হোম > স্বাস্থ্য > চিকিৎসকের পরামর্শ

মুখের দুর্গন্ধ যখন দুশ্চিন্তার কারণ

ডা. শারমীন জামান

ছবি: সংগৃহীত

মুখের দুর্গন্ধ এমন একটি সমস্যা, যা জীবনের কোনো না কোনো সময় প্রায় প্রত্যেকেই অনুভব করে। কারও ক্ষেত্রে এটি সাময়িক, আবার কারও জন্য প্রতিদিনের অস্বস্তির কারণ। অনেক সময় মুখের দুর্গন্ধ এতটাই তীব্র হয় যে অন্যের সঙ্গে কথা বলা, মেলামেশা কিংবা সামাজিক সম্পর্কেও এর নেতিবাচক প্রভাব পড়ে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় মুখের দুর্গন্ধকে বলা হয় হ্যালিটোসিস। মুখের দুর্গন্ধ অনেকের কাছে সাধারণ সমস্যা মনে হয়। ফলে এর গুরুত্ব দেন না। অথচ কখনো কখনো এটি দাঁত ও মাড়ির রোগ কিংবা শরীরের অন্য কোনো স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে। তাই মুখে দুর্গন্ধ কেন হয়, কখন এটি দুশ্চিন্তার কারণ এবং কীভাবে প্রতিরোধ করা যায়, তা জানা জরুরি।

মুখে দুর্গন্ধ হয় কেন

মুখের দুর্গন্ধের সাধারণ কারণ হলো মুখের ভেতরে ব্যাকটেরিয়ার উপস্থিতি, দাঁতে জমে থাকা খাদ্যকণা এবং মুখ ও দাঁতের অপরিচ্ছন্নতা। তবে এর বাইরেও বেশ কিছু কারণে মুখে দুর্গন্ধ হতে পারে।

  • ধূমপান ও তামাক: ধূমপান ও তামাকজাত দ্রব্য মুখে একধরনের অস্বস্তিকর গন্ধ তৈরি করে। পাশাপাশি এগুলো মুখের শুষ্কতা ও মাড়ির রোগের ঝুঁকি বাড়ায়, যা দুর্গন্ধের সমস্যা আরও তীব্র করতে পারে।
  • দাঁতে জমে থাকা খাদ্যকণা: খাওয়ার পর দাঁতের ফাঁকে খাদ্যকণা আটকে থাকলে ব্যাকটেরিয়া সেগুলো ভেঙে দুর্গন্ধযুক্ত পদার্থ তৈরি করে। বিশেষ করে নিয়মিত ব্রাশ ও ফ্লস ব্যবহার না করলে এ সমস্যা বাড়তে পারে।
  • পেঁয়াজ ও রসুনজাতীয় খাবার: কাঁচা পেঁয়াজ ও রসুন খাওয়ার পর মুখে দুর্গন্ধ হতে পারে। এসব খাবারের কিছু গন্ধযুক্ত যৌগ হজমের পর রক্তে শোষিত হয়ে ফুসফুসের মাধ্যমে নিশ্বাসের সঙ্গে বেরিয়ে আসে। ফলে দাঁত ব্রাশ করার পরও কিছু সময় গন্ধ থাকতে পারে।
  • মুখের শুষ্কতা: লালা মুখ পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি খাদ্যকণা সরিয়ে নিতে এবং ব্যাকটেরিয়ার প্রভাব কমাতে সাহায্য করে। কোনো রোগ, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কিংবা অন্য কারণে লালার নিঃসরণ কমে গেলে মুখ শুষ্ক হয়ে যায়। তখন দুর্গন্ধের প্রবণতা বাড়তে পারে।
  • দাঁত ও মাড়ির রোগ: দাঁতের ক্ষয়, মাড়ির ব্যথা, দাঁতের গোড়ায় সংক্রমণ কিংবা দাঁতে প্লাক ও ক্যালকুলাস বা পাথর জমে থাকলে মুখে দুর্গন্ধ হতে পারে। মুখের ঘা, অস্ত্রোপচারের পর সংক্রমণ কিংবা মুখগহ্বরের অন্যান্য সমস্যাও এর কারণ হতে পারে।

