চোখ দিয়ে আমরা পৃথিবীর সৌন্দর্য, প্রিয়জনের মুখ এবং জীবনের অসংখ্য স্মরণীয় মুহূর্ত দেখি। অথচ দৈনন্দিন ব্যস্ততায় চোখের যত্ন অনেক সময় অবহেলিত হয়। গতকাল ছিল বিশ্ব দৃষ্টি দিবস। এবারের প্রতিপাদ্য ছিল ‘আপনার চোখকে ভালোবাসুন’। চোখের জন্য যা করতে পারেন—
ভালো দেখতে পেলেই চোখ সম্পূর্ণ সুস্থ—এমন নয়। কিছু চোখের রোগ শুরুতে কোনো লক্ষণ ছাড়াই থাকতে পারে। বয়স, স্বাস্থ্যঝুঁকি ও পারিবারিক ইতিহাস অনুযায়ী চক্ষু বিশেষজ্ঞের পরামর্শে চোখ পরীক্ষা করান। রোগের প্রাথমিক শনাক্তকরণ সময়মতো চিকিৎসার সুযোগ তৈরি করে।
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ চোখের রোগের ঝুঁকি বাড়াতে পারে। বিশেষ করে ডায়াবেটিস রেটিনার রক্তনালি ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই চিকিৎসকের নির্দেশনা মেনে রোগ নিয়ন্ত্রণে রাখুন এবং নির্ধারিত সময়ে চোখ পরীক্ষা করান।
দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটার ব্যবহারে চোখ ক্লান্ত হতে পারে। ২০-২০-২০ নিয়ম অনুসরণ করুন। অর্থাৎ প্রতি ২০ মিনিট পর প্রায় ২০ ফুট দূরের কোনো কিছুর দিকে অন্তত ২০ সেকেন্ড তাকান। এই সহজ অভ্যাস চোখের ক্লান্তি কমাতে সাহায্য করতে পারে।
সুষম খাবার খান এবং নিয়মিত শরীরচর্চা করুন। খাদ্যতালিকায় সবুজ শাকসবজি ও পুষ্টিকর খাবার রাখুন। এসব অভ্যাস ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে, যা চোখের স্বাস্থ্যেও প্রভাব ফেলে।
ধূমপান ছানি ও বয়সজনিত ম্যাকুলার অবক্ষয়ের ঝুঁকি বাড়ায় এবং দৃষ্টি স্নায়ুর ক্ষতি করতে পারে। চোখসহ সামগ্রিক স্বাস্থ্যের সুরক্ষায় ধূমপান ছেড়ে দিন; প্রয়োজনে চিকিৎসকের সহায়তা নিন।
রোদে এমন সানগ্লাস ব্যবহার করুন, যা ৯৯ থেকে শতভাগ আলট্রাভায়োলেট এ ও বি রশ্মি প্রতিরোধ করে। ঝুঁকিপূর্ণ কাজ বা খেলাধুলার সময় উপযুক্ত সুরক্ষা চশমা পরুন।
লেন্স পরা বা খোলার আগে হাত ধুয়ে নিন। নির্দেশনা অনুযায়ী লেন্স পরিষ্কার, জীবাণুমুক্ত ও পরিবর্তন করুন। এসব অভ্যাস চোখের সংক্রমণের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ।
হঠাৎ অনেক কালো বিন্দু ভাসতে থাকা, আলোর ঝলকানি দেখা বা দৃষ্টির ওপর পর্দার মতো ছায়া নেমে আসা রেটিনা বিচ্ছিন্ন হওয়ার লক্ষণ হতে পারে। এমন হলে অবিলম্বে চক্ষুবিশেষজ্ঞ বা হাসপাতালের জরুরি বিভাগে যান।
পরিবারের শিশু ও প্রবীণদের চোখের যত্নে উৎসাহিত করুন। প্রয়োজনীয় চিকিৎসাসেবা পেতে সাহায্য করুন এবং দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের জন্য সহায়ক পরিবেশ গড়ে তুলুন।
ডা. মো. আরমান হোসেন রনি, কনসালট্যান্ট (চক্ষু), দীন মোহাম্মদ আই হসপিটাল, সোবহানবাগ, ঢাকা