাংশ মানুষ গাঁজার প্রভাবকে ইতিবাচক মনে করেন, অন্যদিকে ৪৬ শতাংশ এটিকে নেতিবাচক হিসেবে দেখেন।

নিকোটিন ব্যবহারে প্রজন্মভিত্তিক তফাত

তামাকজাত পণ্যের বাজারে ই-সিগারেট বা ভেপিং ব্যবহারের হার ৬ থেকে ৯ শতাংশের মধ্যে স্থিতিশীল রয়েছে। তবে এই প্রথম গ্যালপ ‘নিকোটিন পাউচ’ ব্যবহার নিয়ে তথ্য সংগ্রহ করেছে, যেখানে দেখা যায় ৪ শতাংশ মানুষ এটি ব্যবহার করেন।

নিকোটিন ব্যবহারের ক্ষেত্রে স্পষ্ট প্রজন্মভিত্তিক পার্থক্য দেখা গেছে। ৩০ থেকে ৪৯ বছর বয়সীরা ঐতিহ্যবাহী বা সাধারণ সিগারেট ব্যবহারে বেশি অভ্যস্ত, আর ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে ভেপিং বা ই-সিগারেটের প্রসার সবচেয়ে বেশি। তরুণ ও মধ্যবয়সীদের মধ্যে নিকোটিন পাউচের ব্যবহার বাড়লেও ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে এর ব্যবহার মাত্র ১ শতাংশ।

উল্লেখ্য, জুলাইয়ের ১ তারিখ থেকে ১৯ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ১ হাজার ২০০ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর এই জরিপ পরিচালনা করে গ্যালপ।