জিব ও টনসিলের সমস্যা: জিবের পেছনের অংশে ব্যাকটেরিয়া ও ময়লা জমে দুর্গন্ধ তৈরি হতে পারে। এ ছাড়া টনসিলে বারবার প্রদাহ কিংবা টনসিল স্টোন থাকলেও মুখে দুর্গন্ধ হতে পারে।

অন্যান্য শারীরিক সমস্যা

সাইনাসের দীর্ঘস্থায়ী ব্যথা, শ্বাসতন্ত্রের কিছু সংক্রমণ, অ্যাসিড রিফ্লাক্সসহ নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যার কারণেও নিশ্বাসে দুর্গন্ধ হতে পারে। কিডনি বা লিভারের গুরুতর রোগে কখনো কখনো নিশ্বাসের গন্ধে পরিবর্তন দেখা যায়। তবে মুখের দুর্গন্ধের বেশির ভাগ কারণই মুখগহ্বরের ভেতরে থাকে।

  • ডায়াবেটিস: ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মাড়ির রোগের ঝুঁকি বেশি থাকে। ফলে তাদের মুখে দুর্গন্ধ হতে পারে। আবার অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের গুরুতর জটিলতা ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে নিশ্বাসে ফলের মতো বা অ্যাসিটোনের গন্ধ হতে পারে। এ জন্য জরুরি চিকিৎসা প্রয়োজন।

কখন চিকিৎসকের কাছে যাবেন

মুখের দুর্গন্ধ দীর্ঘদিন ধরে চলতে থাকলে কিংবা নিয়মিত দাঁত পরিষ্কার করার পরও না কমলে একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে মুখের দুর্গন্ধের সঙ্গে মাড়ি থেকে রক্ত পড়া, মাড়ি ফুলে যাওয়া, দাঁতে ব্যথা, দাঁত নড়ে যাওয়া, মুখে দীর্ঘস্থায়ী ঘা কিংবা মুখ অতিরিক্ত শুষ্ক থাকার মতো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের কাছে যেতে হবে।

মুখের কোনো ঘা দুই সপ্তাহের বেশি স্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ, কিছু ক্ষেত্রে মুখের দীর্ঘস্থায়ী ঘা বা অস্বাভাবিক পরিবর্তন গুরুতর রোগের লক্ষণ হতে পারে।

মুখের দুর্গন্ধের চিকিৎসা

মুখের দুর্গন্ধের চিকিৎসা নির্ভর করে এর মূল কারণের ওপর। সমস্যাটি মুখের ভেতরে হলে ডেন্টাল সার্জন দাঁত, মাড়ি, জিব ও মুখগহ্বর পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দেবেন।

  • দাঁতে প্লাক বা ক্যালকুলাস জমে থাকলে কিংবা মাড়ির প্রদাহ থাকলে স্কেলিংসহ প্রয়োজনীয় চিকিৎসার দরকার হতে পারে। দাঁতের ক্ষয় বা সংক্রমণ থাকলে সেটিরও চিকিৎসা করাতে হবে।
  • কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট মাউথওয়াশ বা টুথপেস্ট ব্যবহার করা যেতে পারে। তবে শুধু মাউথওয়াশ ব্যবহার করে সব ধরনের মুখের দুর্গন্ধ দূর করা সম্ভব নয়। কারণ দূর না করে সাময়িকভাবে গন্ধ ঢেকে রাখলে সমস্যাটি থেকে যেতে পারে।
  • ডেন্টাল সার্জন যদি মনে করেন, মুখের দুর্গন্ধের পেছনে অন্য কোনো শারীরিক সমস্যা রয়েছে, তাহলে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠাতে পারেন।

মুখের দুর্গন্ধ প্রতিরোধে করণীয়

মুখের দুর্গন্ধ দূর করতে চিকিৎসার পাশাপাশি প্রতিদিনের কিছু অভ্যাস পরিবর্তন জরুরি। বেশির ভাগ ক্ষেত্রে মুখ ও দাঁতের সঠিক যত্নের মাধ্যমে এ সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

  • নিয়মিত দাঁত ব্রাশ: প্রতিদিন অন্তত দুবার, দুই মিনিট করে ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করুন। রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করা জরুরি।
  • ফ্লস ব্যবহার: দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা ও প্লাক পরিষ্কার করতে প্রতিদিন অন্তত একবার ডেন্টাল ফ্লস বা উপযুক্ত ইন্টারডেন্টাল ক্লিনার ব্যবহার করুন।
  • জিব পরিষ্কার: জিবের ওপর ব্যাকটেরিয়া, খাদ্যকণা ও মৃত কোষ জমতে পারে। তাই নিয়মিত আলতোভাবে টাং স্ক্র্যাপার বা টুথব্রাশ দিয়ে জিব পরিষ্কার করুন।
  • ডেনচার ও অন্যান্য ডেন্টাল উপকরণ পরিষ্কার: যাঁরা ডেনচার, ব্রিজ, ক্যাপ বা মাউথগার্ড ব্যবহার করেন, তাঁদের চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী এগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
  • টুথব্রাশ পরিবর্তন: সাধারণত তিন থেকে চার মাস পরপর টুথব্রাশ পরিবর্তন করা উচিত। তবে ব্রাশের আঁশ নষ্ট হয়ে গেলে এর আগেই পরিবর্তন করতে হবে।
  • পর্যাপ্ত পানি পান: মুখের শুষ্কতা দূর করতে পর্যাপ্ত পানি পান করুন। প্রয়োজনে চিনিমুক্ত চুইংগাম চিবানো যেতে পারে, যা লালার প্রবাহ বাড়াতে সাহায্য করে।

  • ধূমপান ও তামাক বর্জন: মুখের দুর্গন্ধ কমানোর পাশাপাশি দাঁত, মাড়ি ও সামগ্রিক স্বাস্থ্যের সুরক্ষায় ধূমপান এবং সব ধরনের তামাকজাত দ্রব্য পরিহার করুন।
  • খাদ্যাভ্যাসে সচেতনতা: কাঁচা পেঁয়াজ, রসুন বা যেসব খাবার খেলে মুখে দুর্গন্ধ হয়, সেগুলো খাওয়ার পর মুখ পরিষ্কার করুন। অতিরিক্ত চিনিযুক্ত ও আঠালো খাবার কম খান। চা-কফির অতিরিক্ত অভ্যাসও কমিয়ে আনুন, বিশেষ করে এগুলো খেলে মুখ শুষ্ক হয়ে গেলে।
  • নিয়মিত দাঁতের পরীক্ষা: দাঁত ও মাড়ির সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ডেন্টাল চেকআপ করান। অনেকের ক্ষেত্রে ছয় মাস অন্তর পরীক্ষা উপকারী হতে পারে, তবে সবার জন্য একই ব্যবধান প্রয়োজন হয় না।
  • মুখের দুর্গন্ধ শুধু ব্যক্তিগত অস্বস্তির বিষয় নয়, কখনো কখনো এটি শারীরিক অসুস্থতার সতর্কসংকেতও হতে পারে। তাই দীর্ঘদিন ধরে মুখে দুর্গন্ধ থাকলে কেবল মাউথওয়াশ বা সুগন্ধিযুক্ত খাবারের ওপর নির্ভর না করে এর প্রকৃত কারণ খুঁজে বের করা জরুরি।
  • মনে রাখতে হবে, সুস্থ দাঁত ও মাড়ি শুধু সুন্দর হাসির জন্য নয়, আত্মবিশ্বাস এবং সামগ্রিক সুস্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ। নিয়মিত মুখের যত্ন, স্বাস্থ্যকর অভ্যাস এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শই পারে মুখের দুর্গন্ধজনিত অস্বস্তি অনেকাংশে দূর করতে।

লেখা ডা. শারমীন জামান: ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন , ফরাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার, ঢাকা